দিনের পর দিন সমাজে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলার অপলাপ ও প্রবণতা তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে জাহির করা হচ্ছে। ষড়যন্ত্র, চক্রান্ত অব্যাহতভাবে এগিয়ে চলছে। যেন রায় রক্ষিতার বালাই নেই। ফলশ্রুতিতে দিন দিন সত্যের জায়গায় মিথ্যা এবং মিথ্যার জায়গায় সত্য গড্ডালিকা প্রবাহের মতো মাথার ওপর চেপে বসেছে। যদিও মিথ্যা না বলার জন্য আল্লাহ রাব্বুল আল আমীন ও রাসূল (সাঃ) কোরআন ও হাদীসে বারবার নিষেধ, কঠোর সতর্কবানী উচ্চারণসহ এর পরিণতি সম্পর্কে সাবধান করে দেয়া হয়েছে।
তারপরও সমাজে একশ্রেণীর লোক সত্যের জায়গায় মিথ্যা ও মিথ্যার জায়গায় সত্য আনয়নে আদৌ থামছে না। এটাকে অনেকেই হালুম হলুম করে দানব ও রাক্ষসের মতো গিলছে। তদোপরি এর কারণেই সমাজে অনাচার, অবিচার, ব্যভিচার, গীবত, অসমালোচনা, নিন্দা, ক্ষমতার অপব্যহারসহ ঘুষ দুর্নীতি রেন্ডাম বেড়েই চলছে। এসবের শেষ কোথায় কেহ বলতে না পারলেও এর পরিণতি যে সমাজে ভয়াবহ পরিণতি ডেকে আনে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাতে কারও সতর্ক, সাবধান ও ন্যায় নিষ্ঠাবান হওয়ার প্রবনতা দেখা যায় না। যদিও এসব থেকে প্রত্যেকেরই সাবধান ও সতর্ক হওয়া বাঞ্চনীয়। এ প্রসঙ্গে অসংখ্য উপমা ও উদাহরণের যেন শেষ নেই। সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলার প্রেক্ষাপটে অনেকেই অহরহ ন্যায় বিচার থেকেও বঞ্চিত হচ্ছে। যদিও তাতে বিচারকের করার মতো তেমন কিছু নেই। যদিও বিচারকের এজলাসে লাল হরফে লেখা রয়েছে আমি যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। তারপর হলফনামা হিসেবে সাক্ষ্য দেয়ার আগে তা পড়ারও বিধান রয়েছে।
এ প্রসঙ্গে নিবন্ধের আলোকে একটি উদাহরণ তুলে ধরা হল। একবার কোনো এক গৃহকর্তা তার স্ত্রীকে একটি কবুতরের বাচ্চা জবাই করে দিয়ে বলে, আমি বাহিরে যাচ্ছি। ফিরে এসে কবুতরের বাচ্চা রান্না করা মাংস দিয়ে ভাত খাব। স্ত্রী যথারীতি কবুতরের বাচ্চা রান্না করার ব্যবস্থা করে। কিন্তু অসর্তকতার কারণে বিড়াল কবুতরের মাংসের পাত্র হতে মাংস নিয়ে চলে যায়। তখন গৃহকর্তার স্ত্রী ভয়ে আতংকিত হয়ে পড়ে। তারপর বাড়ীর পাশের ডোবা থেকে একটি ব্যাঙ এনে কবুতরের বাচ্চার মতো রান্না করে গৃহকর্তার খাওয়ার পাত্রে দেয়। এ ঘটনার গৃহকর্তার ছোট বাচ্চা প্রত্যক্ষ করে থাকে। যখন গৃহকর্তা খেতে ছিল, তখন বাচ্চাটি গৃহকর্তা বাবাকে বারবার বলছিল, আমি যদি সত্য বলি বাবা তুমি ব্যাঙ খাও। আর যদি মিথ্যা বলি বাবা তুমি কবুতরের বাচ্চা খাও। কিন্তু গৃহকর্তা খাওয়ায় ব্যস্ত থাকাতে এই কথা কর্ণপাত করেনি। আজ এমনিভাবে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলার কারণে কবুতরের বাচ্চার মতো অনেকেই হালুম হলুম করে ব্যাঙ খেয়েই আত্মতৃপ্তি লাভ করে থাকে। আর যদি ছোট বাচ্চার কথায় কর্ণপাত করে সাবধান হত এবং তলিয়ে দেখত, তবে হয়তো এমনিভাবে কবুতরের বাচ্চার মতো ব্যাঙ খেতে হত না।
একবার নামদামী কোনো এক কর্তার অফিসে বসাছিলাম। হঠাৎ এক অজানা, অচেনা এক ব্যক্তি এসে কর্মকর্তাকে একটি পেন্ডিং ফাইল ডিসপোসাল করার জন্য সুপারিশ করে থাকে। সুপারিশকারী লোকটি কর্মকর্তাকে পেন্ডিং ফাইল সম্পর্কে এমনভাবে বুঝাল যেন তার কথা সম্পূর্ণ সত্য। তার কথার ওপর আস্থা ও বিশ্বাস করে পেন্ডিং ফাইলটি বিবেচনায় এনে তা ডিসপোসাল করার কথা বলে লোকটিকে বিদায় দেয়া হয়। ইতোমধ্যে উক্ত কর্মকর্তা ফাইলটি ডিসপোসাল করার ব্যাপারে যথারীতি নোট দেয়ার জন্য সংশ্লিষ্ট সহকারীকে ফাইলটি পেশ করার কথা বলেন। আমি বসে থাকতে থাকতে উক্ত সহকারী ফাইলটি নিয়ে এসে কর্মকর্তাকে বিনয়ের সাথে বলে, স্যার এ ফাইলটি এমনিভাবে উরংঢ়ড়ংংধষ করার কোনো সুযোগ নেই। তাতে বিশেষ ফাঁকফোকড় রয়েছে এবং ফাইলে যা আছে তা আদ্যোপান্ত ব্যাখ্যা, বিশ্লেষণ বর্ণনা করা হয়। ফাইলটি অধিক তদন্তে আপাতত স্থগিতের আদেশ দিয়ে উক্ত কর্মকর্তা সেই সুপারিশকারীকে ডেকে আনেন। ফাইলটির বর্ণনা দেন। তাতে সুপারিশকারী ফাইলে উল্লেখিত মৃতকে জীবিত এবং জীবিতকে মৃত বলার কথা স্বীকার করে থাকে। এমনিভাবে সত্য মিথ্যা অজুহাতে কত যে সর্বনাশ হচ্ছে তা ভূক্তভোগী ছাড়া খবরই বা রাখে কজনা।
মিথ্যার অপবাধ ও ষড়যন্ত্রে নিপতিত হয়ে অনেকের মানসম্মান ও সোনার সংসার বরবাদ হচ্ছে। ব্যাংক, বীমা ও প্রজেক্টের কোটি কোটি টাকা আত্মসাৎ হয়ে যাচ্ছে। ৮২ সালের ২৪ মার্চ এইচ.এম এরশাদ সেনাপ্রধান হিসেবে ক্ষমতা দখল করে। ৯০ এর ৬ ডিসেম্বর পতনের পর গণদুশমন খেতাবে ভূষিত হয়। সামরিক আইন প্রশাসক (সিএমএলএ) এরশাদ মিথ্যা মিথ্যি অপবাদে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এক সামরিক ফরমান ও পিও-৯ এর কালা কানুনের মাধ্যমে ৫৫৫ জন সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুৎ করে থাকে। যাকে বলা হয় ফাইভ ফিফটি ফাইভ। এ সমস্ত ভূক্তভোগী কর্মকর্তারা অহেতুক সন্তান, সন্ততি, পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন ও দেশের মানুষের নিকট চরমভাবে নিগৃহীত হয়েছে। অনেকেই এ জ্বালা যন্ত্রনা ও কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছে। অনেকে আজও বেঁচে আছে। অনেকে সন্তান সন্ততির পড়ালেখার খরচ, পারিবারিক ব্যয়ভার ও চিকিৎসার খরচ চালাতে পারেনি। না জেনে না বুঝে এরশাদের এহেন ভ্রান্ত সিদ্ধান্ত এবং এক শ্রেণীর তল্পীবাহকদের মিথ্যা ও ভ্রান্ত পরামর্শে এরশাদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে ভূক্তভোগীসহ আরও অনেকে মন্তব্য করে থাকে।
একবার কোনো এক যুদ্ধে বিধর্মীরা পরাজিত ও আটক হয়ে থাকে। সেই সময় ওরা হযরত ওমর (রাঃ) কাছে ছেলে আবু শামার বিরুদ্ধে মিথ্যা মিথ্যি ফরিয়াদ করে থাকে। আবু শামা যুদ্ধে আটক নারীদের উত্যক্ত করে থাকে ও সূরা পান করে থাকে। আমীরুল মোমেনীন হযরত ওমর (রাঃ) এই অভিযোগের সত্য, মিথ্যা, তদন্ত না করে আবু শামাকে বেত্রাঘাতে হত্যা করার নির্দেশ প্রদান করলে তাহাকে বেত্রাঘাতে হত্যা করা হয়। যদিও পরে ভুল বুঝতে পেরে এবং অভিযোগ ডাহা মিথ্যা প্রমাণিত হওয়ায় আমীরুল মোমেনীন হযরত ওমর (রাঃ) ছেলের কবরে গিয়ে শিশুর মতো ক্রন্দন করতে থাকে (পিকে হিট্টি- আরবের ইতিহাস)।
এমনিভাবে দুনিয়াতে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য সাজিয়ে কত যে বড় বড় হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে এবং হচ্ছে এর যেন শেষ নেই। আমরা যে বা যাহারা যা কিছু করি না কেন, ভালোভাবে সত্য, মিথ্যা যাচাই করে করাই অপরিহার্য। যত বড় ক্ষমতাশালীরই ক্ষমতা চিরদিন থাকে না, তেমনি একদিন আগে বা পরে হোক এ দুনিয়ার মোহমায়া, শানশৌকত ত্যাগ করে সবারই চলে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে একদিন বিচারের সম্মুখীন হতে হবে এবং কৃতকর্মের জওয়াব দিতে হবে।
২৬ আগস্ট গণমাধ্যমে আল জাজিরার বরাতে প্রকাশিত সংবাদের দৃশ্যপট উল্লেখ করা হল। সংবাদটির শিরোনাম ছিল “আজ আমির কাল ফকির”। তাতে দেখা যায়, তালেবানের কাছে কাবুল পতনের আগে আফগানিস্তানের সেনাবাহিনীর প্রধান ছিলেন মোহাম্মদ আহমত জাই। দুই লাখের বেশী আফগান সেনা সদস্যরা তার কথায় উঠত বসত। প্রভাবশালী সেই সেনানায়ক আজ কাবুল বিমান বন্দরে দাঁড়িয়েছেন সাধারণ শরণার্থীদের সাথে। দেশ ছাড়ার আকুতি তার চোখে মুখে দৃশ্যমান। প্রাণভয়ে পালিয়েছে প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তাজিকিস্তান ও ওমানে আশ্রয় না পেয়ে এখন আছেন আরব আমিরাতে। এদিকে পালিয়ে গিয়ে জার্মানীর রাস্তায় রাস্তায় কাঁদে ব্যাগ নিয়ে পিৎজা বিক্রী করে জীবন নির্বাহ করছে আফগানিস্তানের সাবেক যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আহমত শাহ শাদাত। কিন্তু ক্ষমতায় থাকা তারা যা করেছে তা আজ আল জাজিরাসহ বিভিন্ন মিডিয়া ও তাদের দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে যে ফিরিস্তি বের হচ্ছে তা তাদের অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মিথ্যা কালিমায় লিপ্ত বলে জানা যায়।
নতুন কিছু নয়। দীর্ঘদিন যাবৎ এদেশে এক শ্রেণীর সুযোগ সন্ধ্যানী রাজনীতিক ও একশ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে চালিয়ে ক্যামোফ্ল্যাক্স করে কোটি কোটি টাকা প্রতারণামূলকভাবে হাতিয়ে নিচ্ছে। অপর
দিকে মিথ্যা ও প্রতারণামূলক, ভূয়া কাগজপত্র ও দলিলের মাধ্যমে যা করছে এমন অসংখ্য উদাহরণের শেষ নেই। ২৬/৮/২০২১ ইং যুগান্তরে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের (আইএলএমএসএল) মোট ঋণের পরিমান ৪ হাজার কোটি টাকা হলেও এর বিপরীতে সম্পদ রয়েছে মাত্র ৭০০ কোটি টাকা। সত্যকে ঢাকা দিয়ে মিথ্যা কিভাবে অহরহ ব্যাপ্তি ঘটছে তা বলে শেষ করা যাবে না।
জানা যায়, এক ব্যক্তি জমি সংক্রান্ত বিরোধে থানায় মামলা দিতে যায়। কিন্তু কোনো মতেই থানা মামলা নিতে চায় না। তাকে বলা হয়, চাঁদাবাজি বা নারী নির্যাতনের মামলা লিখে আনতে। তাতে ঐ ব্যক্তি রাজী না হলে তাহাকে থানা থেকে ধমক দিয়ে বলা হয় এ ব্যাপারে থানায় আর আসবেন না। অবশেষে বাধ্য হয়ে ব্যক্তিটি পুণরায় থানার স্মরণাপন্ন হয়ে থাকে। পরে ওরাই তাদের লোক দিয়ে চাঁদাবাজির ডাহা মিথ্যা মামলা ও শ্লীলতাহানির মামলা লিখে কোনো ইনভেস্টিগেশন বা তদন্ত না করেই মামলাটি উল্লেখিত ধারায় এফআইআর করে থাকে। পরবর্তী সময় মামলার বিবাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটি সরেজমিন তদন্ত করার আদেশ প্রদান করে থাকেন। সরেজমিন তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু তদন্তের মধ্যবর্তী সময়ে বিবাদীর যে কত হয়রানী ও অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে তা যেন গৃহস্থের কবুতরের বদলে বিবাদীর ব্যাঙ খাওয়ারই নামান্তর। যদিও থানা কর্তৃপক্ষ বাদীকে এহেন মিথাা মামলার পরামর্শ না দিয়ে বাস্তবতার আলোকে পরামর্শ দিলে বাদী কোনো মতেই এ মিথ্যা মামলায় প্রনোদিত না হওয়ারই কথা। এমনিভাবে একটা শ্রেণী মানুষকে ভালো পরামর্শ না দিয়ে অহরহ চরম বিপদে ফেলার কথা কম শুনা যায়নি।
কয়েক বছর আগের আরেকটি ঘটনা। জানা যায়, পাকুন্দিয়া থানাধীন চন্ডিপাশা ইউনিয়নস্থিত বড় আজলদী গ্রামের নিকটতম দুজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরিশেষে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য ৮৫ বছরের এক বৃদ্ধ ও তার মেয়ের জামাতাকে চাঁদাবাজি ও নারী নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। অর্থাৎ সমাজে এ ধরণের সাজানো ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার নজির ও দৃষ্টান্ত কম নহে। এ ধরণের সাজানো ও মিথ্যা ঘটনা সোনামী ও বানের পানির মতো অপ্রতিরোধ্য গতিতে একটার পর একটা সামনে এগিয়েই চলছে।
এমনিভাবে না জানার অন্তরালে সত্য বললে ব্যাঙ ও মিথ্যা বললে কবুতরের বাচ্চা খাওয়ার প্রবণতা রোধ করতে না পারলে এর বিষধর ছোঁয়া এক সময় সবকিছু লন্ডভন্ড করে দিলে করার কিছু নাও থাকতে পারে। এর ব্যাপ্তি দিন দিন আরও সুবিন্যস্থ হলে এ জ্বালা, বেদনা ও যাতনা নিয়েই জেনে শুনেও কবতুরের বাচ্চার বদলে ব্যাঙ খেলেও হয়তো বলা কওয়া করার কিছু অবশিষ্ট নাও থাকতে পারে।
পরিশেষে বলব, যেভাবে দীর্ঘদিন ধরে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি একে অপরকে ঘায়েল করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তা প্রতিহত না হলে যেভাবে ভালো মানুষের মিথ্যা মামলার ঘানি, ব্যাংক, বীমা, প্রজেক্টের টাকার আত্মসাৎ চলছে, তা দেখে শুধু গৃহস্থের বাচ্চার মতো বলে যেতেই হবে, বাবা সত্য বললে তুমি ব্যাঙ খাও ও মিথ্যা বললে বাবা তুমি হালুম হলুম করে কবুতরের বাচ্চা খাও।
এ.কে.এম শামছুল হক রেনু
লেখক কলামিষ্ট