যে কোন গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌম সংসদ (ঝড়াবৎরমহ চধৎষরধসবহঃ) সংসদে কার্যকর ও অর্থবহ বিরোধীদল থাকা সংসদে বিরোধীদলের তাৎপর্য ও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি সংসদ ও মাঠের রাজনীতিতে রাজনৈতিক দলের কোনো ভূমিকা না থাকে বা সরকারের বিরুদ্ধে গঠনমূলক ও জনস্বার্থ সংক্রান্ত আলোচনা, সমালোচনা করার কোন সুযোগ না থাকে তবে ইহাকে গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক সরকার ও সার্বভৌম সংসদ বা চধৎষরসবহঃ বলার সুযোগ না থাকারই কথা। ইহাই বাস্তবতা এবং ইহাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ একেবারেই পরাহত।
১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট ব্রিটিশের কাছ থেকে পাকিস্তান ও ভারত বা হিন্দুস্তান স্বাধীন দুটি রাষ্ট্রের জন্ম হলেও ২৩ বছরে নতুন করে পাকিস্তান আমাদের ওপর শোষন, নির্যাতন চালিয়ে তদানীন্তন পূর্ব পাকিস্তানকে (বাংলাদেশ) শ্মাশানে পরিণত করে থাকে। ফলশ্রুতিতে পাকিস্তানের শোষক গোষ্ঠির বিরুদ্ধে ক্রমান্বয়ে প্রতিবাদ, ৫২ এর ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ সালে ৫ দফা, ৬ দফা, ১১ দফার আন্দোলন, ৬৯ সালে গণঅভ্যুত্থান ও ৭১ সালে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ শুরু হয়। ফলে ৯ মাসের স্বশস্ত্র যুদ্ধে একসাগর রক্ত ও ৩ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে ৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে থাকে। তারপরও বন্ধুর ছদ্মাবরণে প্রতিবেশী ভারত নতুন করে বিভিন্ন আগ্রাসন ও বাণিজ্যিক পরিসরে সীমাহীন অর্থনৈতিক শোষন চালিয়ে বাংলাদেশকে পশ্চাদপসরন করতে থাকে। অপর দিকে আন্তর্জাতিক হেলসিংকি নদীমালা আইন ভঙ্গ করে হুগলীতে গঙ্গার ওপর মরণ ফাঁদ ফারাক্কা, তিস্তা ও গজল ডোবায় ৫৬টি নদীর মোহনায় ব্যারিকেড সৃষ্টি করে ন্যায্য অধিকার থেকে বাংলাদেশকে ভুলন্টিত করছে। ফলশ্রুতিতে বর্ষাকালে পানিতে অকালে দেশ বন্যার পানিতে থৈ থৈ করছে এবং শুষ্ক মৌসুমে পানির জন্য গোটাদেশ হাহাকার করছে। এমনিভাবে বঙ্গোপসাগরে জেগে ওঠা বিশাল দ্বীপ পূর্বাশা তালপট্টি নিয়ে ভারত চালাচ্ছে আগ্রাসন। ভারত নিজেদেরকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবী করলেও প্রতিবেশী বাংলাদেশের ওপর যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাকে কোনো মতেই এদেশের মানুষ ভুলে যায়নি। ১৯৭৯ সালের সংসদে এ ব্যাপারে সরকারি দল বিএনপি ও বিরোধী দল আওয়ামী লীগের দাবীর মুখে এ বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোড়ন সৃষ্টি করলেও পরবর্তী সময় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এ বিষয়টি চুপসে যায়।
১৯৭৬ সালের ১৬ মে ন্যাপ নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়। তাতে বিশ্ববাসীর নিকট ফারাক্কা সমস্যার সমাধান, তিস্তা, তালপট্টি বা পূর্বাশা দ্বীপের ন্যায্য দাবীর কথাও ওঠে আসে। অর্থাৎ সার্বভৌম সংসদ ও সংসদের কার্যকরি বিরোধী দল না থাকাতে সব কিছু থুবড়ে যায়। এ পর্যন্ত একাদশ সংসদ নির্বাচন হলেও ২/৩টি সংসদ ছাড়া সংসদে তেমন কোনো বিরোধীদল লক্ষ্য করা যায়নি। যদিও গণতন্ত্রে সংসদের গুরুত্ব অপরিসীম।
১৯৪৭ সালে পাকিস্তান ও ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পেলে ভারতের প্রথম সংসদ অধিবেশনে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে আক্ষেপ করে বলেছিলেন, সংসদে কোনো বিরোধী দল দেখছি না। কংগ্রেসই ছিল বিপুল সংখ্যাগরিষ্ট একমাত্র দল। নেহেরু এই শূন্যতাকে ভয় পেয়ে তার বিরোধী সমাজতন্ত্রী দলের নেতা জয় প্রকাশ নারায়নকে ডেকে এনে অনুরোধ জানিয়েছিলেন, জয় প্রকাশ আপনি একটি শক্তিশালী বিরোধী দল গঠন করুন। নইলে দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে এবং পার্লামেন্টে আমার সরকারি দলের কোনো জবাবদিহিতা থাকবে না। ফলে দলের নেতা ও কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে উঠবে। অন্যদিকে মাঠে গণতান্ত্রিক বিরোধী দলের শূন্যতা পূরণ করবে সাম্প্রদায়িক ও হিন্দুত্ববাদী দলগুলো। তারা ক্রমে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ভারত গঠন করার সব প্রচেষ্টা নষ্ট করে দিবে।
আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৭৩ সালের প্রথম সংসদ একদলীয়ভাবে পরিচালিত হয়। কোনো বিরোধী দল ছিল না। ৮৮ সালের আজ্ঞাবাহী জি হুজুর মার্কা বিরোধী দল, ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের সংসদ, ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা দশম ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ আজ্ঞাবাহী নির্বাচন ও সংসদের কথা কারও না জানার কথা নয়।
দেশে একটার পর একটা ছোট বড় অনেক সমস্যা থাকলেও দশম ও একাদশ নির্বাচনে গৃহপালিত সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সংসদের বিরোধীদল হিসেবে ক্ষমতায় থাকলেও সংসদের তেমন কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। অনেকে বলে থাকে, জাপা সংসদে কথা বলতে নতুন জামাইয়ের মতো ভয় পেয়ে রুমাল দিয়ে ঢেকে রাখে। আবার অনেক সময় মাঠের বক্তৃতা বিবৃতিতে ১৪ দলীয় মহাজোটের শরীক দল হিসেবে দলের প্রধান জি.এম কাদেরকে বলতে শুনা যায় আমরা এখন আর ১৪ দলীয় মহাজোটে নেই। কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, টি.আর, কাবিখা, কাবিটা, ঐচ্ছিক ফান্ডের টাকা ভাগাভাগিসহ কোনটাতেই পেছনে পড়ে নেই ওরা। এ প্রসঙ্গে ছোট বেলার একটি ঘটনা মনে পড়ে যায়। একবার কেন্দুয়ার সান্ধিকোনায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়েছিলাম। সেই লড়াইয়ে এক পক্ষের ষাঁড় পরাজিত হলে বিজয়ী দল অপর পক্ষের ষাঁড়টিকে জবাই করে খাওয়ার প্রস্তাব জানায়। তাতে পরাজিত ষাঁড়ের মালিক কান্নাকাটি করতে থাকে। আমার ষাঁড়টিকে জবাই করবেন না হুজুর। আমি আর কোনদিন আপনার ষাঁড়ের বিরুদ্ধে লড়াইয়ে যাব না। শুধু তাই নয় আপনি যে আদেশ দিবেন তা মেনে নেব এবং আপনার বিরুদ্ধে কিছু বলব না। আজ আমাদের দেশের সংসদের বিরোধী দলের অবস্থা হচ্ছে লড়াইয়ে পরাজিত ষাঁড়ের মালিকের মতো। অর্থাৎ সংসদে বিরোধী দলের সাইনবোর্ড লাগালেও যেভাবেই হোক তাদের ক্ষমতার আশেপাশে থাকতেই হবে। যেন ইজ্জত, সম্মান ও লজ্জার কোনো বালাই নেই। এসব কিছু বাহানা করেই দেশের মানুষ ও মাঠের বিরোধী দলের বাধার মুখে সংসদের বিরোধী দলটি ২০১৪ সালের নির্বাচনের পর ৩/৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করে এবং দলের চেয়ারম্যান মরহুম এইচ.এম এরশাদ বিশেষ বিদেশ দূত হিসেবে মন্ত্রীর মর্যাদা লাভ করে থাকে।
সংসদ দেশের মানুষের আশা আকাংখার প্রতীক। তারপর উদাস ও গৃহপালিত বিরোধীদল দ্বারা যেভাবে সংসদ অধিবেশন চলছে তাতে দেশের মানুষের প্রাপ্তি ও আশা ভরসার কিছুই লক্ষ্য করা যায়নি। তবে তাদের আঙ্গুল ফুলে কলাগাছ ও বটগাছ হওয়ার নজির কম দৃশ্যমান হয়নি। সংসদকে কার্যকর করতে হলে সংসদে একটি অর্থবহ, গ্রহণযোগ্য ও কার্যকর বিরোধী দল থাকা দরকার বলে দেশের বিজ্ঞজনরা মনে করে থাকে। যতদিন পর্যন্ত দেশে গ্রহণযোগ্য ও কার্যকর বিরোধী দল না আসবে ততদিন পর্যন্ত সংসদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আগে ও পরের কথা বাদ দিলেও ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের যে ধরণের ভোটের মাধ্যমে সংসদের সরকারি দল ও সংসদের বিরোধী দল গঠিত হয়েছে তা কারও কাম্য ছিল না। এখন সংসদের বিরোধীদল বলতে বুঝায় তামাশা, মন্ত্রীর মর্যাদায় বিরোধী দলীয় নেত্রীর আসন ও টেবিল তাপড়ানোর যোগানদার। তাই কেহ আজ বর্তমান সংসদের বিরোধী দল হিসেবে মনে না করে আলোমতি ও রূপবানের যাত্রা বলে মনে করতে কুন্ঠাবোধ করেনি।
ইতিহাসের আলোকে রাজনীতিতে গৃহদাহ অনেক আগের ঘটনা। নতুন কিছু নহে। সুলতানা রাজিয়া ও ভাইদের মধ্যে সিংহাসন নিয়ে চরম দ্বন্দ্বে ছিলেন। স¤্রাট আওরঙ্গজেব অসুস্থ অবস্থায় বৃদ্ধ পিতা স¤্রাট শাহজাহানকে আগ্রার তাজমহলে বন্দী করে রাখে। স¤্রাট অশোক সিংহাসন রক্ষায় ৯৯ জন জ্ঞাতি ভ্রাতাকে হত্যা করেছিল। তেমনি ভাবে আজ প্রায় ৪/৫ মাস যাবৎ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে পৌরসভায় প্রতিনিয়ত যে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তৃতা, বিবৃতি চলছে একজন টেম্পো ড্রাইভার ও একজন নিরলস সংবাদ কর্মীকে রাজনৈতিক সহিংসতায় নির্মমভাবে গুলিতে প্রাণ দিতে হয়েছে যার ব্যাথা, বেদনা বলার ভাষা নেই। তদোপরি সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই পৌর মেয়র কাদের মির্জা তার ভাই, ভাগিনা ও অন্যান্যদের মুখ থেকে প্রতিনিয়ত একজন আরেকজনকে দোষারূপ করে যে অমার্জনীয়
বকাঝকা এমনকি মন্ত্রী ওবায়দুল কাদেরের সহধর্মীনিকে ঘুষ দুর্নীতির সাথে সংশ্লিষ্ট করে যা উল্লেখ করা হচ্ছে তা খুবই দুঃখজনক। একজন দায়িত্বশীল মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদকের জন্য ইহা খুবই লজ্জার কথা বলা চলে। এই কথাগুলোকে অনেকেই উড়িয়ে দিচ্ছে না বা তামাশা মনে করছেনা। যা মন্ত্রীর ভাই কাদের মির্জার মুখ থেকে একাধিকবার বের হচ্ছে এবং দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যম, মিডিয়া, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। যা অনেকেই রংপুরে প্রসিদ্ধ হাড়িভাঙ্গা রসালো ও মধুর আমের মতো করে গিলছে। এ নিয়ে প্রতিনিয়ত হাঁসি তামাশা, আলোচনা ও সমালোচনাও কম পরিলক্ষিত হয়নি।
আবার অনেকে কাদের মির্জার এ তীর্যকতাকে ঘৃণা ভরে মনে করছে। আবার অনেকে মনে করে রাজনৈতিক গৃহদাহ শুধু তাদের মান সম্মানকে হেয় ও ভুলন্ঠিত করছে না, তাদেরকে একেবারে তাদের বাড়ীর পাশের নদীতে না নামিয়ে ছাড়ছে না। তদোপরি কাদের মির্জার ভাই ওবায়দুল কাদের কোনো ব্যক্তি নহেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল কর্তৃক নির্বাচিত সাধারণ সম্পাদক। তারপর দীর্ঘদিনের রাজনীতিক ও এক সময় ৮০, মতিঝিল বা/এ, থেকে প্রচারিত ও প্রকাশিত দৈনিক বাংলার বাণীর সম্পাদক। কাদের মির্জার বক্তব্যের কারণে আজ দেশের মানুষ ওবায়দুল কাদেরের বক্তব্যকে ভূতের মুখে রামনামের মতই মনে করে থাকে।
বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত যখন মন্ত্রী ওবায়দুল কাদেরের বিভিন্ন বক্তৃতা, নির্দেশনা দেয়া যায় এবং এর পাশাপাশি তার ভাই কাদের মির্জা কর্তৃক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তকমা অনেককেই প্রশ্নাতিত করে তোলে। যা মন থেকে সহজে দূরে সরে যেতে চায় না। আবার অনেকে মনে করে এ নীরবতাকে দিন দিন বাতাসকে তিক্ত ও মানুষের কাছে প্রশ্নের পর প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। যদি এর তিরোধান না হয় এবং বাস্তবিকভাবে এ রাজনৈতিক গৃহদাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “সামান্য ক্ষতি” কবিতায় মর্মার্থের মতো আগুনের লেলিহান শিখার মতো সামনে এগিয়ে চললে এর ভয়াবহতা রোধ করা অকার্যকর হয়ে পড়লে অশান্ত হয়ে যাওয়ার কথা ভেবে পাওয়াও কঠিন মনে হয়। এখানে আরেকটি কথা বলার দরকার তা হচ্ছে এ ঘটনার সাথে মাঝে মাঝে তাদের মুখ থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরই নেতা বলে উচ্চারিত হতে দেখা যায়।
আজ যেভাবে সংসদে উদাস বিরোধী দলের ন্যায় রাজনীতিতে গৃহদাহ চলছে তা কারও কাম্য নহে। এদেশ আমাদের প্রাণের চেয়ে প্রিয়। যদি এ দেশের কোনো নেতা ও মন্ত্রীর প্রশংসা শুনি, দেশের মানুষের জন্য দয়া, মায়া ভেসে উঠে, তবে তাতে মন ভরে ওঠে। আর যদি তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, পারিবারিক দুর্নীতি, গৃহদাহ, অসততা পারিবারিকভাবে বিস্তার ঘটে তবে তা দেখে মনকে বুঝানো বাস্তবিকই কঠিন হয়ে ওঠে। এ প্রবিধান থেকে নিজেকে যতটুকু দূরে রাখা যায়, আত্মসংযম ও লোভ লালসা ত্যাগ করা যায় ততই মঙ্গল। অনেক সময় অনেক কিছু মাঠি চাপা দিয়ে রাখা যায় না। দুদিন আগে আর পরে শিয়াল, কুকুর, মানুষ মারার দুর্গন্ধ বাতাসে ছড়াবেই। দুর্গন্ধকে কোনোভাবেই ঢেকে রাখা যায় না। অনেক সময় দুর্গন্ধের ব্যাপকতা বাতাসে বিস্তার ঘটিয়ে এর ব্যাপকতা বৃদ্ধি করে থাকে। যে দুর্গন্ধ হয়তো রোধ করার সময় আর থাকে না।
সংসদে গঠনমূলক, গণতান্ত্রিক ও উদাস মুক্ত বিরোধী দল ও রাজনীতিতে গৃহদাহ নিরসন কল্পে যথাসময়ে ব্যবস্থা নেয়াই হোক যথাযোগ্য প্রতিকার। এর ব্যর্থয় হলে এবং রবীন্দ্রনাথের “সামান্য ক্ষতি” কবিতার দৃশ্যপট সামনে আসলে দুঃখ, বেদনা, হাহাকারের চেয়ে আর কিছু অবশিষ্ট না থাকারই কথা। পরিশেষে বলব, দেশের সংসদের হালচাল ও রাজনীতি এখন আর রাজনীতির জায়গায় নেই। গঠনমূলক সংসদ, গণতান্ত্রিক রাজনীতি ও সুষ্ঠু নির্বাচনই হোক আমাদের পাথেয়। জিঘাংসা, হিংসা, বিদ্বেষ গণতন্ত্রকে ঠেলে দিয়ে অগণতন্ত্রকে স্থান করে দেয় এবং মহীরুহের সৃষ্টি করে থাকে। গণতন্ত্রই একমাত্র বাঁচার ও মুক্তির পথ। গণতন্ত্রের বিকল্প নেই।
এ.কে.এম শামছুল হক রেনু
লেখক কলামিষ্ট