বাংলাদেশে বিপুলসংখ্যক বিদেশী নাগরিক অবৈধভাবে অবস্থান করছে। ওসব বিদেশী নাগরিকরা জাল ভিসা ও জাল আমন্ত্রণপত্র নিয়ে এদেশে এসে লাপাত্তা হয়ে যাবার ঘটনা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত প্রায় হাজার তিনেক বিদেশী নাগরিক ঢাকায় এসে লাপাত্তা হওয়ার অভিযোগ রয়েছে। আর তাদের বেশিরভাগই নাইজিরিয়াসহ আফ্রিকান নাগরিক। তাছাড়াও অবৈধভাবে জাল ভিসা ও আমন্ত্রনপত্রে ঢাকায় এসে বসবাস করছে আরো প্রায় ২০ হাজার বিদেশী নাগরিক। নিরুদ্দেশ হওয়া ও অবৈধ ওসব নাগরিককে বার বার তলব করেও কোন সাড়া না পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। ওই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ৩টি নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে। তাছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও এ বিষয়ে তৎপর থাকার নির্দেশনা দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, জাল ভিসায় এদেশে বিদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩টি নির্দেশনা দিয়েছে। সেগুলো হচ্ছে- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যেন সংশ্লিষ্ট প্রকল্পে প্রতিষ্ঠানে কমর্রত বিদেশী নাগরিকদের বিদ্যমান ভিসার মেয়াদ শেষের আগেই তা বৃদ্ধির সুপারিশ করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন বিদেশী নাগরিক বাংলাদেশে ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করলে সংশ্লিষ্ট আমন্ত্রণকারী প্রতিষ্ঠানের (বেসরকারি) বিরুদ্ধে ভিসার বিদ্যমান পরিপত্র অনুযায়ী অর্থদ- আরোপের বিষয়টি নিশ্চিত করতে হবে। আর অবৈধভাবে বসবাসকারী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী নাগরিকদের বিধি মোতাবেক চলে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সূত্র জানায়, বিদেশী নাগরিকদের অবৈধ অবস্থানের ইস্যুতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ রফতানি উন্নয়ন এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সিনিয়র সচিব, এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্রের পরিপ্রেক্ষিতে নাইজিরিয়াসহ অন্য আফ্রিকান দেশ থেকে বিদেশী নাগরিকরা জাল ভিসা ও জাল আমন্ত্রণপত্র নিয়ে বাংলাদেশ এসে থাকে। বাংলাদেশে প্রবেশের পর ওসব বিদেশী নাগরিক ভিসার মেয়াদ বৃদ্ধি না করে অবৈধ হয়ে বাংলাদেশে অবস্থান করে এবং এটিএম কার্ড জালিয়াতি, মাদক ব্যবসা, জাল মুদ্রা তৈরি ও প্রতারণাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ে। আফ্রিকান দেশগুলো থেকে কোন যাত্রী বাংলাদেশী ভিসা নিয়ে ইমিগ্রেশনে এলে ইমিগ্রেশন পুলিশ ভিসার সঠিকতা যাচাইয়ের পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের আমন্ত্রণে ভিসা ইস্যু করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের ঠিকানা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাইসহ তাদের দেশে আগমনের যৌক্তিকতা যাচাই করে থাকে। কিন্তু যাচাইয়ে জাল ভিসা শনাক্তের পাশাপাশি দেখা যায় যাত্রীদের ভিসা ঠিক থাকলেও আমন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো নামসর্বস্ব। অর্থাৎ তাদের কোন কার্যক্রম ও ঠিকানা সঠিক থাকে না। এমন অবস্থায় কালো তালিকাভুক্ত বাণিজ্যিক, শিল্প প্রতিষ্ঠান ও এনজিওর নাম, ঠিকানা সংগ্রহ করে প্রতিষ্ঠানের তালিকা স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হবে।
সূত্র আরো জানায়, মূলত নজরদারি না থাকার কারণেই এদেশে এতো বিপুলসংখ্যক বিদেশী নাগরিক অবৈধভাবে বসবাস করছে। অনেক বিদেশী পর্যটন ভিসায় এসে পাসপোর্ট ছিঁড়ে ফেলে বাংলাদেশে থেকে যাচ্ছে। ভিসা মেয়াদোত্তীর্ণ হলেও বেশ কয়েক হাজার বিদেশী বাংলাদেশে অবৈধভাবে অবস্থা করছে। তাদের মধ্যে প্রায় ১৬টি দেশের নাগরিক রয়েছে। তবে ওসব বিদেশী কখন, কীভাবে কী উদ্দেশে এ দেশে ঢুকছে তার সঠিক তথ্য সরকারের কাছে নেই। এমন কি তাদের সঠিক সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কোন কর্মকর্তারও জানা নেই।
এদিকে এদেশে এসে লাপাত্তা হয়ে যাওয়া ও অবৈধ নাগরিকদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বিদেশী নাগরিকদের ওপর আগের চেয়ে নজরদারি বাড়ানো হয়েছে। যারা লাপাত্তা হয়ে গেছে আর ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশী যেসব নাগরিক বাংলাদেশে অবস্থান করছে তাদের বিষয়েও গোয়েন্দারা সক্রিয় রয়েছে। তবে তাদের অনেকেই ফের ভিসার জন্য আবেদন করেছে। ওসব আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে অনুমোদন দেয়া হবে। তবে কেউ যাতে সমাজবিরোধী কোন কর্মকা- চালাতে না পারে সেজন্য তাদের ওপর নজর রাখা হচ্ছে। তারা যেন কোন অপরাধমূলক কাজেও জড়াতে না পারে সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে। যাদের বিরুদ্ধে অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে বিদেশী নাগরিকদের তথ্যের পরিসংখ্যানে হয়তো গরমিল থাকতে পারে। তবে এখন সেটি সঠিকভাবে সংরক্ষণের জন্য আধুনিক ডাটাবেজ প্রস্তুত করা হচ্ছে। কারা কখন দেশে ঢুকছে বা বের হচ্ছে সে তথ্য ডাটাবেজে সংরক্ষণ থাকবে। তখন অবৈধভাবে অবস্থান করার সুযোগ থাকবে না।