বোটলিং সক্ষমতার অভাবে বাড়তি এলপিজি নিয়ে বিপাকে রয়েছে দেশের একমাত্র পেট্রোলিয়াম জ¦ালানি উৎপাদনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। সংস্থাটির উৎপাদিত এলপিজি বাজারজাত করা না গেলে স্টোরেজ পূর্ণ হওয়ার পর উৎপাদিত এলজিপি পুড়িয়ে ফেলতে হবে। ইতোমধ্যে এলপি গ্যাস কর্তৃপক্ষ বোটলিং (বোতলজাত) করার অতিরিক্ত এলপিজি বাল্কে বিক্রির উদ্যোগ নিয়েছে। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদন পাওয়া গেলেই বাল্কে বিক্রি শুরু করা হবে। তা না হলে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ রাখতে হবে। কারণ ইআরএলের এলজিপির উৎপাদন সক্ষমতা বাড়লেও বোতলজাত করা সরকারি আরেক প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) বোটলিং সক্ষমতা বাড়েনি। আর সেজন্যই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, অপরিশোধিত জ¦ালানি তেল (ক্রুড অয়েল) প্রক্রিয়াজাত করার সময় ইআরএলে উপজাত হিসেবে এলপিজি উৎপাদিত হয়। ১৯৭৮ সালে যমুনা অয়েল কোম্পানি ওসব গ্যাস স্টোরেজ ও বোটলিং প্ল্যান্ট তৈরি করে। পরে ওই প্ল্যান্টটি এলপি গ্যাস লিমিটেড হিসেবে আলাদা কোম্পানির নামে নিবন্ধিত হয়। তারপর থেকে দৈনিক কমবেশি ৫০ মেট্রিক টন এলপিজি বোতলজাত করে পদ্মা অয়েল কোম্পানি, যমুনা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির (এসএওসিএল) মাধ্যমে বিপণন করা হচ্ছে। মূলত বিপণন কোম্পানিগুলো তাদের নিজস্ব ডিলারদের মাধ্যমে এলপিজি সিলিন্ডারগুলো বিপণন করে। বাজারে প্রাইভেট কোম্পানিগুলোর সিলিন্ডার ১২ কেজির হলেও এলপিজিএলের সিলিন্ডারগুলো সাড়ে ১২ কেজির। বর্তমানে সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ে দাম ৫৯১ টাকা হলেও বিপণন কোম্পানিগুলো থেকে ৫১১ টাকা করে পায় এলপিজিএল। ১৫ লাখ টন ক্রুড পরিশোধন সক্ষমতার ইস্টার্ন রিফাইনারিতে বছরে প্রায় ১২ হাজার টন এলপিজি উৎপাদন হয়। আর ওসব এলপিজি নিয়মিত এলপিজিএলকে দিয়ে দেয় ইস্টার্ন রিফাইনারি। সম্প্রতি দেশে চাহিদা অধিক বেড়ে যাওয়ায় এলপিজি উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেয় ইআরএল। দ্বিতীয় ইউনিট করতে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি। তাতে এলপিজির উৎপাদন আগের চেয়ে ৪০ শতাংশ বেড়ে যাবে।
সূত্র জানায়, ইস্টার্ন রিফাইনারি বাড়তি এলপিজি নিয়ে বিপাকে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে গত জানুয়ারি থেকে অতিরিক্ত কাজ করে রাত সাড়ে ৮টা পর্যন্ত বোতলজাত কার্যক্রম বাড়িয়ে দেয়া হয়েছে। তাতেও প্রতিষ্ঠানটি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে বর্তমানে সক্ষমতার অতিরিক্ত এলপিজি বাল্কে বেসরকারি প্ল্যান্ট মালিকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই লক্ষ্যে ইতোমধ্যে বাল্কে এলপিজি বিক্রির জন্য দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছে এলপি গ্যাস কর্তৃপক্ষ। তবে বাল্কে এলপিজি বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এলপি গ্যাস পরিবেশক সমিতি। সমিতির পক্ষ থেকে বাল্কে এলপিজি বন্ধের আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীকে চিঠিও দেয়া হয়েছে।
সূত্র আরো জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৭ ট্রাক (প্রতি ট্রাকে ২৩৮টি সিলিন্ডার) এলপিজি সরবরাহ করা হতো। সপ্তাহে ৫ দিন ওই কার্যক্রম চলে। তাতে দিনে প্রায় ৫০ টন হিসেবে সপ্তাহে সাড়ে ৩শ টন এলপিজি সরবরাহ হতো। কিন্তু জানুয়ারি থেকে দিনে ২৪ ট্রাক সরবরাহ দেয়া হচ্ছে। ফলে দিনে ৭১ টনের মতো এলপিজি বোতলজাত করে সরবরাহ দিয়ে আসছে এলপিজিএল। সেজন্য প্রতিষ্ঠানটির ৩০-৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত ওভার টাইম দিতে হয়। বর্তমানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি পর্যায়ে ১২ কেজির এলজিপির দাম ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করেছে। গত ৪ মার্চ থেকে ওই দাম কার্যকর হয়। প্রতি লিটার এলপিজির দাম নির্ধারণ করা হয় ৬৪ টাকা ৭৮ পয়সা। অথচ গ্রাহক পর্যায়ে সাড়ে ১২ কেজির বিপিসির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ৫৯১ টাকা।
এদিকে বাল্কে এলপিজি বিক্রির বিষয়ে এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি খোরশেদুর রহমান জানান, এলপি গ্যাস লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর অনিয়ন্ত্রিত বাজার নিয়ন্ত্রণের জন্য এলপি গ্যাস লিমিটেডের ভূমিকা রয়েছে। বর্তমানে এলপি গ্যাস নিজেদের সক্ষমতা না বাড়িয়ে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এলপিজি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। অথচ ৩৩ কেজি ও ৪৫ কেজির সিলিন্ডারে বোতলজাত করা হলে বাল্কে বিক্রির প্রয়োজন হতো না। প্রাইভেট কোম্পানিগুলোর এমনিতেই বাজারে আধিপত্য রয়েছে, এখন এলপি গ্যাস কোম্পানি তাদের এলপিজি বাল্কে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করলে ডিলাররা বঞ্চিত হবে, ক্রেতারা ঠকবেন।
অন্যদিকে এ বিষয়ে এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ জানান, এলপিজিএলের তিনশ মেট্রিক টনের মতো স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। নিয়মিতভাবে ইস্টার্ন রিফাইনারি থেকে যেসব এলপিজি পাওয়া যায় সেগুলো বোতলজাত করে বিপণন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরবরাহ করা হয়। এখন ইস্টার্ন রিফাইনারি আগের চেয়ে বেশি এলপিজি সরবরাহ করছে। পরিস্থিতি সামাল দিতে গত জানুয়ারি থেকে অতিরিক্ত কাজ করা হচ্ছে। প্ল্যান্ট রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু রাখা হচ্ছে। এভাবে চলতে পারে না। কারণ একজন শ্রমিক পুরো বছর ওভারটাইম করতে পারবে না। আর ওভারটাইম করতে করতে কোনো শ্রমিক অসুস্থ হলে এর দায় কে নেবে? তাছাড়া এলপিজিএলের মেশিনগুলোও অনেক পুরোনো।
এ ব্যাপারে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লোকমান হোসেন জাগো নিউজকে জানান, দেশে দিন দিন এলপিজির চাহিদা বাড়ছে। সেজন্য ইস্টার্ন রিফাইনারির বিদ্যমান কাঠামোর মধ্যেই এলপিজি উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে। আগে ইআরএলে বছরে ১২ হাজার টন এলপিজি উৎপাদন হতো। এখন উৎপাদন ৪০ শতাংশ বেড়ে প্রায় ১৭ হাজার টনের কাছাকাছি পৌঁছে যাবে। ইআরএলের উৎপাদিত এলপিজি বিপিসির আরেক অঙ্গপ্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডকে সরবরাহ করা হয়। এলপি গ্যাস বোতলজাত করে বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে বাজারে ছাড়ে। এলপি গ্যাস বোতলজাত করার পর অবশিষ্ট গ্যাস বাল্কে বিক্রির একটি পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে বিষয়টির অনুমোদনের বিপিসিকে চিঠিও দিয়েছে। আশা করা যায় বাল্কে বিক্রির অনুমোদন সহসা পেয়ে গেলে সমস্যা কেটে যাবে।