সারাবছরই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার। ওই লক্ষ্যে সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির নিজস্ব মজুদ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ফলে স্বল্প আয়ের মানুষ টিসিবি থেকে ভোজ্যতেল, পেঁয়াজ, ডাল ও চিনির মতো ভোগ্য পণ্যসামগ্রী প্রায় অর্ধেক দামে কিনতে পারবে। মূলত বিদ্যমান পরিস্থিতিতে দেশের মানুষের কাছে টিসিবি পণ্য জনপ্রিয় হয়ে ওঠায় ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক অফিস ও গুদাম নির্মাণ করতে যাচ্ছে টিসিবি। সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানটির এসব উদ্যোগের ফলে বাজারে স্বস্তি থাকবে। পণ্য মজুদ বাড়ানোর লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের সম্প্রসরাণ, অফিস ও গুদাম নির্মাণের জন্য ২ দশমিক ৫৫ একর জমি অধিগ্রহণ করতে যাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এবং টিসিবি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। নগরবাসী দীর্ঘলাইন ধরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম থেকে পণ্য সংগ্রহ করছেন। বিশেষ করে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পেঁয়াজ ও ভোজ্যতেলের বাজার যখন অস্থির তখন টিসিবি প্রায় অর্ধেক দামে ওই পণ্য দুটি বাজারে বিক্রি কর পরিস্থিতি সামাল দিয়েছে। তাতে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। টিসিবির কারণে সাধারণ মানুষ কম টাকা খরচ করে পণ্য কিনতে পারছে। তবে টিসিবি পণ্যের চাহিদা বাড়লেও গত এক দশকেও সংস্থাটির মজুদ সক্ষমতা বাড়েনি। সেজন্য এবার মজুদ সক্ষমতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে। সম্প্রতি বাণিজ্য সচিব বরাবর টিসিবি চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- টিসিবি সরকার নির্দেশনা মতে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্য ডাল, তেল, পেঁয়াজ, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূল্যে ভোক্তা সাধারণের মাঝে বিক্রি ও বিতরণ কার্যক্রম করছে। যা দেশের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জীবন যাত্রার ব্যয় হ্রাসে ভূমিকা রাখছে। পাশাপাশি সংস্থাটি দেশের অভ্যন্তরীণ বাজার মূল্য স্থিতিশীল রাখতেও সহায়ক ভূমিকা পালন করছে। সাম্প্রতিক বছরগুলোতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির কার্যক্রম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। টিসিবির কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এর নিজস্ব মজুদ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওই প্রেক্ষিতে সরকার কর্তৃক টিসিবির নিজস্ব মজুদ সক্ষমতা বৃদ্ধিতে গুদাম নির্মাণের নিমিত্ত রাজশাহী জেলার পবা উপজেলায় কেচুয়াতৈল মৌজায় প্রস্তাবিত ২.৫৫ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।
সূত্র জানায়, চাহিদার তুলনায় মজুদ সক্ষমতা কম টিসিবির। ফলে বেসরকারি গুদাম ভাড়া করতে হয়। বছরে আপদকালীন সময়ে টিসিবির নিত্যপণ্যের প্রয়োজন ২৫ হাজার ৬০০ মেট্রিক টন। সেজন্য টিসিবিকে ১০ হাজার ৬০০ টন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম ভাড়া করতে হয়। কিন্তু সারাবছর পণ্য মজুদ না করলেও ওসব গুদামের জন্য ভাড়া টিসিবিকে দিতে হয়। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রেটে ভাড়া নির্ধারিত হয়। তাতে সরকারের টাকা অপচয়ের পাশাপাশি পণ্যের মানও ঠিক থাকে না।
সূত্র আরো জানায়, চিনি, তেল, ছোলা, মসুর ডাল ও খেজুর ইত্যাদি পণ্য মজুদের জন্য টিসিবির গুদাম নির্মাণ করা হবে। বর্তমানে সারাদেশে ১৫টি গুদামে টিসিবি পণ্য মজুদ করে। তার মধ্যে মাত্র ৪টি গুদাম টিসিবির নিজস্ব। ৭৫ হাজার ৪০০ বর্গফুটের ওই চারটি গুদামের ধারণক্ষমতা ১৫ হাজার টন। তাছাড়া খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, মৌলভৗবাজার ও ময়মনসিংহে সাড়ে ১০ হাজার টন ধারণক্ষমতার গুদামে টিসিবি পণ্য সংরক্ষণ করে। চাহিদার তুলনায় গুদাম অপর্যাপ্ত হওয়ায় রংপুর, বরিশাল, মৌলভীবাজার এবং ময়মনসিংহে মোট ১০ হাজার ৬০০ টন ধারণক্ষমতাসম্পন্ন গুদাম ভাড়া করতে হয়। টিসিবির বাজার অপারেশন কার্যক্রম বছরে একটা নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে হলেও ভাড়া-গুদামের জন্য ভাড়া দিতে হয় পুরো বছর। তাছাড়া ভাড়া করা গুদামের মান সব সময় ভাল থাকে না বলে মজুদকৃত পণ্যের অপচয় হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজস্ব গুদামের স্বল্পতা থাকায় একটি প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম, মৌলভীবাজার ও রংপুরে টিসিবির গুদাম নির্মাণ করা হবে। তাছাড়া মৌলভীবাজার ও রংপুরে দু’টি আঞ্চলিক অফিসও নির্মাণ করা হবে। তার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ছাড়াও অন্য পণ্যের জন্য গুদামের সর্বোচ্চ ব্যবহার করা যাবে। টিসিবির আপদকালীন মজুদক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম, সিলেট ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের জন্য গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় এসব উদ্যোগ নেয়া হবে।
এদিকে টিসিবি সংশ্লিষ্টদের মতে, নানা সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমানে টিসিবি বাজারে ইতিবাচক প্রভাব বিস্তারে কাজ করছে। যার প্রভাবেই গত কয়েক বছর স্বল্প আয়ের মানুষ কম দামে পণ্য কেনার সুযোগ পাচ্ছে। তাছাড়া টিসিবি এখন আগের যে কোন সময়ের তুলনায় আধুনিক ও দক্ষ। টিসিবি এখন বিশেষ উৎসব পার্বণ ও সঙ্কটের সময় অনলঅইনেও পণ্য কেনাবেচা করে। আরো কর্মদক্ষ হতে টিসিবি নির্দিষ্ট সংখ্যক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোট দেশজ চাহিদার অন্তত ২ থেকে ৩ শতাংশ আপদকালীন মজুদ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। পণ্যের পর্যাপ্ত আপদকালীন মজুদ গড়ে তোলার পাশাপাশি সংরক্ষণ করা, স্থানীয়ভাবে ক্রয় বা আমদানিকৃত মালামাল পণ্যদ্রব্য, উপাদান, পণ্যসামগ্রী বিক্রয় এবং বিতরণের ব্যবস্থা করা হবে। তাছাড়া আধুনিক সফট্ওয়ারের মাধ্যমে টিসিবির পণ্যের মজুদ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর ই-ফাইলিংয়ের মাধ্যমে অধিকাংশ নথি নিষ্পত্তি করা হচ্ছে। তাছাড়াও কর্মকর্তা কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা প্রবর্তন করা হয়েছে।
অন্যদিকে এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান জানান, সারাবছর টিসিবি তাদের কার্যক্রম চালিয়ে যেতে চায়। বিশেষ করে ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কারণ সাধারণ মানুষের ভরসা এই টিসিবি। তাছাড়া বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে কাজ করে। একসময় বাজারের মোট চাহিদার ২ শতাংশ সেবা দেয়ার সক্ষমতা থাকলেও গত দেড় বছরে তা বেড়ে ১২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ইতিমধ্যে ১০ শতাংশ সক্ষমতা বেড়েছে। এই সক্ষমতা আরো বাড়াতে নতুন গুদাম ও দেশের বিভিন্ন স্থানে টিসিবির অফিস ও আঞ্চলিক কার্যালয় নির্মাণ করা হবে। তাছাড়া টিসিবির কর্মীর সংখ্যা না বাড়লেও সেবা বেড়েছে। ১০ থেকে ১১০০ কোটি টাকার পণ্য সেবা দিলেও চলতি বছর দুই হাজার ২০০ কোটি টাকার পণ্যের সেবা দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে টিসিবি।