আসন্ন শীত মৌসুমে এবার গ্যাসের তীব্র সঙ্কটের আশঙ্কা রয়েছে। কারণ শীতে গ্যাসের চাহিদা বাড়লেও দিন দিন কমছে গ্যাসের উৎপাদন। আর বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিও কমানো হয়েছে। ফলে এবারে শীতে কমপক্ষে ৪০ শতাংশ বাড়তি চাহিদা মেটানোর মতো বিকল্প কোনো ব্যবস্থা নেই। আর বাড়তি গ্যাসের জোগানের ক্ষেত্রে আমদানি করা এলএনজি ছাড়া বিকল্প নেই। কিন্তু বিশ্ববাজারে এলএনজির দাম ৫ গুণ বেড়েছে। দাম বাড়ার কারণে গত ৭ মাসেই বিশ্ববাজার থেকে এলএনজি কিনতে গিয়ে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যে তেলের দামও বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামের বর্তমান পরিস্থিতি বজায় থাকলে ক্ষতির মাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল। অথচ চলতি অর্থবছরের বাজেটে দেশের জ্বালানি খাতের জন্য ভর্তুকি বাবদ বরাদ্দ রয়েছে মাত্র এক হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতে দেশের বাজারে গ্যাসের দাম বাড়তে পারে। আর গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দামও বাড়বে। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, শীতের সময়ে গ্যাসের চাপ এমনিতেই কমে যায়। সেজন্য সরবরাহ লাইনে গ্যাস বাড়িয়ে চাপ বাড়াতে হয়। না হলে শিল্পে গ্যাসের সরবরাহ কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া শীতে গ্যাসের বাড়তি চাহিদাও তৈরি হয়। গ্রীষ্মকালে প্রতিদিন গড়ে ৩ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাসের (এমএমসিএফডি) চাহিদা থাকে। আর শীতকালে তা বেড়ে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ২০০ ঘনফুটে দাঁড়ায়। ওই হিসাবে প্রতিদিন গড়ে চাহিদা বাড়ে ১২০০ ঘনফুট। অর্থাৎ শীতে ৪০ শতাংশ চাহিদা বাড়ে ।
সূত্র জানায়, দেশে গত ২০ বছরে মাত্র ২৮টি অনুসন্ধান কূপ খনন করা হয়েছে। তার মধ্যে ৪টি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। কিন্তু নোয়াখালীর সুন্দলপুর, কুমিল্লার শ্রীকাইল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের গ্যাসক্ষেত্রগুলোতে মজুত তেমন বেশি ছিল না। আর ওসব গ্যাসক্ষেত্রের বশিরভাগ গ্যাসই তোলা হয়ে গেছে। সর্বশেষ ২০১৮ সালে ভোলায় একটি গ্যাসক্ষেত্র পাওয়া গেছে। বর্তমানে দেশে প্রতিদিন ২ হাজার ৯০০ ঘনফুটের মতো গ্যাস উৎপাদিত হচ্ছে। ১৩০০ ঘনফুট ঘাটতি রয়েছে। ঘাটতি পরিমাণ ৩১ শতাংশ। চাহিদার বিপরীতে গ্যাসের জোগান দিতে হলে প্রতিদিন গড়ে দেড় হাজার ঘনফুট এলএনজি আমদানির মাধ্যমে সরবরাহ করতে হবে। কিন্তু বিশ্ববাজারে এলএনজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস আমদানি করা সম্ভব হচ্ছে না। এখন জাতীয় গ্রিডে গড়ে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট এলএনজি দেয়া হচ্ছে। আর প্রতি মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিটের (২৭ দশমিক ৯৬ ঘনমিটার) দাম গত বছরের মার্চে ছিল ৫ ডলার। জানুয়ারিতে তা বেড়ে ১৪ ডলারে দাঁড়ায়। এখন তা আরো বেড়ে ৩০ ডলারে দাঁড়িয়েছে। আর ওই বাড়তি দরে পেট্রোবাংলা আমদানি করতে চায়নি। কিন্তু এখন শীতের কারণে ঘাটতি প্রকট হওয়ায় আমদানি শুরু করা হয়েছে। তাতে পেট্রোবাংলা স্পটভিত্তিতে গ্যাস কিনছে।
সূত্র আরো জানায়, শীতের শুরুতেই দেশের বিদ্যুৎ কেন্দ্র, সার ও শিল্প-কারখানায় গ্যাসের চাহিদা ক্রমশ বাড়ছে। কিন্তু ওই অনুযায়ী সরবরাহ বাড়ানো যাচ্ছে না। ফলে সক্ষমতা থাকলেও গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না। বরং কোনো কোনোটি দিনের পর দিন বন্ধই রাখতে হচ্ছে। তাছাড়া গ্যাস বিতরণ কোম্পানিগুলোতে নতুন সংযোগ ও লোড বৃদ্ধির আবেদনের স্তূপ জমেছে। সরবরাহ না থাকায় তার কোনো সুরাহা হচ্ছে না। বর্তমানে পেট্রোবাংলার অধীনে ৬টি বিতরণ কোম্পানি সারা দেশে গ্যাস বিতরণ করছে। তার মধ্যে শুধু তিতাসের চাহিদা ১ হাজার ৫৯৮ ঘনফুট। আর দেশে বর্তমানে ৪টি কোম্পানির অধীনে গ্যাস উৎপাদন করা হচ্ছে। তার মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ড থেকে গত বৃহস্পতিবার উৎপাদিত গ্যাসের পরিমাণ ৬৩৩ দশমিক ৪ ঘনফুট। সিলেট গ্যাস ফিল্ডে ৮৭ ঘনফুট, বাপেক্স থেকে ৮৪৬ দশমিক ৫ ঘনফুট। আন্তর্জাতিক কোম্পানি শেভরণ ও তাল্লুর গ্যাস কূপগুলো থেকে উৎপাদিত হয়েছে ১ হাজার ৫৫৪ ঘনফুট এবং আরপিজিসিএল থেকে উৎপাদিত হয়েছে ৬৪১ ঘনফুট গ্যাস।
এদিকে বিশেষজ্ঞদের মতে, দেশে গ্যাসের চাহিদা বাড়লেও নতুন ক্ষেত্র আবিষ্কার হচ্ছে না। পাশাপাশি বিদ্যমান ফিল্ডগুলো থেকে গ্যাস উত্তোলন কমছে। ফলে ক্রমান্বয়ে আমদানি নির্ভর হয়ে পড়ছে দেশ। অর্থাৎ বিদেশ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি করে চাহিদা মেটানো হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে স্থানীয় বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়ে। চলতি অর্থবছরের বাজেটে গ্যাস খাতে ভর্তুকি বাবদ ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু গত ৪ মাসেই ১ হাজার কোটি টাকার পর আরো ৯ হাজার কোটি টাকা খরচ হয়েছে। অর্থাৎ এ খাতে মোট ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সম্প্রতি একটি বৈঠক হয়। ভবিষ্যৎ গ্যাসের চাহিদা পূরণে ওই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। তবে বৈঠকে সংস্থানের চেয়ে গ্যাস অপচয় রোধেই বেশি জোর দেয়া হয়। তাছাড়া গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ স্থাপনায় গ্যাসের রেশনিং করার কথা বলা হয়। পাশাপাশি চাহিদার পিক-অফপিক আওয়ার বিবেচনায় নিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ সাময়িক বন্ধ রাখার বিষয়ও আলোচনায় আসে। একই সাথে অতিরিক্ত ব্যবহার করা গ্যাসের জন্য আলাদা ট্যারিফ নির্ধারণেরও প্রস্তাব দেয়া হয়।
এ বিষয়ে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বলেছেন, সারা দুনিয়াতে তেল, গ্যাস, কয়লার দাম বেড়ে গেছে। অনেক দেশ টাকা দিয়েও ওসব পণ্য কিনতে পারছে না। বহু দেশে বিদ্যুৎ উৎপাদন সংকটে পড়েছে। অনেক ধনী দেশও তীব্র লোডশেডিংয়ের কবলে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে সঙ্কট হয়নি। আগামীতেও এদেশে তেল ও আমদানি করা এলএনজিতে সংকট হবে না।