ভাড়া নৈরাজ্য নতুন কোন সমস্যা নয়। এ নিয়ে আন্দোলন, লেখালেখিও হয়েছে অনেক এবং এখনো হচ্ছে। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয়নি। মহামারি করোনার কারণে দীর্ঘদিনের লকডাউন শেষে চালু হওয়া গণপরিবহনে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য এখন আরও চরম আকার ধারণ করেছে। নগরীতে চলাচলকারী বাস-মিনিবাসগুলো ট্রাফিক আইনের ক্ষেত্রে শুধু নয়, যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের ক্ষেত্রেও কোনো রকম নিয়ম-নীতির তোয়াক্কা করছে না।
যাত্রীদের ঘাড়ে লাগামহীনভাবে অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিচ্ছে তারা। নিরুপায় যাত্রীদের মৌখিক প্রতিবাদ করা ছাড়া কিছুই করার থাকে না। শেষমেশ অতিরিক্ত ভাড়া তারা মেনে নিতে বাধ্য হচ্ছেন। পরিবহন শ্রমিকদের নৈরাজ্য আর অনাচারে বাসের যাত্রীরা চালক আর কন্ডাক্টারের কাছে যেন জিম্মি। এ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলতে গেলে একপ্রকার নির্লিপ্ত। তাদের এই নির্লিপ্ততার সুযোগ নিয়ে ভাড়া বাড়ানোর জন্য নতুন করে পাঁয়তারা চলতে থাকে কিছুদিন পরপর।
প্রতিটি বাসে ভাড়ার তালিকা টঙানোর সুনির্দিষ্ট নিয়ম থাকলেও কোনো বাসে এখন আর তালিকা দেখা যায় না। চলন্ত বাসের দরজা বন্ধ থাকার নিয়মও কেউ মানে না। যাত্রী পেলে মাঝপথেও বাস দাঁড়াতে দ্বিধা করে না। আবার যাত্রী নামানো হয় যখন তখন ইচ্ছানুসারে। বিরতিহীন সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও কার্যত সব বাসই বিরতি দিয়েই চলে। সিটিংয়ের নামে চিটিং প্রবনতার কাছেও জিম্মি যাত্রীরা। স্বাস্থ্যবিধিরও কোন তোয়াক্কা করা হচ্ছে না পরিবহনগুলোতে। যাত্রী তোলা হচ্ছে ঠাসাঠাসিভাবে। কেউ মাস্ক পরছে কি পরছে না সেদিকে কোন খেয়াল রাখা বা বাধানিষেধের কোন ব্যাপার নেই। যতো যাত্রী তুলতে পারে ততোই তাদের লাভ। কোন পরিবহনেই যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয় না। যাত্রীদের মধ্যেও সচেতনতার কোন বালাই দেখা যায় না।
উল্লেখ্য, ইতঃপূর্বে অতিরিক্ত ভাড়া আদায়ের বদনাম ঘোচাতে সিটিং সার্ভিস বন্ধের অভিযানে নেমেছিলেন পরিবহন মালিকরা। ওই অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অংশ নিয়েছিল। সে সময় রাজধানীজুড়ে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের ভোগান্তিতে ফেলা হয়। সংকট সৃষ্টির ঘটনায় বিআরটিএ’র পক্ষ থেকে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, বরং সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায়ের ক্ষেত্রে একধরনের বৈধতা দেয়া হয়।
কয়েক বছর আগেও রাজধানীর বিভিন্ন রুটে সুদৃশ্য ও মানসম্মত বাস চলাচল করলেও এখন আর তা দেখা যায় না। অনেক রুটে তখন এসি বাসও চলাচল করত। কাউন্টারভিত্তিক সেসব বাস সার্ভিসে মানুষ নির্দিষ্ট গন্তব্যের টিকিট সংগ্রহ করে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে যানবাহনে ওঠার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল। যাত্রীরা, বিশেষ করে অফিসগামী মানুষ মোটামুটি নিরাপদ ও নির্বিঘেœ চলাফেরা করতে পারত সে সময়। বর্তমানে এ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এর বদলে ঢাকার রাজপথ দখল করে নিয়েছে লক্কড়ঝক্কড় মার্কা বাস। এর মধ্যে কিছু বাস কাউন্টার পদ্ধতিতে চলাচল করলেও বেশিরভাগই লোকালে পরিণত হয়েছে, অথচ তারা বাড়তি ভাড়া আদায় করছে সিটিংয়ের নামে।
ফলে রাজধানীর বিপুলসংখ্যক যাত্রীর হয়রানি ও ভোগান্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে, এসব গণপরিবহনের কোনটি লোকাল, কোনটি সিটিং, তা দেখে বোঝার কোনো উপায় নেই। দু-একটি ব্যতিক্রম বাদে মহানগরীর সব রুটেই সিটিং, লোকাল, ডাইরেক্ট, স্পেশাল ইত্যাদি নামধারী বাসগুলোয় যাত্রীদের গাদাগাদি ও বাদুড়ঝোলা হয়ে চলতে হচ্ছে। এ ছাড়া একই দূরত্বের গন্তব্যে যেতে একেক ধরনের বাস সার্ভিসে ভিন্ন ভিন্ন হারে ভাড়া আদায় করা হচ্ছে। সরকারি মালিকানায় পরিচালিত বিআরটিসি বাস সার্ভিসও এ অনিয়ম ও অব্যবস্থাপনা থেকে মুক্ত নয়।
ঢাকা মহানগরীতে চলাচলরত গণপরিবহনে যাত্রী ভাড়া কার্যকর ও রুট পারমিট দেয়ার দায়িত্ব রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি সংক্ষেপে আরটিসি’র। আরটিসি বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। মোটরযান আইন-১৯৮৩ অনুযায়ী রাস্তায় চলাচলকারী যানবাহনের গায়ে আঁচড় থাকতে পারবে না, যানবাহন রংচটা হতে পারবে না এবং যান্ত্রিক ত্রুটিমুক্ত হতে হবে। এর ব্যত্যয় ঘটলে ওই যানবাহনকে ফিটনেসবিহীন হিসেবে গণ্য করা হবে এবং এসব ত্রুটি সারিয়ে রাস্তায় নামতে হবে।
আইনটি যে একেবারেই মানা হচ্ছে না, রাজধানীর রাস্তায় চোখ রাখলেই তা স্পষ্ট প্রতীয়মান হয়। দেশে প্রতিবছর সড়কপথে অন্তত ৫ হাজার দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এসব দুর্ঘটনায় মারা যাচ্ছে কমপক্ষে ৪ হাজার মানুষ এবং পঙ্গুত্ববরণ করছে এর দ্বিগুণ, যার আর্থিক ক্ষতির পরিমাণ কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা।
আমাদের দেশে করোনা মহামারীর প্রথম বছরে মৃতের সংখ্যা ৬ হাজার। অথচ আশ্চর্য ব্যাপার হলো সড়ক দুর্ঘটনায় এদেশে প্রতি বছর ২৩ হাজার মানুষ মারা যায়। পৃথিবীর অন্য কোন দেশের সড়কে বাংলাদেশের সড়কের মতো এমন নৈরাজ্য, হয়রানি এবং ঝুঁকি নেই। যাত্রীদের গলায় ছুড়ি ধরে এভাবে কোথাও ভাড়াও আদায় করা হয় না। প্রতি বছর হাজার হাজার মানুষও সড়কে নির্মম মৃত্যুর শিকার হয় না কোথাও। জীবনের মূল্য অন্য আর সব কিছুর থেকে উর্ধ্বে। মানুষের জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার সবচেয়ে বড় অধিকার। এ অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানুষের কষ্টার্জিত অর্থ যাতে অন্যায়ভাবে পরিবহন ডাকাতরা হাতিয়ে নিতে না পারে সেজন্য নিতে হবে কার্যকরী পদক্ষেপ।
উল্লেখ্য যে, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাস-মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া তিন দফায় বৃদ্ধি করা হয়েছে। প্রতিবারই পরিবহন মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার হার মেনে চলার অঙ্গীকার করেছেন। কিন্তু বাস্তবে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করেছে তারা। ঢাকা শহরের প্রায় ২ কোটি মানুষের ৮০ ভাগই নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণিভুক্ত। এরা গণপরিবহনের ওপর নির্ভরশীল। করোনাকালীন এই দুঃসময়ে সাধারণ মানুষের এই নির্ভরশীলতাকে পুঁজি করে পরিবহন মালিকরা বাড়তি ভাড়া আদায় করছেন। এতে করে সকালবেলা ঘর থেকে বেরিয়ে অফিসমুখী বাস ধরতে গিয়ে প্রতিদিনই অপ্রত্যাশিত বিড়ম্বনার শিকার হচ্ছেন কর্মজীবী মানুষ।
‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’ নামে বাংলাদেশে একটি সমিতি থাকলেও যাত্রীদের খুব একটা কল্যাণ সাধিত হয়নি আজও। এই সমিতিকে অবশ্য গণপরিবহনে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধের জন্য প্রায়ই বিভিন্ন কর্মসূচি হাতে নিতে দেখা যায়। কিন্তু তাদের তোড়জোড় যেমন সরকারের কাছে গুরুত্ব পায় না, তেমন পরিবহন সমিতিও তোয়াক্কা করে না। তাই যাত্রীদের ভোগান্তিরও কোন শেষ হয় না।
ইতোমধ্যে ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’ গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে ‘যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ লকডাউন শেষে গণপরিবহন চালু হয়েছে। এখন গণপরিবহনে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য চরমে পৌঁছেছে। তাই এখনই ব্যবস্থা গ্রহণের জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সরকারের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ করতে হবে।‘
সভায় উপস্থিত জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘সড়কে বারবার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একদিকে নিরাপদ সড়কের কথা বলা হচ্ছে, অন্যদিকে সড়কে নৈরাজ্যও চলছে। এ দেশে সড়ক দুর্ঘটনায় বছরে হাজারো মানুষ মারা যায়। সড়ক দুর্ঘটনায় নিহত হলে মামলা হলেও মানুষ বিচার পায় না। পরিবহন খাতে অসম প্রতিযোগিতা চলছে। এসব নৈরাজ্য বন্ধ করতে হবে। এ দাবি শুধু আমার নয়, এ দেশের ১৭ কোটি মানুষের।’
‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’ সাধারণ যাত্রীদের যে দুঃখ-দুর্দশা ও হয়রানির কথা তুলে ধরেছেন আশা করি আমাদের মাননীয় সরকার সেগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত সড়ক উপহার দিতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে কঠোর নীতিমালা গ্রহণ ব্যতীত ভিন্ন কোন পথ খোলা নেই। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের পাশাপাশি ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় কোনো যানবাহন যাতে রাজপথে চলাচল করতে না পারে, এ ব্যাপারেও সরকার কার্যকর পদক্ষেপ নেবে--এটাই প্রত্যাশা।
তাহসিনুল ইসলাম : কথাশিল্পী