জরুরি প্রয়োজন না হলে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেবে না। বরং সরকার ব্যাংকব্যবস্থার পরিবর্তে ব্যাংকবহির্ভূত খাত থেকে বেশি ঋণ নেবে। পাশাপাশি ব্যাংকের আগের ঋণ পরিশোধ করবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও কম ঋণ নেবে। মূলত বন্ড বিক্রি করেই এখন বেশি ঋণ নেয়া হবে। মূল্যস্ফীতির হারে চাপ কমাতে ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সরকারের অভ্যন্তরীণ ঋণ নীতিতে এই পরিবর্তন আনা হয়েছে। সরকারের ঋণ ব্যবস্থাপনা কমিটির সুপারিশের আলোকে ইতিমধ্যে সরকার ঋণ নেয়ার আলোচ্য পদ্ধতি প্রয়োগ করতে শুরু করেছে। তাতে ঋণ নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। ফলে কেন্দ্রীয় ব্যাংকও ওই পদ্ধতি প্রয়োগ করার পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়ার সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণের কারণে বাজারে মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি হবে না। কারণ সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় চাপ বাড়ে। ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যায়। তাতে সুদের হার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ওই কারণেই সরকার ব্যাংক থেকে ঋণ কম নেবে। তাতে ব্যাংকগুলো বাধ্য হয়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াবে। তখন বেসরকারি বিনিয়োগও বাড়বে।
সূত্র জানায়, গত অর্থবছরে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন কোনো ঋণ নেয়নি। বরং আগের নেয়া ঋণ পরিশোধ করেছে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও ঋণ নিয়েছে কম। বেশির ভাগ ঋণই বন্ড বিক্রি করে নিয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ৭০ হাজার ৭১৫ কোটি টাকা। আর গত অর্থবছরে ব্যাংক থেকে ঋণ নিয়েছে ২৬ হাজার ৩০৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংক থেকে সরকারের ঋণ কমেছে ৪৪ হাজার ৪১১ কোটি টাকা, যা ৬২ দশমিক ৮ শতাংশ। আর সরকার ব্যাংকবহির্ভূত খাত থেকে ২০১৯-২০ অর্থবছরে ঋণ নিয়েছিল ২২ হাজার ৯০২ কোটি টাকা। গত অর্থবছরে নিয়েছে ৪৪ হাজার ৩৯১ কোটি টাকা। এক বছরে ওই খাত থেকে ২১ হাজার ৪৮৮ কোটি টাকা বেশি নিয়েছে। বৃদ্ধির হার ৯৩ দশমিক ৮ শতাংশ। তবে গত অর্থবছরে ব্যাংক থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৮০ হাজার কোটি টাকা। কিন্তু ঋণ নিয়েছে ২৬ হাজার ৩০৪ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৩ হাজার ৬৯৬ কোটি টাকা কম। আর ব্যাংকবহির্ভূত খাত থকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার ৩০৩ কোটি টাকা কিন্তু নিয়েছে ৪৪ হাজার ৩৯১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৮৮ কোটি টাকা বেশি। বন্ডের মাধ্যমে ব্যাংকবহির্ভূত খাতের মধ্যে সবচেয়ে বেশি ঋণ নেয়া হয়েছে।
সূত্র আরো জানায়, সরকারের ঋণের নতুন জানালা হিসাবে গত অর্থবছরে শরিয়াভিত্তিক সুকুক বন্ড বাজারে ছাড়া হয়েছে। তার মাধ্যমে ইতিমধ্যে সরকার ৮ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। ওই অর্থ বিশুদ্ধ পানি সরবরাহ কাজে বিনিয়োগ করা হয়েছে। বন্ডের মুনাফার হার প্রায় ৫ শতাংশ। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে আরো নতুন বন্ড ছাড়ার প্রক্রিয়া চলছে। গত বছরের ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ছিল ৩১ হাজার ৪৬৮ কোটি টাকা। ৩০ জুন ওই স্থিতি কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৯৮ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে সরকার কেন্দ্রীয় ব্যাংকের ২৭ হাজার ৬৭০ কোটি টাকার ঋণ পরিশোধ করেছে। গত বছরের ৩০ জুন পর্যন্ত বেতনভাতা দিতে সরকার ৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু গত ৩০ জুনের ওই খাতে কোনো ঋণ নেই। বরং আগের ঋণ পরিশোধ করা হয়েছে। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নেয়ার কারণে মূল্যস্ফীতির ওপর চাপ কমবে। কেননা কেন্দ্রীয় ব্যাংকের টাকা বাজারে এসে দ্বিগুণ অর্থের সৃষ্টি করে। তাতে টাকার সরবরাহ বেড়ে যায়। ফলে মূল্যস্ফীতিতে চাপ বাড়ে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার না করায় ওই চাপ থেকে অর্থনীতি স্বস্তিতে থাকবে।
এদিকে গত অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ছিল ২ লাখ ১৬ হাজার ৮৫৯ কোটি টাকা। গত অর্থবছরের ৩০ জুন পর্যন্ত ওই স্থিতি ছিল ২ লাখ ৬৭ হাজার ৯৭০ কোটি টাকা। আর বিভিন্ন ব্যাংকে থাকা সরকারি আমানত বাদ দিয়ে নিট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৬৭ হাজার ৬১ কোটি টাকা। গত ৩০ জুন তার পরিমাণ বেড়ে ১ লাখ ৯৩ হাজার ৩৬৫ কোটি টাকা হয়েছে। ওই সময়ে নিট ঋণ বেড়েছে ২৬ হাজার ৩০৪ কোটি টাকা। তবে বিভিন্ন বন্ড বিক্রি করে গত বছরের ৩০ জুন পর্যন্ত সরকার নিট ঋণ নিয়েছিল ১৪ হাজার ৪২৮ কোটি টাকা। আর গত ৩০ জুন পর্যন্ত ঋণ নিয়েছে ৪১ হাজার ৯৬০ কোটি টাকা। ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে গত বছরের ৩০ জুন পর্যন্ত ঋণ নিয়েছিল ৩৮ হাজার ৭৬০ কোটি টাকা আর গত জুন পর্যন্ত নিয়েছে ৪১ হাজার ১৯১ কোটি টাকা। ওই সময়ে ঋণ বেড়েছে ২ হাজার ৪৩১ কোটি টাকা। আর গত বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ বেড়েছিল ২২ হাজার ৯০২ কোটি টাকা। আর গত জুন পর্যন্ত বেড়েছে ৪৪ হাজার ৩৯১ কোটি টাকা। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিয়েছে ৯ হাজার ৪৩৪ কোটি টাকা। আর গত বছরের একই সময়ে নতুন ঋণ না নিয়ে আগের ঋণ পরিশোধ করেছিল ১ হাজার ১৫৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ১৮ হাজার ৫৯১ কোটি টাকা এবং চলতি অর্থবছরের একই সময়ে ৫ হাজার ১৮৫ কোটি টাকার ঋণ শোধ করা হয়েছে। একই সময়ে নন-ব্যাংকিং খাত থেকে নেয়া হয়েছে ১৪ হাজার ২২৬ কোটি টাকা।
অন্যদিকে এ প্রসঙ্গে অর্থনীতিবিদদের অভিমত, সরকারের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক। কারণ করোনার প্রভাব কমে গেছে এবং অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। এমন অবস্থায় রাজস্ব আয় বাড়বে। ফলে সরকারের ব্যাংকব্যবস্থা থেকে ঋণ কমানোর সুযোগ রয়েছে। তা কমিয়ে বেসরকারি খাতে ঋণের চাহিদা তৈরি করতে হবে। তা না হলে বেসরকারি খাত বাড়তি ঋণ নিতে পারবে না। তখন আবার ব্যাংকগুলোয় অলস অর্থের পরিমাণ বেড়ে যাবে। সরকার ব্যাংক থেকে ইতিমধ্যে ঋণ নেয়া কমিয়ে দেওয়ায় ব্যাংকে অলস অর্থের পরিমাণ বেড়ে গেছে। আর তা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখা জরুরি। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণের গতি আরো বাড়ানো প্রয়োজন হবে। মূলত সরকারের ঋণনীতিতে কোনো স্থিরতা নেই। করোনার কারণে এখন পর্যন্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি কম হওয়ায় সরকারের ঋণ কম। কিন্তু রাজস্ব আয় কমে গেলে এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাড়লে সরকার আবার ব্যাংকমুখী হতে পারে। ওই বিষয়ে সতর্ক থাকা জরুরি।