প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারে এদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানে বাংলাদেশের রপ্তানি ৫৯৭.৮৩ মিলিয়ন ডলারে পৌঁছে। আর তাতে ৩৮.১১ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে। অন্য অপ্রচলিত বাজারগুলোর মধ্যে মালয়েশিয়ায় ১০০.২১ শতাংশ উচ্চ প্রবৃদ্ধি হয়েছে, মেক্সিকোতে ৪৯.৬৮ শতাংশ, ভারতে ৪৮.৭৮ শতাংশ, ব্রাজিলে ৪৪.৫৩ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ৩০.৩৫ শতাংশ। ইপিবি এবং বিজেএমইএ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় বৈশ্বিক মন্দায়ও প্রতিযোগী দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়নে দেশের পোশাক রপ্তানি ১৬.২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮১ কোটি থেকে ৯০৭ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বাজার জার্মানিতে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ২৭১ কোটি মার্কিন ডলারে পৌঁছে। প্রবৃদ্ধি হয়েছে ১.৮৮ শতাংশ। আর স্পেন ও ফ্রান্সেও রপ্তানি বেড়েছে যথাক্রমে ১৯.১৫ ও ৩৮.৮৭ শতাংশ।
সূত্র জানায়, দেশের তৈরি পোশাক রপ্তানির ইউরোপীয় ইউনিয়নের অন্য প্রধান দেশগুলো ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও সুইডেনে রপ্তানি। ওসব দেশে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫০.৯৫, ৪৮.৮৭, ৩৪.৩৯ ও ২২.৯০ শতাংশ। তবে একই সময়ের মধ্যে পোল্যান্ডে বছরওয়ারি রপ্তানিতে ১৯.৬১ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। অবশ্য ওই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ছিল ৩৪৭ কোটি ডলার, যার কারণে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৪.০৭ শতাংশ। তাছাড়া যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১১.৭১ ও ৩০.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অপ্রচলিত বাজারে রপ্তানি ২৪৭ কোটি ডলার থেকে বেড়ে ৩১৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।
এদিকে এ প্রসঙ্গে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, করোনা পরবর্তীতে কিভাবে রপ্তানি আরো বাড়ানো যায় ওই লক্ষ্যে উদ্যোক্তাদের বাড়তি প্রচেষ্টা ছিল। সেজন্য প্রধান গন্তব্য দেশগুলোর পাশাপাশি অপ্রচলিত বাজারেও রপ্তানি সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেয়া হয়। সব কিছু মিলিয়ে উদ্যোক্তারা রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনীতিতে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। তবে আশা করা যায় অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলে বাংলাদেশের পোশাক রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাবে।