„একটি দীর্ঘ অপেক্ষা। সেই অপেক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার। কাধে স্কুল ব্যাগ ঝুলিয়ে বন্ধুর সাথে গল্প করতে করতে স্কুল-কলেজে হেঁটে যাওয়ার দৃশ্য গত বছরের মার্চের পর থেকেই আর দেখা যায় নি। হঠাৎ পৃথিবীর বুকে এক অন্ধকারে ডুবে গেলো সব। আমাদের দেশেও করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলো। ক্লাসে বন্ধুর সাথে বন্ধুর অথবা প্রিয় কোনো শিক্ষকের সাথে শ্রেণিকক্ষে দেখাও হয়নি। সেসবই স্মৃতি হয়ে ছিল। শিক্ষকও তার ছাত্রছাত্রীদের থেকে ক্লাসে যেভাবে পেতো সেভাবে আর পায়নি। উভয়ের মাঝে এক শূণ্যতা বিরাজ করছিল। মজার কোনো গল্প শুনিয়ে ছাত্রছাত্রীকে মুগ্ধ করা হয়নি। করোনা মহামারী এমন মারাত্বকভাবে ছড়িয়ে পরে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি। গত বছরের মার্চে বন্ধ হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, এই লম্বা সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত বাংলাদেশে চার কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান হলো প্রাণচাঞ্চল্যের মূলস্বরুপ। একটি শিশু যেমন একটি বাড়ির প্রাণ সেইরুপ শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর কলকাকলিও প্রাণে মুখর করে রাখে চারদিক। সেই প্রাণচাঞ্চল্যের পরিবর্তে দীর্ঘ সময়ে বিরাজ করে নিরবতা। ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাস থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ। কিন্তু দীর্ঘ দিনের বন্ধ থাকাতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দাবি জোরালো হতে থাকে। কারণ এই বিরতিতে শিক্ষার্থীরা অভ্যস্থ হয়ে ওঠে মোবাইল ফোনে। ঘন্টার পর ঘন্টা মোবাইল গেমস খেলে সময় কাটায়। পরীক্ষার অনিশ্চয়তায় লেখাপড়াতেও গতি আসে না।
সম্প্রতি স্কুল-কলেজ খোলার ঘোষণায় স্বস্তি¡ এসেছে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে। অনেক অপেক্ষা এবং বিরতির পর তারা এখন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। ফের প্রাণচাঞ্চল্য ফিরবে শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে শিক্ষাঙ্গণ। তাদের ছোটাছুটি, দৌড়াদৌড়িতে মেতে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এমন মধুর দৃশ্য বহুদিন অনুপস্থিত। যারা চলতি বছর শিক্ষা জীবন শুরু করেছে তারা শ্রেণিকক্ষ, শিক্ষক, সহপাঠি,টিফিন এবং টিফিনে খেলাধূলা করা এসব অনুভূতিই পায়নি। এবার তারা তাদের জীবনের সেই গুরুত্বপূর্ণ অংশটি পূর্ণ করতে পারবে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষাব্যবস্থা। কয়েক কোটি শিক্ষা সাথে জড়িত শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই দীর্ঘদিন যাবৎ শিক্ষার স্বাভাবিক কার্যক্রম থেকে দূরে রয়েছে। কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ থাকায় বলা যায় তারা পাঠ্যবই থেকেই দূরে রয়েছে। যদিও অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এই ঘাটতি পূরণ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে যে গতিময়তা এবং প্রাপ্তি তা যেন কিছুতেই পূরণ হচ্ছিল না। শিক্ষায় এই অনাকাঙ্খিত পরিবেশ ইতিপূর্বে কোনোদিন হয়নি। ফলে আমাদের প্রস্তুতিও ছিল না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বাল্যবিয়ে এবং শিশুশ্রমের মতো সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছিল।আমাদের প্রধান লক্ষ্য করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং কোমলমতি শিক্ষার্থীদের করোনা ভাইরাস থেকে দূরে রাখা। এই দীর্ঘ বিরতিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণি থেকে অটো পাস করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। কিন্তু পূর্ববর্তী শ্রেণির শিখন ঘাটতি কতটা পূরণ হয়েছে বা চলতি বছরেরও অনেকটা সময় পার হয়েছে। আর কয়েকমাস পরেই নতুন শ্রেণিতে উত্তীর্ণ হবে। এই দু’টো শ্রেণির শিখন ঘাটতি পূরণ করা সহজসাধ্য কাজ হবে না। একটি গ্যাপ শিশুর থেকে যাবে। তবে চেষ্টা করতে হবে যাতে তা যতটা সম্ভব পূরণ করা যায়। পূর্ববর্তী শ্রেণির লেখাপড়া পরবর্তী শ্রেণিতে পাঠ সহজবোধ্য করতে সাহায্য করে। বিশেষ করে প্রাথমিকে চতুর্থ শ্রেণির সাথে পঞ্চম শ্রেণি এবং সপ্তম শ্রেণির সাথে অষ্টম শ্রেণির নিবিঢ় যোগসূত্র রয়েছে। শিক্ষার্থীদের একটি বড় অংশই পূর্বের শ্রেণির গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে পরের শ্রেণিতে পড়া শুরু করেছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ শিক্ষায়ও সংকট তৈরি হয়েছে। যেসব শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে চাকরির যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছিল তারা হতাশায় ভুগছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের মনের ওপরও চাপ বাড়ছে। গত বছর অটোপাশ দেওয়া হয়েছে। এটি কোনো সমাধান নয়। এবছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারী অসহায় জীবন যাপন করছেন। স্কুল থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এসব শিক্ষক। বেতন নেই ফলে পরিবারের চাহিদা মেটানোর জন্য শিক্ষকতা ছেড়ে নানা পেশার সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর হিসাব মতে, দেশে ৪০ হাজার কিন্ডারগার্টেনে প্রায় ছয় লাখ শিক্ষক-কর্মচারী রয়েছেন। আর বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের তথ্যানুযায়ী, দেশে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ৬০ হাজার। এসব প্রতিষ্ঠানে পৌনে এক কোটি শিশু পড়াশোনা করে। এই কিন্ডারগার্টেনগুলোর অধিকাংশই পরিচালিত হয় ভাড়া বাড়িতে। ফলে এই দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়মিতভাবে ভাড়া পরিশোধ করতে না পারায় বাধ্য হয়েই বাসা ছেড়ে দিতে হয়েছে। প্রথম কয়েকমাস পরেই আর ভাড়া বহন করা সম্ভব হয়নি অনেক প্রতিষ্ঠানের। ফলে একের পর এক কিন্ডারগার্টেন বন্ধ হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক তথ্যে চার হাজারের বেশি কিন্ডারগার্টেন ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে জানা যায়। ফলে স্কুল কলেজ খুলে দেওয়ায় এসব শিক্ষক কর্মচারীর জীবনে নতুন আশার সঞ্চার হবে। তাদের পরিবার নিয়ে হতাশ জীবন-যাপন করতে হবে না। করোনার কারণেই এত দীর্ঘ সশয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অপেক্ষা ছিল পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার। এখন দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ভালো হচ্ছে। কমছে প্রতিদিনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ব্যাপকহারে টিকা দেওয়া হচ্ছে। আশা করা যায় করোনা সংক্রমণ দ্রুতই আরও কমে আসবে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে প্রাণের সঞ্চার হবে। কারণ শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যত।
অলোক আচার্য
সাংবাদিক ও কলাম লেখক, পাবনা