পানিতে ডুবে মৃত্যুর হার বেড়েই চলেছে। আগের বছরের তুলনায় ২০২১ সালে দেশে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ৬৭ শতাংশ বেড়েছে। গত বছর দেশের বিভিন্ন এলাকায় এভাবে মোট ১ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে, যাদের ৮৩ শতাংশই শিশু। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক সমীক্ষা থেকে পাওয়া যায় এসব তথ্য। গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক বেসরকারি সংস্থা ‘সমষ্টি’র তথ্য অনুযায়ী, ২০২০ সালে যেখানে এ ধরনের ঘটনায় ৮০৭ জনের মৃত্যু হয়েছিল, সেখানে ২০২১ সালে তা বেড়ে ১ হাজার ৩৪৮ জনে দাঁড়ায়। এ দুই বছরে ১৮ বা তার কম বয়সী ১ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। সমষ্টি’র সমীক্ষায় দেখা গেছে, পানিতে ডুবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে। পরের অবস্থানে আছে ঢাকা বিভাগ। সবচেয়ে বেশি মারা গেছে নেত্রকোণা জেলায়। এরপরের অবস্থানে আছে নোয়াখালী ও কুমিল্লা। সবচেয়ে কম মৃত্যু হয়েছে শরীয়তপুরে। পরিসংখ্যান বিশ্লেষণে জানা যায়, গেল দুই বছর পানিতে ডুবে মৃত্যুর অধিকাংশ ঘটনা ঘটে অগাস্ট মাসে। পানিতে ডুবে মৃত্যুর ১০ ভাগের এক ভাগ ঘটেছে নৌ দুর্ঘটনায়। পারিবারিক অসতর্কতা বা শিশুদের প্রতি নজরদারি না থাকার কারণেই অধিকাংশ মৃত্যু হয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সকাল থেকে দুপুরের মধ্যে মৃত্যুর ঘটনা বেশি। ২০২১ সালের মার্চের শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ উপজেলায় সমীক্ষা চালিয়ে জিএইচএআই ও সমষ্টি দেখেছে, পানিতে ডুবে মৃত্যুর ৪৭ শতাংশ তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অন্য আরেকটি সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে প্রায় ১৮ হাজার মানুষ মারা যায়। যার মধ্যে গড়ে প্রতিদিন মারা যায় ৪০টি শিশু। জনসংখ্যার অনুপাতে এটি বিশ্বে সর্বোচ্চ শিশুমৃত্যুর রেকর্ড। পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। তবে হতাশার বিষয় হচ্ছে যারা প্রাণে বেঁচে যান, তারা পরবর্তীতে যেসব শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হন তাদের নিয়ে কোনও আলোচনা নেই। এমনকি এ বিষয়ে সরকারি-বেসরকারি কোনও সুনির্দিষ্ট উদ্যোগও নেই। দ্য সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশে (সিআইপিআরবি) এর তথ্য মতে, পানিতে ডুবে বাংলাদেশে অন্তত এক লাখ শিশু আহত হয় এবং তাদের মধ্যে প্রায় ১৩ হাজারই পরে পঙ্গু হয়ে যায়। এছাড়া জেলা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা কিছু প্রতিষ্ঠানের তথ্য মতে, পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও পরবর্তী সময়ে অনেক শিশু খিচুনি, এজমা, কানে কম শুনা প্রভৃতি শারীরিক সমস্যায় ভোগেন।
এদিকে পানিতে ডুবে মৃত্যু নিয়ে জাতীয়ভাবে সর্বশেষ জরিপটি হয়েছে ২০১৬ সালে। স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের সহযোগিতায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) ওই জরিপের তথ্য অনুযায়ী, প্রতিবছর সব বয়সী প্রায় ১৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে ১৪ হাজার ৫০০ জনই ১৮ বছরের কম বয়সী শিশু। অন্যভাবে বলা যায়, বাংলাদেশে গড়ে প্রতিদিন অনূর্ধ্ব ১৮ বছরের প্রায় ৪০ শিশু পানিতে ডুবে মারা যায়। পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই সংখ্যা প্রতিদিন প্রায় ৩০।
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সরকারি পর্যায়ে বা জাতীয়ভাবে দৃশ্যমান কোনো উদ্যোগ ছিল না। তবে সরকার এখন বিষয়টির ওপর গুরুত্ব দিতে শুরু করেছে। শিশুদের পানিতে ডুবে মৃত্যু রোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৩০৯ কোটি ৮৯ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে। তিন বছর মেয়াদি এ প্রকল্পের অধীনে ১৬ জেলার ৪৫টি উপজেলায় পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই লাখ শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। ছয় থেকে ১০ বছরের শিশুদের বিশেষ পদ্ধতিতে শেখানো হবে সাঁতার। কর্মজীবী নারীদের শিশুসন্তানের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যত্নসহকারে লালন-পালনের জন্য আট হাজার ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, পানিতে ডুবে শিশুমৃত্যুর মূলে রয়েছে সচেতনতার অভাব। এ বিষয়ে কিছু সরকারি কার্যক্রম চলমান রয়েছে। তবে এসব কার্যক্রম আরও জোরালো করা দরকার। পাশাপাশি বেসরকারিভাবে যেসব প্রতিষ্ঠান এ বিষয়ে কাজ করে তাদের সরকারিভাবে সহযোগিতা করা প্রয়োজন। বিশেষ করে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য কার্যক্রমকে সরকারিভাবে পাইলট প্রকল্প আকারে প্রমোট করা যেতে পারে। তারা আরও বলছেন, যেহেতু পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিয়ে এখনো খুব বেশি সচেতনতা তৈরি হয়নি, তাই আপাতত মৃত্যুর ভয়াবহতার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে সরকারি-বেসরকারিভাবে। কিন্তু পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা শিশুদের পরবর্তী মানসিক ও শারীরিক প্রভাবও কম নয়। তাই আহতদের বিষয়েও কাজ করা প্রয়োজন।
এদিকে, দেশে পানিতে ডুবে মৃত্যুর হিসেব সেভাবে রাখার কোনও ব্যবস্থা নেই। কেউ পুলিশেও রিপোর্ট করে না। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পক্ষ থেকে এ-সংক্রান্ত রিপোর্টিং সিস্টেম চালু করা যেতে পারে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু রেকর্ড করা যেতে পারে। প্রয়োজনে স্কুলভিত্তিকও এ ধরনের রেকর্ড রাখার পদ্ধতি চালু করা যেতে পারে। এর ফলে সঠিক পরিসংখ্যান জানা গেলে, সেই অনুযায়ী সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেয়া সহজ হবে। আর যেহেতু এসব কার্যক্রম এখনো প্রস্তাবনার পর্যায়ে রয়েছে, আহত হওয়া শিশুদের সহায়তার বিষয়টিও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।
এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বিশ্বের অন্যান্য দেশেও নানা ধরনের ঘটনা ঘটে থাকে। তবে সেখানে প্রতিরোধমূলক আইন আছে, অ্যাড্রেস করার মত, দেখার মত; সন্তোষজনক না হলে একটা অবস্থা আছে; যেটা আমাদের এখানে গাফিলতি বা অনুপস্থিত অনেক বেশি। মন্ত্রী এম এ মান্নান পানিতে ডুবে মৃত্যু রোধে সকলকে সম্মালিতভাবে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে মৃত্যু সংখ্যা কমে আসবে।