সরকার মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে আইন সংশোধন করতে যাচ্ছে। জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদ গঠন হওয়ার আগ পর্যন্ত সরকারের নিয়োগ পাওয়া প্রশাসক দায়িত্ব পালন করতে পারে। কিন্তু পরিষদ গঠনের পর মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচিত পরিষদের প্রথম বৈঠক পর্যন্ত বিদ্যমান পরিষদকে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু এখন আইন সংশোধন হলে ওই সুযোগ থাকবে না। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ আইনেরর সংশোধন প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। সম্প্রতি পৌরসভা আইনও সংশোধন করে এমন বিধান যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, জেলা পরিষদ আইন-২০০০-এর ধারা-৫-এ নির্বাচিত জেলা পরিষদের মেয়াদ পরিষদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৫ বছর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে শর্ত দিয়ে বলা হয়েছে, বিদ্যমান জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচিত নতুন পরিষদ তাদের প্রথম বৈঠকে না বসা পর্যন্ত পুরোনো পরিষদই দায়িত্ব পালন করবে। ওই ধারায় প্রস্তাবিত সংশোধনীতে জেলা পরিষদের মেয়াদ প্রথম বৈঠকের তারিখ থেকে ৫ বছর পর্যন্ত করতে বলা হয়েছে। জেলা পরিষদ আইন-২০০০-এ থাকা উল্লিখিত বিধান অর্থাৎ ৮২(১) ধারাটি পরিবর্তনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দুটি যুক্তি তুলে ধরা হয়েছে। প্রথমত, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হলে সরকার প্রশাসক নিয়োগ করতে পারে। সেজন্য জেলা পরিষদেও এমন বিধান থাকা প্রয়োজন। আর দ্বিতীয়ত, জেলা পরিষদ মেয়াদ উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে প্রশাসক নিয়োগ কিংবা সরকারের অনুমোদনক্রমে আগের পরিষদ কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে বিধান সংযোজন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে, কোনো জেলা পরিষদ মেয়াদ উত্তীর্ণ হলে জেলা পরিষদ গঠন না হওয়া পর্যন্ত জেলা পরিষদের কার্যাবলি সম্পাদনের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসাবে নিয়োগ দিতে পারবে সরকার। নিয়োগকৃত প্রশাসকের মেয়াদকাল বা প্রশাসকের অপসারণ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিদ্যমান জেলা পরিষদ আইনের আরো ৭টি ধারায় সংশোধন আনার উদ্যোগ নিয়েছে। জেলা পরিষদ আইনের ৩৯(১) উপধারার নিয়ম অনুযায়ী সচিব পদনামটি থাকছে না। বিদ্যমান নিয়ম অনুযায়ী জেলা পরিষদে উপসচিব মর্যাদার একজন প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব পদে একজন কর্মকর্তাসহ অন্যরা দায়িত্ব পালন করেন। কিন্তু প্রস্তাবিত সংশোধনে সচিব পদবির পরিবর্তে নির্বাহী কর্মকর্তা পদবির প্রস্তাব করা হয়েছে। সচিব পদটি প্রশাসনের সর্বোচ্চ পদ। কিন্তু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সচিব পদনাম থাকায় তা বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করে। সেজন্যই মন্ত্রণালয় ও বিভাগের বাইরে থাকা সরকারি দপ্তর-সংস্থা থেকে সচিব শীর্ষক পদনামটি পরিবর্তন করা হচ্ছে। ওই উদ্দেশ্যেই সংশোধনটির প্রস্তাব করা হয়েছে। তাছাড়া জেলা পরিষদের সদস্য সংখ্যা যৌক্তিকীকরণের লক্ষ্যেও আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন মহিলা সদস্য অর্থাৎ মোট ২১ সদস্যের পরিষদ রয়েছে। কিন্তু প্রস্তাবিত সংশোধনে প্রত্যেক জেলায় একেকটি উপজেলায় একজন করে সদস্য এবং সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার বিধান প্রস্তাব করা হয়েছে। দেশে ১৭টি উপজেলা নিয়ে কুমিল্লা জেলা রয়েছে। আবার ৩টি উপজেলা নিয়ে রয়েছে নড়াইল জেলা। প্রস্তাবিত সংশোধনের যুক্তিতে বলা হয়েছে, ছোট আয়তনের জেলায় জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য যে খরচ সরকার দেয়, বড় আকারের জেলার জন্যও তাই দিতে হয়। কিন্তু ছোট আকারের জেলাগুলো থেকে তেমন রাজস্ব আদায় হয় না। সেজন্য প্রত্যেক জেলায় উপজেলা অনুযায়ী একজন করে সদস্য এবং ওই অনুযায়ী নারী সদস্য সংখ্যা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন এই ব্যবস্থা কার্যকর করতে আইনের ১৭(১) (২) ধারাও সংশোধনের প্রস্তাব করা হয়।
সূত্র আরো জানায়, জেলা পরিষদের বিদ্যমান আইনের ৪৯ নম্বর ধারা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশন (যদি থাকে), উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা কোনো ব্যক্তির পরামর্শ বিবেচনায় নিতে পারে। প্রস্তাবিত সংশোধনীতে এমন ধরনের পরামর্শ সরকারের পূর্বানুমোদনক্রমে নিতে হবে। প্রস্তাবিত সংশোধনীতে বিদ্যমান আইনে দুটি উপধারা যোগ করার প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে ৩৩ নম্বর ধারায় নতুন একটি উপধারা যোগ করে সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সিটি করপোরেশন মেয়রের প্রতিনিধিরা পদাধিকার বলে জেলা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সিটি করপোরেশন (যদি থাকে), পৌরসভা, এলজিইডির উন্নয়ন কাজের সঙ্গে জেলা পরিষদের উন্নয়ন কাজের সমন্বয় ও দ্বৈততা এড়ানোর জন্য এই ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তবে বৈঠকে অংশ নিলেও উল্লিখিত প্রতিনিধিদের ভোটাধিকার থাকবে না। আর ৩৭ নম্বর ধারায় একটি উপধারা যুক্ত করে জেলা পরিষদের বাৎসরিক প্রতিবেদন সরকারের কাছে পেশ করার নিয়মের প্রস্তাব করা হয়।
এদিকে আইন সংশোধনের সঙ্গে থাকা স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত আইনের সংশোধন মন্ত্রিসভা বৈঠকে ওঠাতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী দেশে না থাকায় দুই সপ্তাহ মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না। সরকারপ্রধান দেশে আসার পর মন্ত্রিসভার বৈঠকে আইনের সংশোধনটি উঠতে পারে।
অন্যদিকে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সম্প্রতি একাধিক অনুষ্ঠানে জেলা পরিষদ আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, বিদ্যমান বাস্তবতার আলোকে জেলা পরিষদ আইন পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা পরিষদকে আরো কার্যকর করে গড়ে তুলতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে।