যাত্রী সঙ্কটে বন্ধ করে হয়ে গেছে সরকারি প্যাডেল স্টিমার। পর্যটকরা বিআইডব্লিউটিসির স্টিমার বহরে থাকা ৫টি প্যাডেল স্টিমারে ভ্রমণ খুবই পছন্দ করতো। কিন্তু সম্প্রতি ঢাকাণ্ডমোরেলগঞ্জ-ঢাকা প্যাডেল স্টিমার সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দুটি জাহাজ এমভি বাঙালি ও মধুমতি চলাচল করতো। ওসব স্টিমার ঢাকা থেকে ছেড়ে এসে চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, কাউখালী, হুলারহাট, চরখালী, বড় মাছুয়া, সন্যাসী ও মোরেলগঞ্জে যাত্রী পরিবহন করতো। কিন্তু ইদানীং ওসব স্টিমারে যাত্রী কমে গেছে। তাতে লোকসান বাড়ছে। যে কারণে প্যাডেল সার্ভিস টিকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না।
সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারি একমাত্র প্যাডেল স্টিমারই মোরেলগঞ্জ পর্যন্ত যাত্রী পরিবহন করতো। ওই স্টিমার সপ্তাহে মাত্র ২ দিন সার্ভিস দিলেও মোরেলগঞ্জ থেকে যাত্রীরা সহজেই মালামাল নিয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারতো। এক সময়ে খুলনা পর্যন্ত সরকারি প্যাডেল স্টিমারের সার্ভিস ছিল। পরবর্তী সময়ে তা মোরেলগঞ্জ পর্যন্ত রাখা হয়। সরকারি প্যাডেল স্টিমার সার্ভিস বন্ধ থাকায় ও মোরেলগঞ্জ থেকে কোনো বেসরকারি নৌযান লঞ্চ পরিচালনা না করায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৈরী আবহাওয়ায় উত্তাল নদীতে যাতায়াতে যাত্রীরা বেসরকারি লঞ্চের চেয়ে সরকারি নৌযানের ওপর বেশি ভরসা করতো।
সূত্র জানায়, ঐতিহ্যবাহী সরকারি প্যাডেল স্টিমারগুলো ১৯৩৫ থেকে ১৯৪৮ সালের মধ্যে নির্মিত। তবে ১৯৯৫ সালে সেগুলোকে পুনরায় সংস্কার করা হয়। বিআইডব্লিউটিসির নৌ-সার্ভিসে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাত্রী পরিবহনে ৬টি স্টিমার ছিল। সেগুলো হলো এমভি বাঙালি, মধুমতি, অস্ট্রিচ, পিএস মাহসুদ, টার্ন ও লেপচা। ব্রিটিশ আমলে নির্মিত ওসব প্যাডেল স্টিমারগুলোতে ঐতিহ্য, পর্যটন, মৌসুমে নিরাপদ যাত্রী পরিবহনের কথা বিবেচনায় রেখে ট্রিপে রাখা হয়েছিল। তাছাড়া বরিশাল থেকে খুলনা পর্যন্ত ৬টি স্টেশনের যাত্রীদের সহজ চলাচলের জন্য ওই জাহাজগুলো চলাচল করে আসছিল। যদিও সরকারি জাহাজের অব্যবস্থাপনা, সময়সূচিতে যাত্রীদের বিড়ম্বনা, ঘাটগুলোর বেহালদশা, তিন শ্রেণির কেবিনের বেহালদশা ছিল। তারপরও প্যাডেল স্টিমার বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের পাশাপাশি নিয়মিত যাত্রীদের দুর্ভোগ বাড়বে।