১৮৬৭ সালে ঔপনিবেশিক শাসনামলে বাংলার লেফটেন্যান্ট গভর্নরের শাসনাধীন এলাকায় প্রকাশ্য জুয়া খেলার অপরাধে শাস্তি এবং সাধারণ ক্রীড়াভবনের ব্যবস্থা করার জন্য আইনটি প্রণয়ন করা হয়। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংবিধানের ১৮ অনুচ্ছেদে গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ আইন থাকা স্বত্বেও ২০১৯ ইং সালে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ক্যাসিনো সিলগালা ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কিন্তু তাদের কারো বিরুদ্ধেই ‘জুয়া খেলার’ অপরাধে মামলা হয়নি। সব মামলা হয়েছে মাদক, মানি লন্ডারিং ও অস্ত্র আইনে। আইনজ্ঞরা বলছেন, ভিন্ন আইনে মামলার মূল কারণ জুয়া খেলা বন্ধে প্রচলিত আইনটি দেড়শ বছরেরও অধিক পুরনো। ওই আইনে ‘ক্যাসিনো’ বলে কোনো শব্দই নেই।
এ কারণে আইনটির কোনো কার্যকারিতাও নেই। তবে, ৭২’-এর সংবিধানে জুয়া নিষিদ্ধের ব্যাপারে বলা আছে। তাই জুয়া ঠেকাতে প্রয়োজন কার্যকরী ও কঠোর আইন। এ ব্যাপারে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছিলেন , অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ক্যাসিনো জুয়া ব্যাপকতা লাভ করেছে। তাই জুয়া খেলা বন্ধে বিদ্যমান আইনটি দ্রুত সংশোধন করে একটি কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন। যেখানে সর্বোচ্চ শাস্তি হিসেবে থাকবে যাবজ্জীবন কারদন্ডের বিধান।
ক্লাবগুলোতে ক্যাসিনোর লাইসেন্স দেয়ার যুক্তিকতা প্রসঙ্গে এই আইনজীবী বলেন, যুব সমাজ ধ্বংসকারী ক্যাসিনোর লাইসেন্স দেয়া কোনো মতেই সঠিক হবে না। লাইসেন্স দেয়া হলে এটি হবে সংবিধান বিরোধী। জুয়া বন্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলটি নিষ্পতি করতে এটর্নী জেনারেল অফিসের উদ্যোগী ভূমিকা পালন করা দরকার ছিল বলে তিনি মনে করেন। রুলটি নিষ্পত্তি হলে হয়তো আদালতের পক্ষ থেকে একটি নির্দেশনা আসত। এটা হলে ক্যাসিনোর মতো জুয়া হয়তো এতটা ব্যাপকতা লাভ করতো না।
একই কথা বলেছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে জুয়া শাস্তি যোগ্য অপরাধ। যেহেতু জুয়া খেলার ধরন পাল্টাচ্ছে, সেহেতু আইনটিকে যুগোপযোগী করতে হবে। ক্যাসিনো জুয়ার লাইসেন্স দিতে হলে অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে। কেননা, সংবিধানে জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে বলা হয়েছে।
২০১৩ সালে হাইকোর্টের একটি বেঞ্চ জুয়াখেলার অনুমতি চেয়ে করা একটি রিট খারিজ করে রায় দেয়। কিন্তু ওই রায়ের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে জুয়া খেলা দন্ডনীয় অপরাধ। ফলে গ্রামের দরিদ্র শ্রেণির মানুষ জুয়া খেলতে পারছেন না। তবে শহরের ধনীরা আইনের ফাকফোকরকে কাজে লাগিয়ে এখনো চলছে জুয়া। চলছে জুয়ার আপডেড ভার্সন ক্যাসিনো খেলা।
কী আছে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে? এই আইনের ১ ধারায় সংজ্ঞায় বলা হয়েছে, এই আইন প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ নামে অভিহিত হবে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা ছাড়া সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। ‘জুয়া’ খেলা শব্দ দ্বারা জুয়া বা বাজি ধরা বোঝাবে (কেবল ঘোড়দৌড়ের জন্য ধরা বা জুয়া খেলা ব্যতীত)। খেলার কাজে ব্যবহৃত যে কোনো হাতিয়ার বা সামগ্রী ‘ক্রীড়াসামগ্রী’ শব্দের অন্তর্গত। ৩ ধারায় বলা আছে, এ ধরনের জুয়া খেলা দন্ডনীয় অপরাধ। যে কোনো ঘর, স্থান বা তাঁবু জুয়ার আসর হিসেবে ব্যবহৃত হলে তার মালিক বা রক্ষণাবেক্ষণকারী, জুয়ার ব্যবস্থাপক বা এতে কোনো সাহায্যকারী তিন মাসের কারাদন্ড বা অনূর্ধ্ব ২০০ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। এ রকম কোনো ঘরে তাস, পাশা, কাউন্টার বা যে কোনো সরঞ্জামসহ কোনো ব্যক্তিকে জুয়ারত বা উপস্থিত দেখতে পাওয়া গেলে তিনি এক মাস পর্যন্ত কারাদন্ড বা ১০০ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
আইনের এসব ধারা ও যুক্তি তুলে ধরে ২০১৬ সালে জুয়াখেলা বন্ধের দাবিতে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ সামিউল হক ও রোকন উদ্দিন মো. ফারুক দুই আইনজীবী একটি রিট মামলা দায়ের করেন। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ দেশের ১৩টি নামিদামি ক্লাবে সব ধরনের জুয়াখেলার ওপর নিষেধাজ্ঞার আদেশ জারি করে হাইকোর্ট। একই সঙ্গে ক্লাবগুলোয় এ ধরনের জুয়াখেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জুয়াখেলার আয়োজনকারীদের বিরুদ্ধে কেন যথাযথ পদক্ষেপ নেওয়া হবে না- তা জানতে চেয়ে ১-১২ নং বিবাদীদের ওপর রুল জারি করেন। বিবাদীরা ছিল- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক, ঢাকা ডেপুটি কমিশনার, চট্রগ্রাম ডেপুটি কমিশনার, খুলনা ডেপুটি কমিশনার, সিলেট ডেপুটি কমিশনার, নারায়নগঞ্জ ডেপুটি কমিশনার। কিন্তু ঢাকা ক্লাবের এক আবেদনে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। যদিও আপিল বিভাগ জুয়া খেলা বন্ধে হাইকোর্টের জারি করা রুল ৮ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে সকল পক্ষকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ১৪১ সপ্তাহ পার হলেও রুলটি নিষ্পত্তি হয়নি।
এর ফলে, আপিল বিভাগের নিষেধাজ্ঞা নিয়েই অভিজাত ওই ক্লাবগুলোতে চালানো হচ্ছে জুয়া খেলা। ক্লাবগুলো হচ্ছে- ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, বনানী ক্লাব, ধানমন্ডি ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, খুলনা ক্লাব ও সিলেট ক্লাব। রিটের পক্ষের আইনজীবী রেদোয়ান আহমেদ বলেন, ওই সময় বিবাদীদের রুলের জবাব দেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু বিবাদীরা এখনো রুলের জবাব দেননি। হাইকোর্টের দেয়া রুলটি নিষ্পত্তি হলে এবং জুয়া বন্ধে রায় আসলে ১৩ ক্লাবসহ কোনো ক্লাবে ক্যাসিনোর মতো জুয়া চালানো সম্ভব হতো না। আর এই সুযোগ কাজে লাগিয়ে ক্লাবগুলোতে জুয়া খেলা চলছে। অবকাশের পর এ রিটের চূড়ান্ত শুনানির উদ্যোগ নেব। অপরদিকে, ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আপিল বিভাগের আদেশের পরে হাইকোর্ট বেঞ্চটি ভেঙে যায়। এ কারণে রুলটি নিষ্পত্তি হয়নি। আর ওই রুল নিষ্পত্তি না হওয়ায় আপিল বিভাগের স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে। দীর্ঘদিনেও বিষয়টি শুনানির উদ্যোগ কেন নেওয়া হয়নি।
ডিজিটাল পদ্ধতির অপব্যবহার করে অ্যানড্রয়েড ফোন, টিভি, কম্পাউটার, ল্যাপটপের মাধ্যমে জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। ক্রিকেটসহ বিভিন্ন লীগে চলেছ জুয়া খেলা। এটাকে নাম দেয়া হয়েছে- অনলাইন জুয়ার আসর। বিভিন্ন অ্যাপ খুলে চালানো হচ্ছে অনলাইন জুয়া। দিন-রাত ২৪ ঘণ্টা খেলা যায়।
এতে দেশের স্কুল-কলেজের ছাত্র, বেকার যুবক ও তরুণ শিক্ষার্থীরা,ধনীর দুলালরেরা এসব খেলায় জড়িয়ে বখে যাচ্ছে। তরুণদের অনেকেই কৌতূহল বশত এ খেলা শুরু করার পরেই নেশায় পড়ে যাচ্ছেন। অনেকে লাখ লাখ টাকা, ভিটে মাটি, দোকান, গরু, ছাগল, মহিষ হাঁস নিত্যপ্রয়োজনীয় বিক্রি করে দিচ্ছে। জুয়ার টাকার জন্য হত্যা, খুন, মারামারি, আতœহত্যাও বৃদ্ধি পয়েছে।
অনুসন্ধান করে দেখা গেছে, অনলাইন জুয়া সব থেকে বেশি খেলে থাকেন শিক্ষার্থীরা ও তালিকাভুক্ত মাদকব্যবসায়ীরা। অ্যাপের নিয়ম অনুযায়ী খেলার চিপস কিনতে প্রয়োজন পড়ে ক্রেডিট বা ডেভিড কার্ড। এখন সেটাও সহজলভ্য হওয়ায় অনেকেই ঝুঁকে পড়ে অনলাইন জুয়ার দিকে। এক সময় তারা এ খেলায় আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন।
জানতে চাইলে সিটিটিসির ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের’ একজন কর্মকর্তা এ প্রসংগে বলেন, অভিযোগ পেলেই সাইটগুলো বন্ধ করে দেয়া হয়। এরই মধ্যে এ অপরাধের দায়ে অনেককেই গ্রেফতার করা হয়েছে। অনলাইন জুয়াবিষয়ক একটি আইন করার প্রস্তুতি চলছে। আইন হয়ে গেলে অপরাধীদের বিরুদ্ধে আরো ভালোভাবে কাজ করা যাবে। গভীর অনুসন্ধান করে জানা যায়, দেশি-বিদেশি বিভিন্ন লীগ খেলা ও মোবাইল গেমকে কেন্দ্র করে বেটিং তথা বাজি ধরা চলে। আয়োজকের ভূমিকায় থাকে একটি ওয়েবসাইট। সাইটগুলো নেট দুনিয়ায় ‘বেটিং সাইট’ নামে পরিচিত। দেশে-বিদেশি বিভিন্ন নামে বেটিং সাইট রয়েছে। ওই সাইটগুলোতে প্রথমে অ্যাকাউন্ট খুলে নিবন্ধিত হতে হয়। তারপর নির্দিষ্ট পরিমাণ অর্থ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কার্ড বা অন্য কোনও মাধ্যমে টাকা জমা দিয়ে জুয়ায় অংশ নিতে হয়। পরে একটি চক্রের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে তা ডলারে রূপান্তরিত করে জুয়াড়িদের অ্যাকাউন্টে জমা করে। অনলাইন জুয়াড়িরা বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে টাকা আদান-প্রদান করে থাকে।
সম্প্রতি অ্যান্টি টেরোরিজম ইউনিট একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে। ওই চক্রের সদস্য ওয়ানএক্সবেট সাইটে অ্যাকাউন্ট খোলা ও টাকা জমা দেয়ার জন্য রীতিমত ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপনও দিত। অ্যান্টি টেরোরিজম ইউনিট জানিয়েছে, চক্রের মোবাইল ব্যাংকিংয়ে কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে। আর ওইসব অর্থ ক্রেডিট কার্ড ও ই-ব্যাংকিংয়ের মাধ্যমে বেটিং সাইটের মালিকদের কাছে পাচার করা হয়। এরপর বেটিং সাইট ডলার পাবার পর জুয়াড়িদের অ্যাকাউন্টে সেই পরিমাণ প্রদর্শন করে। এভাবেই জুয়াড়িদের হাত ধরে পাচার হচ্ছে টাকা। আবার এজেন্টদের হাত ধরে হুন্ডির মাধ্যমেও অর্থপাচার হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েকজন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এ জুয়ায় নিঃস্ব হয়েছে হাজারো মানুষ। পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানায়, ৭০ থেকে ৮০ গুণ লাভের লোভ দেখিয়ে ১ থেকে ৯৯ পর্যন্ত জুয়ার সংখ্যা বিক্রি করা হয়। একজন একাধিক সংখ্যা কিনতে পারতেন। দিনে দুবার ড্র অনুষ্ঠিত হয়। এতে একজন বিজয়ী হয়ে লাভবান হলেও নিঃস্ব হয়ে পথে বসত হাজারো মানুষ। দিনমজুর, ট্রলিচালক, কয়লাশ্রমিক, মাদক ব্যবসায়ীসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে জুয়ার এজেন্টরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা চলে যায় সীমান্ত এলাকায়। সেখান থেকে টাকা হুন্ডির মাধ্যমে যায় ভারতের শিলংয়ে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার ভুক্তভোগি একজন অভিভাবক জানান, তার ছেলে একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। করোনা সংক্রমণের পর বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হতে হয় না। ক্লাস হয় অনলাইনে। এ সুযোগ কাজে লাগিয়ে তার ছেলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। ওই অভিভাবক বলেন, আসক্তি এতোটাই যে, টাকার জন্য প্রথম দিকে সে তার মায়ের কাছে থেকে বিভিন্ন প্রয়োজনের কথা বলে টাকা নিতো। এরপর ঘর থেকে টাকা চুরি করত। আত্মীয়-স্বজনের কাছে থেকে টাকা নিতো। এভাবে চলতে চলতে সে বড় অঙ্কের টাকা চুরি করে ধরা পড়ে। সন্দেহ হলে তার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে আমরা বুঝতে পারি সে জুয়ায় এরই মধ্যে কয়েক লাখ টাকা খুইয়েছে।
কমলাপুরের বাসিন্দা এক শেয়ার ব্যবসায়ী জানান, তিনিও অনলাইনের জুয়ায় আসক্ত হয়ে লাখ লাখ টাকা হেরেছেন। করেনোর মধ্যে সময় কাটানোর জন্য তিনি প্রথমে ১শ’ দুশ’ টাকা করে খেলতে খেলতে আসক্ত হয়ে পড়েন। কয়েক লাখ টাকা হারার পর আমরাও সম্বিত ফিরেছে। তবে এখনও তিনি মাঝেমধ্যে খেলেন বলে স্বীকার করেছেন।
করোনাভাইরাসের মধ্যেও অনলাইনে সক্রিয় জুয়ারি সিন্ডিকেট। আর ওই সিন্ডিকেট বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে লেনদেন হওয়া ওই টাকা দেশীয় দালালদের মাধ্যমে দুই-তৃতীয়াংশই পাচার হচ্ছে বিদেশে। বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণীরা অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে ভয়ঙ্কর হয়ে উঠছেন। অনলাইনে অপরাধ সংগঠিত হওয়াতে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অপরাধীরা।
রাজধানীর খিলক্ষেত, তেজগাঁও, নাখালপাড়া, মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ, শান্তিনগর, কামরাঙ্গীর, ফার্মগেট, কাওরান বাজার, মতিঝিল, কলাবাগান, পান্থপথ, বাংলামটর, ধানমন্ডি, বনানী, পুরান ঢাকার অলি-গলি ঘুরে দেখা গেছে, চার থেকে পাঁচজন করে গ্রুপ হয়ে মোবাইলে গেম খেলছেন। বাজি ধরে প্রতিদিন গেম খেলে থাকেন। আর গেমে পরাজিত হলে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন তারা।
রাজধানীতে সবচেয়ে বেশি টাকার জুয়া হয় মতিঝিল, উত্তরা, গুলিস্তান ও পুরান ঢাকা এলাকায়। এ ছাড়া পাড়া-মহল্লার ক্লাব ও দোকানের আড্ডায় চলছে বাজি ধরার খেলা। ক্রিকেট ও বিভিন্ন অ্যাপভিত্তিক খেলা ভালো বোঝে এমন তরুণরাই জুয়ার নেশায় পড়ছে বেশি। ১০-২০ টাকা থেকে লাখ টাকার বাজিতেও অংশ নিচ্ছে তারা।
ফার্মগেট এলাকায় একটি সেলুনে বসে জুয়া খেলার অংশ নিয়েছেন এক যুবক। তিনি জানান, প্রতিদিনই তিনি অনলাইনে জুয়া খেলায় অংশ নেন। ২০, ৫০, ১০০, ৫০০ ও হাজার টাকার বাজি ধরেন। হেরে গেলে বিকাশের মাধ্যমে তা পরিশোধ করেন তিনি।
করিম নামের আরেক জুয়াড়ি বলেন, অনলাইনে জুয়ার বাজির নানা ধরন রয়েছে। মোবাইল ফোনেও বড় অঙ্কের বাজি হয়। বাজির টাকা তৃতীয় ব্যক্তি বা মিডিয়ার কাছে বিকাশে পাঠাতে হয়। পরে যে বাজি জেতে তাকে টাকা দেয়া হয়। এ ক্ষেত্রে তৃতীয় ওই পক্ষ ১০ শতাংশ কমিশন পায়। পুরান ঢাকা ও উত্তরা এলাকায় এমন বেশ কিছু মিডিয়া রয়েছে যারা জুয়ার টাকা বহনে বাহক হিসেবে ব্যবহৃত হন।
একাধিক সূত্র জানায়, ‘বেট৩৬৫ ডটকম’ নামে যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইটে সব ধরনের খেলার আপডেটের পাশাপাশি বাজি ধরার প্রস্তাব দেয়া হয়। সেখানেও পড়ে বাজির হিড়িক। ‘বেট৩৬৫ লাইভ’ নামে এসেছে মোবাইল ফোনের অ্যাপ ভার্সন, যেখানে তরুণ-তরুণীরা দেদারছে জুয়া খেলছে। আরো কিছু সাইটে গেমিং কেন্দ্রীক অনলাইন জুয়া চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারের ৪০ নম্বর বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি বসবাস করেন। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে তার দুই সন্তান মোবাইলে গেম খেলেন। গেম খেলতে খেলতে বড় ছেলে আসক্ত হয়ে পড়েছে। তাই সঠিক সময়ে খাওয়া-ধাওয়া করে না। পরিবারের অন্য সদস্যদের সাথে সে কথা বলে না। সব সময়ই মোবাইলে গেম খেলতে থাকে। এক পর্যায়ে তার ছেলেকে মেরে ফেলার হুমকি আসে। পরে তার ছেলের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়রি করেন।
জানা গেছে, অনলাইনে জুয়ার টাকা নিয়ে বিরোধের জের ধরে হামলা, সংঘর্ষ এমনকি খুনের ঘটনাও ঘটছে। তবে দেশের কয়েকটি এলাকায় অনলাইনে জুয়া ভয়াবহ আকার ধারণ করায় অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, ‘বেট-৩৬৫’ নামে একটি অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে দেশে এবং দেশের বাইরে চক্রের মাধ্যমে চলে জুয়া খেলা। বিষয়টি নিয়ে পুলিশের গোয়েন্দা তৎপরতা চললে বেশকিছু দিন ধরে। ইতোমধ্যে কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর ঢাকার সাভার থানা এলাকা থেকে অনলাইন জুয়াড়ি প্লাটফর্মের এডমিন মো. সাব্বির আহমেদ কাওসার ও মো. মনোয়ার হোসেনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তাদের কাছ থেকে সাতটি স্মার্ট ফোন, ১৪টি সিম কার্ড ও তাদের স্মার্ট ফোনে অনলাইন জুয়া সাইট খোলা অবস্থায় জব্দ করে। এটিইউ জানায়, সাব্বির ও মনোয়ার ফেসবুক গ্রুপের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করতে সাধারণ মানুষকে আকৃষ্ট করত। আকৃষ্ট হয়ে অনেক সাধারণ লোক অনলাইন জুয়ায় অংশগ্রহণ করে সর্বশান্ত হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে পরিচয় গোপন করে পরস্পর যোগসাজশে অর্থপ্রাপ্তির প্রতারণা বা ঠকানোর উদ্দেশে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অপর ব্যক্তির পরিচয় ও তথ্য সংগ্রহপূর্বক অবৈধ ই-ট্র্যানজেকশন করার অপরাধে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
এর আগে গত ২৮ নভেম্বর ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ টাকা, মোবাইল ফোনসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ‘বেট ৩৬৫’ নামে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়ার আসর বসাতো চক্রটি। জুয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকা আসতো। বিদেশ থেকেও জুয়াড়িরা অংশ নিতো খেলায়। এছাড়াও গত ১২ ফেব্রুয়ারি অনলাইনভিত্তিক ওয়েবসাইট ‘বেট-৩৬৫’-এ জুয়া খেলার দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। তারা ইন্টারনেট ও মোবাইল ব্যবহার করে জুয়া খেলত। সেখান থেকে আয়ের ডলার, টাকায় কনভার্টের প্রক্রিয়াটি সম্পূর্ণ করত একটি চক্র। মূলত মোবাইল টু মোবাইল কল ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় ঘটে।
সূত্র জানায়, অনলাইনভিত্তিক লুডু, ক্যারাম, তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় হালের পাবজি গেইম, ফ্রি-ফায়ারসহ শতাধিক গেমে আসক্ত হচ্ছেন কিশোর-কিশোরীরা। আর এসব খেলায় বেশিরভাগ সাইট পরিচালনা করা হচ্ছে দেশের বাইরে থেকে। চাহিদা বাড়ায় প্রতিদিনই গজিয়ে উঠছে নতুন সাইট। গেমভিত্তিক মোবাইল অ্যাপসও আছে বলে জানা গেছে। তাই কিশোর-কিশোরীরাও এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
এসব অনলাইন জুয়ার প্লাটফর্মে নিঃস্ব হচ্ছে অনেকে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এরই মধ্যে চক্রের অনেক সদস্য গ্রেফতার হয়েছে। বন্ধ করা হচ্ছে সাইট। যারা এখনও সক্রিয় তাদের গ্রেফতারে অভিযান চলছে। তবে গত জুলাই মাসে চার হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। তারপরও বিভিন্ন নামে-বেনামে জুয়ার সাইট খুলে বসে। এখনো প্রায় শতাধিক জুয়ার সাইট রয়েছে বলে জানা গেছে।
অন লাইন জুয়া শুধু রাজধানী শহর, বিভাগীয় শহর, জেলা শহরে সীমাবদ্ধ নেই। এটা বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়ছে পাড়া, মহল্লা, গ্রাম অঞ্চলে। পত্র পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে অলনাইনে জুয়ার আসর। করোনার মহামারিতে দীর্ঘদিন স্কুল স্কুল-কলেজ বন্ধ থাকায় এই জুয়ার অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা। আর এসব জুয়া খেলায় বাজি লেগে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। ডিজিটাল যুগে যে কোন সময়ে এই খেলায় অংশগ্রহণ করা যাচ্ছে। ফলে পিত-মাতাও জানতে পারছে না নিজ সন্তানেরা কখন এসব কাজে জড়িত হয়ে পড়ছে। বাজিতে বিভিন্ন অংকের টাকা, মোবাইল, মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান জিনিস একে অপরের কাছে হেরে যাওয়ায় নিঃস্ব হচ্ছে অনেকে। শুধু স্কুল কলেজের শিক্ষার্থীরাই নয় গোদাগাড়ী উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ীরা, তাদের ছেলে অনলাইন জুয়ার আসরে ঝুঁকে পড়েছে। জুয়া খেলার একটি বেদেশী অ্যাপস এর মাধ্যমে ডলার কিনে গোদাগাড়ীর বড় বড় মাদক ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার উঠতি বয়সি ছেলেদের এই খেলায় অংশ গ্রহণ করতে উৎসাহ প্রদান করছে।
অনুসন্ধানে জানা গেছে, অনলাইনে জুয়া খেলার জন্য ইংল্যান্ডের একটি অ্যাপস যার নাম ইবঃ৩৬৫ (বেট৩৬৫) তা ব্যবহার করা হয়। এছাড়াও জুয়া খেলার দেশী অ্যাপস ৯ঊীপযধহম (নাইন এক্সচেঞ্জ) ব্যবহার করে খেলা চলছে হরদম। খেলায় অংশগ্রহণ করে হার জিতে যত টাকার বাজি ধরা হয় তার দ্বিগুণ হতে ৭ গুণ টাকা লাভ ক্ষতি হয়। যারা জিতে যায় তারা আরো বেশী পরিমাণ জুয়ার নেশায় মেতে উঠে আর যারা হেরে যায় তারা ক্ষতি পুষিয়ে নিতে খেলা চালিয়ে থাকে। এই খেলায় বিদেশীরা বাংলাদেশী এজেন্ট ঠিক করে রেখেছে। বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে এদের বেশ কয়েকজন মূল নিয়ন্ত্রক আছে। এরা আবার দেশের বিভিন্ন জেলায়এজেন্ট ঠিক করে বেট৩৬৫ নামক অ্যপস দিয়ে জুয়া খেলার একাউন্ট খুলে রেখেছে। এরা আবার পুনরায় উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে এজেন্ট ঠিক করে খেলা পরিচালনা করে আসছে। এই অ্যাপস এর একাউন্টে লক্ষ লক্ষ ডলার জমা থাকে বলে জানা গেছে। এভাবে অনলাইনে জুয়ার খেলার কারণে নিরবেই কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশ সরকার অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যার ব্যপক প্রভাব পড়ছে দেশের জাতীয় অর্থনীতিতে।
রাজশাহী জেলায় অনলাইন জুয়ার মূল হোতা যিনি আছে তার নাম রুবেল। সে রাজশাহী কোর্ট স্টেশন বাজারের একটি মার্কেটের দ্বোতলা অফিস হতে পরিচালনা করে আসছে। গোদাগাড়ী উপজেলায় এই মতিউর রহমান রুবেলরই এজেন্ট রয়েছে বেশ কিছু মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ। গোদাগাড়ী পৌর সদরে অনলাইনে জুয়ার মূল হোতা হলো মাদারপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাইমুল ইসলাম, মজিবুরের ছেলে সহেল (৩০), তার এক ভাতিজাও রয়েছে। এরা পারিবারিকভাবে মাদক ব্যবসায়ী, পরিবারের সদস্যদের নামে রয়েছে ডজন খানিক মাদক মামলা। সম্পতি বগুড়ায় ৩০০ গ্রাম হেরোইনসহ তাদের কালো রংয়ের রাজকীয় মাইক্রোসহ ড্রাইভারকে গ্রেফতার করেছে প্রশাসন।
চার / সাত বছর বছর আগে চুয়ানি মদ, শ্রমিক, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো এলাকার মাদক ব্যবসায়ীরা। বর্তমানে মাদক ও অনলাইন জুয়ার কারবার করে, শূন্য থেকে লাখ লাখ কোটি টাকার মালিক হয়ে গেছেন, প্রশাসন তাদের পকেটে তাদের কেউ কিছু করতে পারবেন না বলে তারা প্রচার চালাতে থাকেন। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। প্রশসনের লোক তাদের বাড়ীতে গিয়ে রহস্যজনক কারনে ব্যর্থ হয়ে ফিরে আসেন বলে এলাকাবসি অভিযোগের ভাষায় বলেন পরিচয় গোপন করে।
এদের আবার অধিনাস্থ বেশ কয়েক জনকে এই খেলায় এজেন্ট হিসেবে রেখেছে। এরা হলো মাদারপুরের সাইদুর রহমানের ছেলে আল-আমিন (২৫) মেিেহদ (৩৫)। সে মাদারপুরের ক্লাবপাড়া নিয়ন্ত্রণ করে। বেলাল হোসেনের ছেলে হাসান আলী (২৭)। সে ডিমভাঙ্গা গ্রাম নিয়ন্ত্রণ করে এবং ইসরাইল হোসেনের ছেলে মতিউর রহমান রুবেল (৩০)।
অনুসন্ধানে জানা গেছে ,এই রুবেল ও সোহেল ইন্টারন্যাশনাল পর্যায়ের জুয়ারী মাদক ব্যবসায়ী। তার অনলাইন আ্যাপস এ সব সময়ে ১০-১৫ হাজার ডলার রিজার্ভ থাকে। এলাকার ছোট বড় জুয়ারীদের বিকাশের মাধ্যমে ঢাকা পরিশোধ করে থাকে। রুবেল মাদারপুর গ্রামে বিকাশ ব্যবসায়ী রুহুল আমিনের কাছে বাঁকিতে টাকা পরিশোধ করতো। গত ২৭ জুলাই রাতে বিকাশ ব্যবসায়ী ১ লাখ ৭৫ হাজার বাকি টাকা চাইতে গেলে তাকে পরিকল্পিত ভাবে রুবেল ও তার ভাই সোহেল রানা রুহুলের মাথার বিভিন্ন অংশে, ঘাড়ে , হাতে ও পায়ে চাপাতি মেরে প্রাণ নাশের চেষ্ঠা করে। ওই বিকাশ ব্যবসায়ীর হাতে ও পায়ের রগ কেটে যাওয়ায় একখ পঙ্গুত্ব হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রায় ৭-৮ বছর হতে শুধু মাত্র এই অনলাইন জুয়ার কারবার করে সে অঢেল সম্পর্তির মালিক হয়ে গেছেন। এই খেলায় স্কুল কলেজের শিক্ষার্থীরা ৫০০-৫০০০ টাকা বাজি ধরছে। আবার শীর্ষ মাদকব্যবসায়ীরা ২ লাখ হতে শুরু করে ৮ লাখ টাকা পর্যন্ত বাজি ধরে খেলায় অংশ গ্রহণ করছে।
ক্রিকেট খেলায় বল, ওভার, খেলোয়ার ও ম্যাচ ভিত্তিক বাজি লাগিয়ে যারা জুয়া পরিচালনা করছেন
তারা হলো, মাদারপুর গ্রামের নওশাদ জামাতির ছেলে মাদক সম্রাট আলমগীর (৪২)। প্রতিদিন সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত মাদারপুরের ফরহাদের দোকানে বসে মোবাইলে জুয়া খেলার বাজিগরদের নিয়ন্ত্রণ করে। একই এলাকার আরেক মাদক সম্রাট বানুর ছেলে ফরিদুল ইসলাম (২৮)। সে এই এলাকার বড় বাজিদার। স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের তালিকা ভূক্ত মাদক সম্রাট টিপু সদ্য প্রায়াত সেলিমের শ্যালক এবং মাদক ব্যবসায়ী পঁচা মোস্তফার ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (১৮)।
আলিমগঞ্জের বাপ্পি, রাজাবাড়ীর ডেইরী ফার্ম সোহেল, জনি, তুহিন, বিজয় নগরের যুবদলনেতা টনি, চাপাল এলাকার রুবেল, বিদিরপুরের হামিম,জনি, বিয়নাবোনার রকি, জনি, রাসেল ও রিপন। এই রিপন জুয়া খেলে নি:স্ব হয়ে গেছে। এছাড়াও গোদাগাড়ী উপজেলার প্রত্যান্ত অঞ্চলে এই খেলা এখন ছড়িয়ে পড়েছে।
গত ২৭ জুলাই গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় জুয়া খেলার টাকা নিয়ে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: জানে আলমসহ সভার সুধিজন চরম উদ্বেগ প্রকাশ করে।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, যারা উপজেলায় এসব জুয়া খেলার সাথে জড়িত তাদের একটি লিস্ট আমরা তৈরী করেছি। তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি গোদাগাড়ীর সুধিমানুষের কাছে সহযোগিতা চেয়েছিলেন।
এ ছাড়া গত রবিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় মহানগর ডিবি বোয়ালিয়া থানার শিরোইল মহল্লায় অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার দামুরহুদা থানার কারপাইডাঙ্গা গ্রামের মৃত আ. রফিকের ছেলে মো. হারুন অর রশিদ (৪৮), লৌহজং থানার মৃত শাহাবুদ্দীনের ছেলে মো. মজিবর রহমান (৬৫), চুয়াডাঙ্গা জেলার সদর থানার দৌলতদিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আব্দুল লতিফ (৬৫), ঝালকাঠি জেলার রাজাপুর থানার উত্তর উত্তমপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৪৮) কে গ্রেফতার করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম বোয়ালিয়া থানার শিরোইল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় শিরোইল গ্রামের ববি কুঠির ১০১ নং বাসার দ্বিতীয় তলার ড্রয়িং রুম হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের নিয়ম অনুযায়ী বাংলাদেশের কোনো গ্রাহক সর্বোচ্চ ৭ হাজার ডলার আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে বা ট্রাভেলার চেকের মাধ্যমে লেনদেন করতে পারবেন। একজন দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তা বলেন, এ সংক্রান্ত লেনদেনের তথ্য জানতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবগত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে সাইটগুলো বন্ধের সঙ্গে সঙ্গে অর্থ লেনদেন প্রক্রিয়াও বন্ধ করার বিষয়ে জোর তৎপরতা চলছে।
এ ব্যাপারে সিটিটিসি ইউনিটের সাইবার সিকিউরিটি ও সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম বলেন, এসব সাইটের জুয়াড়িরা আর্থিক লেনদেন করে ২৮টি বৈদেশিক মুদ্রায়। ব্যাংকিং থেকে শুরু করে পেপল, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে অর্থ লেনদেন হয়। ফুটবল, ক্রিকেট, টেনিস, গলফ, ঘোড়দৌড়সহ আন্তর্জাতিক সব ধরনের ক্রীড়া স্থান পায় এসব সাইটে। সেই সঙ্গে থাকে বিভিন্ন দেশের নানা ঘরোয়া খেলাধুলার খবর লাইভ সম্প্রচার ও আপগ্রেড। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো যেকোনো খেলায় বাজি ধরে থাকেন। শুধু আইপিএল বা বিপিএল নয়, যেকোনো বড় ক্রীড়া আসর চলাকালে বেড়ে যায় এসব সাইটের ব্যবহার।
বাংলাদেশে খেলাধুলা বিষয়ক অনলাইনে জুয়া খেলার ১২টি সাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সাইটগুলো হলো- বেট ৩৬৫ ডটকম, ৮৮ স্পোর্টস ডটকম, রেবটওয়ে ডটকম, বেটফ্রিড ডটকম, ডাফাবেট ডটকম, বেটফেয়ার ডটকম, ইউনিবেট ডটকম, বেট ভিক্টর ডটকম, নেটবেট ডটকম, টাইটানবেট ডটকম, উইনার ডটকম ও পেডি পাওয়ার ডটকম। তবে এসব সাইট বন্ধ করে দেওয়া হলেও প্রক্সি সার্ভারে এখনও দেশে এই সাইট ব্যবহার হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিটিআরসি বলছে, মূলত পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর যৌথ চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়। বিসিবির চিঠিতে উল্লেখিত ১২টি সাইটকে চিহ্নিত করে তা বাংলাদেশে বন্ধের অনুরোধ জানানো হয়। তিন সপ্তাহ আগে দেওয়া চিঠিতে বলা হয়, অনলাইনে জুয়া খেলায় তরুণ প্রজন্ম ঝুঁকে পড়েছে। বাংলাদেশে এই অবস্থা ধাবিত হচ্ছে ভীতিকর পরিস্থতির দিকে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে উঠতি তরুণরা আরও বিপথগামী হতে পারে।
সিটিটিসি ইউনিট সূত্রে জানা গেছে, গত এক মাসে স্পোর্টস গেম্বলিং সাইটে ক্রীড়াবিষয়ক বাজির (জুয়া) অভিযোগে অন্তত ২৫০ জনকে আটক করা হয়। কিন্তু এ সংক্রান্ত সুস্পষ্ট আইন না থাকায় তাদের প্রত্যেকেই জামিন পেয়েছেন।
মানবতার মাতা প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাদকের ব্যপারে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া কারবারীরা দেশ, জাতি, সমাজের দুশমন, যুবসমাজকে বাঁচাতে হলে প্রধান মন্ত্রীর নির্দেশ মোতাবেক এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। এদের কোন বৈধ ব্যবসা নেই। অথচ এরা গত ১০/১২ বছরের মধ্যেই শূন্য থেকে কোটি কোটি টাকা মালিক হয় কি করে। এদের মধ্যে কেউ কেউ নির্বাচনে কালো টাকার প্রভাব খাটিয়ে হয়েছেন মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থপনা কমিটির তথাকথিত সভাপতি, সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের পদধারি নেতা। এদের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করে জরুরী ভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তাদের অবৈধ সম্পদ সরকারি কোষাগারে জমা না করলে দিন দিন মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়া কারবারিদের তালিকা বড় হবে। আর তারা অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলবে। হবে আঙ্গুল ফুলে কলা গাছ, তারপর বটবৃক্ষ। সময় এসেছে মুজিববর্ষে এ কাজটি করে বাংলাদেশে সোনার মানুষ গড়ে তুলতেই হবে। যার ফলে দেশ জাতি সমাজ উপকৃত হবেই ইনশাল্লাহ।