কয়েক বছর আগে হাইব্রিড শব্দটির সাথে কারও পরিচয় ছিল না। আজকাল মোটাতাজা, নাদুস নুদুস গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগী থেকে শুরু করে আম, পেয়ারা, কলা, করলা ও শাকসব্জীর ক্রেতা বিক্রেতাদের মধ্যে অহরত হাইব্রিড নিয়ে বচসা হয় এবং হাইব্রিড প্রশ্নটি সামনে এসে যায়। যদিও এরই মধ্যে হাইব্রিড নেতা ও হাইব্রিড দুর্নীতিবাজ শব্দ চয়নটিরও সংযুক্ত হয়েছে। রাজনীতি নিয়েও রয়েছে অনেকেরই বিভিন্ন অভিমত। এ নিবন্ধে রাজনৈতিক দল, হাইব্রিড ও দুর্নীতিবাজ ও হাইব্রিড নেতা সম্পর্কে কিছু আলোকপাত করা হয়। তাতে কোনো হাইব্রিড নেতা, রাজনৈতিক দল, দুর্নীতিবাজ ও ঘুষখোরদের বিব্রত না হয়ে উপলব্ধি করারই কথা। যা সমাজের কিছু অতিলোভী ও অপাংক্তেয়দের কারণে এ দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে অনেকেরই ধারণা।
তাই বলে রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল ও শাসন, প্রশাসনে দেশপ্রেমিক, ন্যায় নিষ্ঠাবান, জনহিতৈষি জাতির কল্যাণ, দেশের উন্নয়ন ও বিভিন্ন পর্যায়ে আদর্শবান লোক নেই তাও বলা যাবে না। দেশের মানুষ দলমত, জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে আজও তাদের বিন¤্র শ্রদ্ধার সাথে স্মরন করে থাকে। সূর্যসেন, তিতুমীর, ক্ষুদিরাম, প্রীতিলতা, মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী, স্যার সৈয়দ আহমদ, আমীর আলী, নবাব স্যার সলিমুল্লাহ, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ.কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আরও অনেককে। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ও জেনারেল এম.এ.জি ওসমানীকেও খাটো করে দেখার সুযোগ নেই। ইতিহাসে বঙ্গবন্ধু ও তাদের অবদান চিরস্মরণীয়, অম্লান ও জাগ্রত। তাদের জন্ম ও মৃত্যুদিবসে তাদের কবর ও সমাধিস্থলে মানুষের ঢল নামে। ফুলে ফুলে সুশোভিত হয়ে যায়। তাদের অবদান, জনগণের কল্যাণ ও জনস্বার্থে তাদের অপরিসীম ত্যাগই তাদেরকে সুমহান করে রেখেছে। যদি তাঁহারা বেঁচে থাকতেন, তবে হাইব্রিড নেতা, স্বার্থপর রাজনীতিক, দুর্নীতিবাজ, ঘুষখোর কর্মকর্তা-কর্মচারীর হালহকিকত দেখে লজ্জা ও কষ্ট পাওয়া ছাড়া কোনো উপায়ন্তর ছিল না।
রাজনৈতিক নেতাদের জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে রাজনীতি করার আভিধানিক দিকদর্শন রয়েছে। যার বাইরে চলার সুযোগ কারও নেই। তবে একনায়ক ও স্বৈরশাসক নিয়ে সম্পূর্ণ ভিন্ন কথা। গণতান্ত্রিক রাজনীতিতে জনগণের কল্যাণ, প্রগতি, উন্নতি, সমৃদ্ধি এর বড় মাপকাঠি। এর বাইরে যাওয়া অগণতন্ত্রের পথকে প্রশমিত ও সুষ্ঠু ধারার রাজনীতির পথকে কন্টকাকীর্ন ও নানা প্রশ্নের সম্মুখীন করে থাকে। যারা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে, ইতিহাসে তাদের স্থান জননিন্দিত হয়ে রয়েছে। আজও মানুষ হিটলার, মুসোলিনি, জার, চেংঘিস খান, তৈমুর লংগ, নাদির শাহ, চসেস্কু, ইয়াহিয়া ও টিক্কা খানকে ঘৃণাভরে স্মরণ করে। মীরজাফরের কবরের পাশ দিয়ে যাওয়া আসার সময় জুতা ও থুথু নিক্ষেপ করে থাকে। ইতিহাস বড়ই নির্মম ও নিষ্ঠুর। কাহাকেও যেমন তার প্রাপ্তি জানাতে ভুল করেনি তেমনি কাহাকেও কর্মকান্ডের কারণে নিন্দা
জানাতেও ভুল করেনি। লেন্দুমদর্জি সিকিমের জনগণের গণতান্ত্রিক অধিকারকে ভুলন্ঠিত করার কারণে আজও পরাধীন সিকিমের জনগণ তাকে বিশ্বাসঘাতক ও বেঈমান হিসেবে চিহ্নিত করে থাকে।
এক শ্রেণীর লোক রাতারাতি দীর্ঘদিনের ত্যাগী ও সিনিয়রদেরকে ডিঙিয়ে জিরু থেকে হিরু হয়ে যাচ্ছে। বিভিন্ন, রাজনৈতিক দলে এ ধরণের হাইব্রিডদের যেন অভাব নেই। লক্ষ্য করলে দেখা যায়, ইউনিয়ন পর্যায়ের নেতার যোগ্যতা না থাকলেও জেলা ও কেন্দ্রের নেতা বনে যায়। অহরহ এ শ্রেণীটার বড় বড় কথা, হুংকার ও তোকাব্বরীই রাজনৈতিক নেতা ও রাজনীতির বারটা বাজিয়ে থাকে। কাকে কখন কি বলতে হয় কিভাবে সম্মান জানাতে হয়, তা তাদের মাথায় আদৌ কাজ করে না। ওরা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ, দুর্নীতি ও অসদোপায়ে গাড়ী, বাড়ী, দুর্নীতির পাহাড় গড়তেই সমধিক ব্যস্ত। অর্থাৎ যে কারণে কেহ তাদেরকে হাইব্রিড লাউ, কুমড়া, শাকসব্জি ও গরু, মহিষ, ছাগলের মতো আখ্যায়িত করতে দ্বিধা সংকোচ ও কুন্ঠবোধ করে না। রাশি রাশি অবৈধ সম্পদ ও ঘুষ দুর্নীতির প্রেক্ষাপটে ওরা অহরত গ্রেফতার ও বিচারের দ্বারস্থ হচ্ছে। এ শ্রেণীটা ৭৫ এর পট পরিবর্তন, ৮১ সালে জিয়ার মর্মান্তিক মৃত্যু ও ৮২ সালের ২৪ মার্চ এরশাদের অবৈধ ক্ষমতার সময় যে কান্ড ঘটিয়েছে তাও কোনো মতেই ভুলে যাওয়ার নয়। রাজনীতিতে ওরা মাখাল ফল হিসেবে জনগণের কাছে চিহ্নিত ও নিন্দিত। তেমনিভাবে অনেক কর্মকর্তা-কর্মচারী সুযোগের ব্যবহার করে সিনিয়রদের ডিঙিয়ে পদোন্নতির চেয়ারে সমাসীন হয়ে যা খুশী তা করে যাচ্ছে। যদিও এসব কিছু নতুন নয়। প্রজাতন্ত্রের সেবক হলেও সেবার ধারে কাছে তাদেরকে দেখা যায় না। জনগণের পরিশ্রমের ঘামের টাকার খাজনা ট্যাক্সের মাধ্যমে যাদের বেতন, সরকারি আলীশান ফ্ল্যাট, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ী, বাড়ী ব্যবহার করে ওরা দেশের মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না। ওদের মুখ্য উদ্দেশ্য অসদোপায়ে কাড়ি কাড়ি টাকা কামানো। যে কারণে এসব চিহ্নিত কর্মকর্তা-কর্মচারীরাও হাইব্রিড দুর্নীতিবাজ হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী বারবার বলেছেন আপনারা জনগণের সেবক। আপনারা শাসক নহেন। মনে রাখতে হবে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা ev Government of the Peoples Republic of Bangladesh। ব্রিটিশ ও পাকিস্তান আমলের কথা ভুলে যান। কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, ২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমান আদালতের নামে মধ্যরাতে ঘরের তালা ভেঙ্গে মারধর করে কুড়িগ্রামের আরডিসি নাজিমুদ্দিন ও ম্যাজিস্ট্রেটসহ কয়েকজন কর্মকর্তা। তাহাকে ক্রসফায়ার দেয়ার ভয় দেখায়। মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিবস্ত্র করে। পরে তার কাছে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে এক বছরের কারাদন্ড দিয়ে মধ্যরাতে জেলহাজতে পাঠানো হয়। এ ব্যাপারে মামলা হলে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন, আরডিসি নাজিমুদ্দিন, সহকারী কমিশনার রিটু বিকাশ চাকমা ও এনডিসি রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়।
দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ছিল ৩৭। এরই মধ্যে ওয়ান ইলেভেনের সময় গঠিত কিংস পার্টির ফেরদৌস আহমদ কোরেশীর মৃত্যুর পর তাঁর দলের নিবন্ধন বাতিল হয়ে যায়। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৬ বলে জানা যায়। অপরদিকে কিংস পার্টির অপর নেতা হিসেবে কল্যাণ পার্টির মেজর জেনারেল (অবঃ) ইব্রাহিম বিএনপির ২০ দলীয় জোটের শরীক। দলের নেতা ও রাজনৈতিক দল নিয়ে দল ও দলের বাইরে আলোচনা, সমালোচনা থাকতেই পারে। যা রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু রাজনীতি ও নেতৃত্ব নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও বসুরহাটে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মধ্যে যে সহিংসতা, তীর্যকতা, দাঙ্গা, হামলা, গোলাগুলি ও হতাহতের যে চিত্র বেড়িয়ে আসছে অনেকেই এটাকে ক্ষমতার দ্বন্দ্ব, হাইব্রিড নেতা ও অপরাজনীতির খেশারত বলেই মনে করে থাকে। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, সম্প্রতি কিশোরগঞ্জ- ২ আসনের (কটিয়াদী-পাকুন্দিয়া) সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য এ্যাড. মোঃ সোহরাব উদ্দিনকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মনোনীত করে। যা নিয়ে পক্ষে বিপক্ষে মিছিল, পথসভা অনুষ্ঠিত হয়। তাতে দুপক্ষই একে অপরকে দোষারোপের বৃষ্টি বর্ষণ করছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রয়েছে। এসব জোটে অনেক রাজনৈতিক দল অনিবন্ধিত। যাদের মধ্যে অনেক দলের অফিস নেই বলেও জানা যায়। তারপর রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তাতে রয়েছে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্য। এছাড়া এরশাদের নেতৃত্বে প্যাড সর্বস্ব অজানা, অচেনা ৫৬ দলীয় ইসলামিক জোটের আবির্ভাব হলেও এরশাদের মৃত্যুর পর এর অস্থিত্ব হাওয়ায় মিলিয়ে যায়। দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মুখ্য রাজনৈতিক দল ও জামায়াত ইসলামী আলোচিত দল হলেও জামায়াত স্বাধীনতা বিরোধী ও জাতীয় পার্টি বিভিন্ন কারণে যথেষ্ট সমালোচিত। বাস্তবতার আলোকে অনেকেই মনে করে আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় রাজনৈতিক দল। তারপরও জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। বারবার ডিগবাজির কারণে এ দলের জনসমর্থন দিন দিন হ্রাস পাচ্ছে বলে জানা যায়।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, দেশে অসংখ্য অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কোনটির সম্পাদক আছে সভাপতি নেই, আবার সভাপতি আছে সম্পাদক নেই। দলীয় অফিসতো দূরের কথা, অনেকের দৃষ্টিতে সাইনবোর্ডও দৃশ্যমান হয়না। এসব দলকে অনেকেই হরগঙ্গা পার্টি, বার্গানিং পার্টি বলেও আখ্যায়িত করে থাকে। এসব দলের তথ্য অনুসন্ধ্যানে গিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে যে আদ্যোপান্ত ব্যাখ্যা বিশ্লেষন করেছে বাস্তবিকই তা হাস্যস্পদ ও দুঃখজনক। যারা সংবাদ পত্রের সাথে জড়িত এবং বার্তা বিভাগে দায়িত্বরত এসব হরগঙ্গা মার্কা প্যাড পার্টির প্রেসবিজ্ঞপ্তি দেখে অনেক সময় বার্তা বিভাগে হাস্যরসের অভিষেক ও কৌতুক করতেও কুন্ঠাবোধ করেনি। যদিও এসব দলেও রয়েছে হাইব্রিড নেতা। এসব হাইব্রিড নেতা ও প্যাড পার্টির প্রেস বিজ্ঞপ্তিতে (চৎবংং জবষবধংব) অনেক সময় পরিলক্ষিত হয়ে থাকে। যাক, সেদিকে আর এগুচ্ছি না।
হাইব্রিড নেতা, হাইব্রিড দুর্নীতিবাজ ও রাজনীতি যেভাবে এগুচ্ছে, তা এমনিভাবে এগুলে হায় আফসোস ব্যতিরেখে বলার কিছু নাই থাকতে পারে।
সম্প্রতি ঢাকার এক সেমিনারে গিয়েছিলাম। সেমিনারটির অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “গণতন্ত্রের বিকাশ ও রাজনীতি”। এ প্রসঙ্গে অনুষ্ঠানটিতে বস্তুনিষ্ট, তাৎপর্যপূর্ণ ও পক্ষপাতহীন আলোচনা হয়। একজন বক্তা এমন বক্তব্য দেন যা অপ্রাসঙ্গিক, অশ্রুতিকার ও ধান ভানতে শিবের গীতের মতই মনে হচ্ছিল। যা দেখে অনেকেই বিরক্ত হয়ে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই অনুষ্ঠান স্থল ত্যাগ করে থাকে। এমন অপ্রাসঙ্গিক বড় বড় কথা, তেলবাজি ও অসমালোচনা করার প্রেক্ষাপটে নিজেকে নিজেই হাইব্রিড বক্তা হিসেবে পরিচিতি লাভ করে থাকে। যার মধ্যে ছিল নিজেকে জাহির করা, কারও সান্নিধ্য পাওয়ার প্রত্যাশা, কারও পক্ষে চামচা, চাটুকারীতা, তোয়াজ ও তোষামোদের গড্ডালিকা প্রবাহ। অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত ও ন্যাক্কারজনকভাবে কিছু বলার আগে নিজের হাইব্রিড আমলনামা উপলব্ধি করার কথা বিদগ্ধজনরা মনে করে থাকে।
যেভাবে হাইব্রিড নেতা, হাইব্রিড দুর্নীতি ও রাজনীতি এগিয়ে চলছে তা কারও কাম্য হতে পারে না। এ প্রবনতা থেকে যত তাড়াতাড়ি বেড়িয়ে আসা যায় এবং পরিসমাপ্তি ঘটে ততই দেশ ও জনগণের কল্যাণ ও মুক্তির পথ। তোয়াজ, তোষামোদ, তোকাব্বরী, মাতাব্বরী ব্যতিরেখে রাজনৈতিক নেতা ও রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনকল্যাণ, প্রগতি, উন্নতি ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরই দিক দর্শন। সুমহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নই হোক আমাদের পাথেয়। উপলব্ধি করা দরকার ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হাইব্রিড নেতা, হাইব্রিড কর্মকর্তা-কর্মচারী ও রাজনীতির দৃশ্যপট যদি স্বাধীনতার অপযাত্রাকে তিরোহিত করে তবে দুঃখ, বেদনা ও অশ্রু সংবরণের জায়গা না থাকারই কথা। নেতৃত্ব, রাজনীতি, শাসন, প্রশাসন সবকিছুতে যাতে শিষ্টাচার, শৃংখলা ও নিয়মানুবর্তিতা ফিরে আসে, যাতে ঘুষ, দুর্নীতি মুক্ত পরিবেশ প্রতিষ্ঠিত হয় এবং হাইব্রিডের অবসান ঘটে ইহাই জনপ্রত্যাশা। হাইব্রিড নেতা, প্রশাসন ও রাজনীতি সকলের জন্যই অপ্রীতিকর ও বিষফোঁড়া। হাইব্রিডরা সময়ের সুযোগ সন্ধ্যানি, স্বার্থপর, তোয়াজ ও তোষামোদের নাটের গুরু ও গডফাদার। ওদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ব্যক্তি, দল ও দেশের জন্য কল্যাণকর।
এ.কে.এম শামছুল হক রেনু
লেখক কলামিষ্ট