সরকার বন্ধ হয়ে যাওয়া সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে চালুর উদ্যোগ নিয়েছে। ওই লক্ষ্যে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ৫টি পাটকল ইজারা দিতে ৫ বেসরকারি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে। ইজারার চুক্তি ৫ থেকে ২০ বছর মেয়াদি হবে এবং পরবর্তীতে চুক্তির সময়সীমা বাড়ানো যাবে। ইৎারাপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো কারখানার জমি, যন্ত্রপাতি এবং সুবিধাদি কেবলমাত্র পাট ও পাটজাত পণ্য উৎপাদনে ব্যবহার করতে পারবে। আর ইজারার শর্তানুযায়ী প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের জন্য পাটকলের সম্পত্তি বন্ধক রাখতে পারবে না। ইজারার জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো ইউনিটেক্স গ্রুপ, সাদ মুসা গ্রুপ, মিমু জুট মিল, বিদেশী বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান বে গ্রুপ এবং যুক্তরাজ্যের জুট রিপাবলিক। আর ইজারা দেয়া পাটকলগুলো হলো চট্টগ্রাম অঞ্চলের হাফিজ জুট মিলস ও কেএফডি জুট মিলস, ঢাকা অঞ্চলের বাংলাদেশ জুট মিলস এবং জাতীয় জুট মিলস এবং খুলনা অঞ্চলের ক্রিসেন্ট জুট মিলস। পাটকলগুলোর মধ্যে কেএফডি জুট মিলসের অন্তর্ভুক্ত কর্ণফুলী জুট মিলস, কর্ণফুলী কার্পেট কারখানা এবং ডাইভারসিফাইড ডেকোরেটিভ ফেব্রিক্স- ওই তিনটি ইউনিট রয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার বছরের পর বছর ধরে লোকসান গুনতে থাকা ২৫টি পাটকল গতবছর বন্ধ ঘোষণা করে। ফলে কাজ হারায়প্রায় ২৫ হাজার কর্মী। পরবর্তীতে ২০১৮ সালের বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন অনুযায়ী পাটকলগুলো বেসরকারীকরণের সিদ্ধান্ত নেয় সরকার। ওই লক্ষ্যে গত এপ্রিলে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসি) বন্ধ সরকারি পাটগুলো বেসরকারি খাতে ছেড়ে দিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। তার মধ্যে বাংলাদেশ জুট মিলস ইজারা পেতে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। ওই মিলটি ইজারার জন্য ১১টি প্রতিষ্ঠান আবেদন করে। মূলত ঢাকার কাছাকাছি হওয়ায় ওই মিলটির জন্য বেশি আবেদন পড়েছে। দুটি ভারতীয় ও একটি ব্রিটিশ প্রতিষ্ঠানসহ ২৪টি প্রতিষ্ঠান ইজারা গ্রহণে আগ্রহ প্রকাশ করে। ১৪টি কলের বিপরীতে মোট ৫৯টি প্রস্তাবনা জমা পড়ে। তবে খুলনার ৩টি পাটকলের বিষয়ে বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া মেলেনি। পরবর্তীতে বিজেএমসি টেন্ডার মূল্যায়ন কমিটি প্রতিষ্ঠানগুলোর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে চূড়ান্ত প্রস্তাবনা আহ্বান করে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো দুটি জুট মিল বাদ দিয়ে ১২টি কলের জন্য প্রস্তাবনা জমা দেয়। তার মধ্যে কমিটি ২৫টি প্রস্তাব বাছাই করে। বাছাইকৃত ২৫টি প্রস্তাবনা চূড়ান্তভাবে বাছাইয়ের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, আশির দশকেও সোনালি আঁশ পাট ছিল দেশের অন্যতম প্রধান রফতানি পণ্য। কিন্তু সরকারি পাটকলগুলো নিজেদের দক্ষতা উন্নয়ন ও পণ্যে বৈচিত্র্য না আনতে পারায় দিনে দিনে ব্যবসা হারিয়ে রুগ্ন হয়ে পড়েছে। ফলে ওসব প্রতিষ্ঠান প্রতিবছরই লোকসান গুনেছে। পাশাপাশি সরকারি পাটকলের বিশাল সম্পদ অব্যহৃত থাকছে। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে ১১৬ কোটি ১৪ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৮ কোটি ২৩ লাখ ডলার। ওই হিসাবে পাট খাতে প্রবৃদ্ধি বেড়েছে ৩১ দশমিক ৬৩ শতাংশ, যা বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় স্থানে ছিল। তবে চলতি অর্থবছরের গত ৪ মাসে পাট রফতানি আয় ও লক্ষ্যমাত্রা দুটোই কমেছে। ওই সময়ে রফতানি আয় এসেছে ৩২ কোটি টাকা। আর গত অর্থবছরের একই সময়ে ছিল ৪৩ কোটি টাকা।
সূত্র আরো জানায়, বিগত ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি পাটকলগুলোর লোকসান পরিমাণ ছিল ৫৭৩.৫৮ কোটি টাকা। যা আগের অর্থবছরের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি। সে বিষয়ে বিজেএমসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সক্ষমতা অনুসারে উৎপাদন না হওয়ায় লোকসান ৩৩৪.৪১ কোটি টাকা, যা মোট লোকসানের ৫৮.৩০ শতাংশ। তাছাড়া অতিরিক্ত ৯ হাজার ১৭৭ জন অস্থায়ী শ্রমিকের জন্য ৪৫.১৪ কোটি টাকা এবং গেট মিটিং ও শ্রমিক আন্দোলনে ব্যয় ৬৫.৮৭ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে লোকসান ছিল ২৭৫.২৩ কোটি টাকা। আর ২০১০-১১ অর্থবছরে ছিল ১৭.৫৩ কোটি টাকা। তাছাড়া ২০১৪-২০১৫ অর্থবছরে লোকসান হয় ৭২৯.০১ কোটি টাকা, যা বিগত দশ বছরের মধ্যে সর্বোচ্চ। পাটকলগুলোর চলতি দেনার পরিমাণ ২ হাজার ৩৮৭.৮৯ কোটি টাকা। খুলনা অঞ্চলের পাটকলগুলোর দেনার পরিমাণ ১ হাজার ৭৯ কোটি টাকা, চট্টগ্রাম অঞ্চলের মিলে দেনা ২৭৯.৩৩ কোটি এবং ঢাকা অঞ্চলের কলগুলোর দেনা ৯১৫.৭২ কোটি টাকা। আর নন-জুট মিলের দেনা ১১ কোটি টাকা। তাছাড়া সরকারি পাটকলের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৩৫২. ৪৬ কোটি টাকা। যার মধ্যে স্থায়ী সম্পদ ১৪ হাজার ৩২৯ কোটি টাকা। স্থায়ী সম্পদ হচ্ছে- ভূমি, ভূমি উন্নয়ন, দালান কোঠা ও অন্যান্য, স্থাপনা ও যন্ত্রপাতি, আসবাবপত্র ও সরঞ্জামাদি, পরিবহন ও মোটরযান এবং অন্যান্য সম্পদ। ঢাকা অঞ্চলের মিলে রয়েছে সবচেয়ে বেশি স্থায়ী সম্পদ। ওসব মিলে স্থায়ী সম্পদের মূল্য ৪ হাজার ৯৮৪.৪১ কোটি টাকা। চট্টগ্রাম অঞ্চলের স্থায়ী সম্পদ ৪ হাজার ৪৩৫.২৯ কোটি টাকা আর খুলনা অঞ্চলে স্থায়ী সম্পদের মূল্য ৪ হাজার ৬৬৬.১৯ কোটি টাকা। আর নন-জুট মিলের স্থায়ী সম্পদের পরিমাণ ২৪৪.০৭ কোটি টাকা।
এ প্রসঙ্গে বিজেএমসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পাটকলগুলোর স্থায়ী সম্পদ অনেক বেশি। বিশাল জায়গা থাকলেও তা অব্যবহৃত। বেসরকারি ব্যবস্থাপনায় বন্ধ পাটকল চালু করা গেলে নতুন কর্মসংস্থান হবে। আবার যাদের সরকার গোল্ডেন হ্যান্ডশেক দিয়েছে তাদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।