মানুষ কী খাবে বা না খাবে, এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। তবে ভাত খেয়েই জীবন ধারণ করতে হবে, এই ধারণার পরিবর্তন আনাও জরুরি।
৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে জনসংখ্যা ১৮ কোটিরও বেশি। আমাদের এই বৃহৎ জনসংখ্যা অর্থাৎ মানবসম্পদ থাকা এবং বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ার পরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই। আমাদের বৃহৎ মানবসম্পদ সবচেয়ে বেশি কাজে লাগছে প্রবাসে এবং গার্মেন্টস সেক্টরে। এ ছাড়া আমাদের বৃহৎ কোনো কর্মমাধ্যম নেই। কৃষি খাতে আমাদের ভালো সম্ভাবনা থাকার পরও ধীরে ধীরে কৃষি কাজ হয়ে যাচ্ছে পরীক্ষার 'অপশনাল সাবজেক্ট কৃষি শিক্ষা'র মতো। আমাদের আবেগ ঐতিহ্যের সঙ্গে কৃষির একটা দারুণ যোগসূত্র থাকলেও এখন কৃষি কাজ এবং কৃষক শুনলেই আমরা তাচ্ছিল্যে মেতে উঠি। কৃষক মানেই গরিব, মূর্খ হিসেবে আমাদের অহংকারী মানসপটে ভেসে উঠে। আধুনিকতায় আমরা এতটাই বিভোর হয়ে গেছি যে, একজন কৃষক এবং কৃষকের ছেলেকে আমরা 'ক্ষ্যাত' বলে আখ্যায়িত করি, ফলে যা হওয়ার তাই হচ্ছে। একজন জাতকৃষক তার ছেলেকে কৃষক বানায় না। জজ-ব্যারিস্টার-ডাক্তার কিংবা সরকারি চাকরিজীবী বানাতে চায়। আমাদের এমন মানসিকতা এখন এমন পর্যায়ে পৌঁছে যে, 'শিক্ষাগ্রহণ করো, শহরে যাও, চাকরি কর'। এরূপ অবস্থায় দেশীয় অর্থনীতির প্রাচীন ও প্রধান খাত কৃষি এবং কৃষক এখন নিম্নমানের কর্ম ও কর্মক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।
এই যে মানুষের এত আয় রোজগারের আকাক্সক্ষা, তীব্র চেষ্টা সবকিছুই খাবারের জন্য। গ্রামের মুরুব্বিরা বলে 'যদি পেটে খাবারের দরকার না হতো, তাহলে মানুষে মানুষে এত হানাহানি, খুনোখুনি হতো না'। দিনে দিনে বহু মানুষ অর্থনৈতিকভাবে ভাগ্যের চাকা ঘুরলেও খাদ্য কষ্টে ভুগে এমন মানুষের সংখ্যাও কম নয়। এ ছাড়া যারা সাধারণ শ্রমজীবী মানুষ তাদের আয়ের তুলনায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য অধিক। অথচ কৃষিক প্রধান দেশ হিসেবে কৃষি পণ্য সঠিকভাবে উৎপাদন করতে পারলে খাদ্যের ঘাটতি কিংবা মূল্যবৃদ্ধির সমস্যায় পড়তে হতো না আমাদের। পেঁয়াজ, লবণ, তেলসহ প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়ছে। করোনা মহামারি শুরুর পূর্বে তো পেঁয়াজের মূল্য আকাশ ছুঁয়েছিল। এভাবে নিয়মিত কোনো না কোনো পণ্যের দাম নিয়ে জনগণের সঙ্গে তামাশা চলেই। বর্তমানে সব ধরনের ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে দেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাপা ক্ষোভ তৈরি হয়েছে নাগরিকদের মাঝে।
সম্প্রতি 'বাংলাদেশের ৫০ বছর, কৃষির রূপান্তর ও অর্জন' শীর্ষক এক কৃষি সম্মেলনে মাননীয় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, 'আমরা অনেক বেশি ভাত খাই। যদি ভাতের এই কনজাম্পশন (খাওয়া) কমাতে পারি, তাহলে চালের চাহিদা অনেকটাই কমে যাবে। আমরা একেকজন দিনে প্রায় ৪০০ গ্রাম চাল খাই। পৃথিবীর অনেক দেশে ২০০ গ্রামও খায় না'। তিনি খাবার কম খেতে বলেননি, বলেছেন, ভাত খাওয়া কমিয়ে পুষ্টিকর খাবার খেতে। নাগরিকদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে কাজ করছেন বলে জানান তিনি। কৃষিমন্ত্রীর মন্তব্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও বেশি ভাত খাওয়ার মন্তব্যটি অমূলক নয়। আমরা মাছে ভাতে বাঙালি হিসেবে সাধারণত তিন বেলায় ভাত খাই। ভাতের পুষ্টিগুণ থাকলেও শরীর মুটিয়ে যাওয়ার জন্য ভাত দায়ী। যারা শরীরের মেদ কমাতে চান এবং মুটিয়ে যাওয়া থেকে রেহাই পেতে চান, তাদের প্রতি ডাক্তার কিংবা ফিটনেস ট্রেনারদের অন্যতম নির্দেশনা থাকে ভাত খাওয়া প্রায় ছেড়ে দেওয়া। ফলে সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবন ধারণের জন্য ভাতই একমাত্র আবশ্যিক খাদ্য, এমনটা নয়। পরিশ্রমী শরীরের খাদ্য চাহিদা অধিক হলেও ভাতই একমাত্র খাদ্য না হয়ে পুষ্টিকর খাবারের মাধ্যমেও সে চাহিদা পূরণ করা সম্ভব।
বাংলাদেশে বিগত এক দশক পূর্বেও গম চাষ ছিল প্রচুর। গ্রাম কিংবা শহরের মানুষ আটার রুটি দিয়েই সকালের খাবার সম্পন্ন করত। এখনো শহরে নানরুটি কিংবা তেলে ভাজা পরোটা তৈরি হয় গমের আটা-ময়দা দিয়ে। পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রধান খাদ্য রুটি। রুটিতে চালের চেয়ে বেশি পুষ্টিগুণ আছে- যা স্বীকৃত বিষয়। এছাড়াও একসময় মিষ্টি আলুর চাষ হতো প্রচুর, মানুষ সকাল কিংবা রাতের খাবার সম্পন্ন করত আলু দিয়ে। মিষ্টি আলুর পুষ্টিগুণও ভাতের চেয়ে বেশি। একজন মানুষ যদি সুঠাম দেহের অধিকারী হতে চায়, তাহলে অবশ্যই তাকে ভাত খাওয়া কমিয়ে পুষ্টিকর খাবারে মনযোগী হতে হবে। ব্যক্তিগতভাবে একসময় প্রচুর ভাত খেয়ে মোটা হতে চাইতাম, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভাবনার পরিবর্তন আনতে হয়েছে। মোটা হওয়া নয় বরং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া জরুরি। সুস্থ স্বাভাবিক শরীরের জন্য বেশি ভাত নয়, প্রয়োজন বেশি পুষ্টিকর খাবার। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত বলেই চালের দাম বেশি, কিন্তু অধিক পুষ্টিসম্পন্ন আটা-ময়দার দাম চালের তুলনায় অনেক কম।
মানুষ কী খাবে বা না খাবে, এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। তবে ভাত খেয়েই জীবন ধারণ করতে হবে, এই ধারণার পরিবর্তন আনাও জরুরি।
এছাড়া সবারই কাম্য থাকে সুস্বাস্থের অধিকারী হওয়া। ফলে সুস্বাস্থ্য ও সুঠাম দেহের জন্য ভাত খাওয়া কমিয়ে দিয়ে রুটি কিংবা পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। কৃষি প্রধান দেশ হিসেবে গম চাষ ও পুষ্টিকর খাবার উৎপাদনের জন্য কৃষকদের কৃষি প্রণোদনা প্রদানের মাধ্যমে দেশকে পুষ্টিকর খাবারে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে সব নাগরিকের পুষ্টিকর খাবারের চাহিদা পূরণের পাশাপাশি নির্দিষ্ট কোনো খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পরিবর্তে নাগরিকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলেই মনে করছি।
জুবায়ের আহমেদ : কলাম লেখক