বায়ুদূষণের পেছনে অনেক কারণ রয়েছে। ফলে এই সমস্যা সমাধানে একটি সামগ্রিক চিন্তা ও পরিকল্পনা জরুরি। দূষিত বায়ু জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূলিকণা মানবদেহের ভেতরে ঢুকে ফুসফুসে গেঁথে থাকে এবং একনাগাড়ে এসব উপাদানের ভেতর দিয়ে চলাচল করলে হৃদ্রোগ, হাঁপানি ও ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁঁকি থাকে। সরকারের বিভিন্ন বিভাগ ও কর্তৃপক্ষ সমন্বিতভাবে কোনো উদ্যোগ নিতে না পারলে পরিস্থিতি সামনের দিনগুলোতে ভয়াবহ আকার ধারণ করবে।
নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বের সবচেয়ে বায়ুদূষণের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। বিশ্ব বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের প্রতিবেদন অনুযায়ী ২ জানুয়ারি রোববার দুপুর ১২টায় বায়ুমান সূচকে ২০৮ স্কোর নিয়ে খুবই অস্বাস্থ্যকর হয়ে ওঠে রাজধানীর বাতাস। বিকাল ৩টায় স্কোর বেড়ে হয় ২২৪। দূষণে ফের শীর্ষ দূষিত বিশ্বের ৯১ শহরের মধ্যে ১ নম্বরে উঠে আসে ঢাকার নাম। কয়েক বছর ধরে বায়ুদূষণে বারবার শিরোপা অর্জনের কৃতিত্ব দেখাচ্ছে ঢাকা মহানগরী। ডিসেম্বরেও একবার বায়ুদূষণে ১ নম্বর স্থানে ওঠে দেড় কোটি মানুষের এ মহানগরী। সন্দেহ নেই, দূষণের দুর্নাম রোধে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদ্যোগের অভাব নেই। কিন্তু তা সফল হচ্ছে না দূষণ রোধের দায়িত্বপ্রাপ্ত সাদা হাতিদের কুম্ভকর্ণের ঘুমের কারণে। দূষণ রোধের দায়িত্বপ্রাপ্ত বায়ুদূষণের সবচেয়ে বড় উৎস তিনটি। এগুলো হলো অনিয়ন্ত্রিত নির্মাণ, যানজট ও ইটভাটা। নগরীজুড়ে বর্তমানে চলা বিশাল নির্মাণ কর্মযজ্ঞের ফলে বাড়ছে বায়ুদূষণ। নগরী এলাকার বাইরের নির্মাণকাজ চলছে পুরোপুরি নিয়ন্ত্রণহীনভাবে। এসব ধুলোদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনের কোনো ভূমিকা নেই।
শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুযায়ী ঢাকায় মানুষের গড় আয়ু বায়ুদূষণের কারণে কমছে। বায়ুদূষণ মানুষের আয়ু কেড়ে নিলেও তা রোধের কোনো পদক্ষেপ নেই বললেই চলে। একদিকে শব্দদূষণ অন্যদিকে বায়ুদূষণ ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলছে। যানজট আর নকল-ভেজালের নগরী হিসেবে এ মহানগরীর দুর্নাম তো অক্ষতই রয়ে গেছে। দেড় কোটি মানুষের স্বার্থে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। বায়ুদূষণ রোধে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে সতর্ক হতে হবে সবকিছুর আগে। পরিবেশ অধিদপ্তরের কর্তাব্যক্তিদের বুঝতে হবে দূষিত নগরীর শিরোপা অর্জন গর্বের নয়, লজ্জার।
বোস্টনভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের বৈশ্বিক বায়ু পরিস্থিতি ২০১৭ প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি বায়ুদূষিত শহরের তালিকায় ঢাকার স্থান দ্বিতীয়। এতেই বোঝা যায়, বায়ুদূষণ নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের খুব একটা মাথাব্যথা নেই। মাথাব্যথা থাকলে দেশের বায়ুদূষণের মাত্রা এতটা খারাপ পর্যায়ে পৌঁছাত না।
পরিবেশ অধিদপ্তরের মতে, ঢাকার আশপাশসহ দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। এসব ইটভাটা বায়ুদূষণের জন্য ৫৮ শতাংশ দায়ী। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে তোলা হচ্ছে এসব ইটভাটা। ইটভাটাগুলোতে বেআইনিভাবে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে দূষিত হচ্ছে বায়ু। ছাড়পত্রবিহীন এসব ইটভাটা নিয়ন্ত্রণে সরকারের সে অর্থে তেমন কোনো পদক্ষেপ নেই।
বায়ুদূষণের কারণগুলোর মধ্যে ইটভাটার পরই রয়েছে ধুলাবালি। রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন ভবন। কিন্তু এসব স্থাপনা তৈরির সময় মানা হচ্ছে না ইমারত নির্মাণবিধি। ভবন তৈরির সময় সেগুলো কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া বা পানি ছিটিয়ে কাজ করার প্রবণতা একদম নেই। এসব তদারকের কার্যকরী ব্যবস্থা বা নীতিমালার অভাবও লক্ষণীয়। ফলে ধুলা উড়ছে বাতাসে। দূষিত হচ্ছে বায়ু। এ ছাড়া ফুটপাতের উন্নয়ন, ইউলুপ ও উড়ালসেতু নির্মাণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য খোঁড়াখুঁড়ি তো চলছেই। এসব উন্নয়ন প্রত্যাশিত হলেও দেখা যায় কোনো কাজই নির্ধারিত সময়ে শেষ হয় না। ফলে বায়ু দূষিত হচ্ছে। ঢাকা শহরসহ অন্যান্য বড় শহরে অনেক সময় দেখা যায়, ড্রেনের ময়লাগুলো রাস্তার পাশে জমিয়ে রাখা হয়। একসময় এগুলো শুকিয়ে ধূলিকণায় পরিণত হয় এবং পরিবেশ দূষিত করে। আবার সিটি করপোরেশনের ময়লার গাড়িগুলো ময়লা বহনে অধিকাংশ সময় না ঢেকেই বহন করে, ফলে বায়ুদূষণ হয়।
বায়ুদূষণের পেছনে অনেক কারণ রয়েছে। ফলে এই সমস্যা সমাধানে একটি সামগ্রিক চিন্তা ও পরিকল্পনা জরুরি। দূষিত বায়ু জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূলিকণা মানবদেহের ভেতরে ঢুকে ফুসফুসে গেঁথে থাকে এবং একনাগাড়ে এসব উপাদানের ভেতর দিয়ে চলাচল করলে হৃদ্?রোগ, হাঁপানি ও ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁঁকি থাকে। সরকারের বিভিন্ন বিভাগ ও কর্তৃপক্ষ সমন্বিতভাবে কোনো উদ্যোগ নিতে না পারলে পরিস্থিতি সামনের দিনগুলোতে ভয়াবহ আকার ধারণ করবে।
পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, দূষণ কমাতে অবিলম্বে তৎপর না হলে শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যানসারের মতো রোগ আরও বিপজ্জনক আকার নিতে পারে।
আর কে চৌধুরী : মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ, সাবেক চেয়ারম্যান রাজউক, উপদেষ্টা, সেক্টর কমান্ডার্স ফোরাম, প্রতিষ্ঠাতা সভাপতি আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ