দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও তাকে নিপীড়নের প্রতিবাদের ভাষা যখন হারিয়ে ফেলেছি। ঠিক এমন সময় রোজিনা ইসলামের জামিন শুনানিতে রাষ্ট্র পক্ষের দলকানা আইনজীবী সাংবাদিক রোজিনা ইসলামকে ইতিহাসের খলনায়িকা 'ঘষিটি বেগম' বলে খোদ পবিত্র আদালতে সম্বোধন করার দুঃসাহস অনেকটাই ভাবিয়ে তুলছে। ভাবছি, ওইসব দলকানা আইন ফেরিওয়ালারা মানুষ হবে কবে? কবে তাদের নছিবে হিদায়ত আসবে?
অথচ আমাদের দেশের আইন বলছে কারো অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত কিংবা কারাগারে আটককৃত কোনো ব্যক্তিকে নিয়ে কোনোরূপ কটাক্ষ করা যাবে না। কিন্তু আমাদের দেশে বিশেষ করে নিম্ন আদালতগুলোতে হরহামেশাই শুনানি পর্বে আইন বহির্ভূত বক্তব্য উপস্থাপন করার নজির মিলছে।
এ কেমন ডিজিটাল রাষ্ট্র? কোন পথে বাংলাদেশ? স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে তো এমন শোনা যায়নি। তথাকথিত গোপন নথি চুরি করার অভিযোগে একজন নারী সাংবাদিককে গলাটিপে ধরার ঘটনা নজিরবিহীন। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে খোদ সচিবালয়ে হেনস্তা করা হয়েছে, তা দেখে দেশের মানুষ যেমন হতবাক, তেমনই বিস্মিতও বটে। ইন্টারনেট দুনিয়ায় রোজিনা ইসলামকে হেনেস্তা করার যেসব ছবি ঘুরে বেড়াচ্ছে, তা দেখে বিবেকবান কোনো মানুষই বিচলিত না হয়ে পারেন না। তাই প্রতিবাদ উঠেছে দেশ-বিদেশে।
স্বাধীন বাংলাদেশের গত ১৫ বছরে ২৩ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন; আহত হয়েছেন ৫৬১ জন। ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২২ বছরে বাংলাদেশে ৩৬ জন সাংবাদিক হত্যাকা-ের শিকার হয়েছেন।
এছাড়া আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে আদালত চত্বরে রক্তাক্ত, সংগ্রাম সম্পাদক বয়োবৃদ্ধ আবুল আসাদকে নিজ অফিসে শারীরিক নির্যাতনের পর জেলে প্রেরণসহ সাংবাদিক কাজল, জামালপুরের বকশীগঞ্জের গোলাম রব্বানী নাদিম, এম শাহীন আল আমীনসহ অগণত সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় হয়রানি করা হলেও ইতোপূর্বে একজন সাংবাদিককে হেনস্তা বা গ্রেপ্তারের ঘটনায় এমন প্রতিবাদ, ধিক্কার বাংলাদেশ নামক রাষ্ট্রে বিগত পঞ্চাশ বছরেও ঘটেনি। চার দশকের জীবনের দুই দশকের সাংবাদিকতা জীবনে অন্তত আমার দেখা হয়নি। যদিও হাল জমানায় রাজনীতিতে এমন ঘটনা অহরহ।
সাংবাদিক রোজিনার অপরাধ কী? বলা হচ্ছে, তিনি নাকি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নথি চুরি করার চেষ্টা করছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দাবী, রোজিনা করোনার টিকা নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির গোপন নথিপত্র সরানোর চেষ্টা করছিলেন। এ সময় একজন অতিরিক্ত সচিব ও একজন পুলিশ কর্মীর হাতে তিনি ধরা পড়েন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, এসব নথিপত্র প্রকাশ পেলে নাকি রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে যেত।
ইন্টারনেট দুনিয়ায় ঘুরতে দেখা গেল, ভিন্ন চিত্র। মন্ত্রণালয়ের একজন কর্মী রোজিনার গলা টিপে ধরছেন। প্রশ্ন উঠছে, কী আছে ওইসব চুক্তিতে, যেটা প্রকাশ করলে রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে? এটা কি কোনো গোপন চুক্তি? অন্য কোনো দেশে হলে রাষ্ট্র নিজেই প্রকাশ করে দিতো। কী আর বলবো, এই রাষ্ট্রে আলু-পটল চাষের ফাইলেও ‘গোপনীয়’ লেখা থাকে। তর্কের খাতিরে মানলাম, রোজিনা নথি সরাচ্ছিলেন। তাই বলে তাকে মাটিতে ফেলে গলা টিপতে হবে? আইন নিজের হাতে নেয়ার অধিকার তো রাষ্ট্র কাউকে দেয়নি। রাষ্ট্র এতোটা অমানবিক হলো কবে?
শুনেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যখন এই তা-ব চলছিল তখন ভেতর থেকেই প্রতিবাদ হয়েছে। অনেকেই তখন বলেছেন, এটা ভাল হচ্ছে না। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলো সম্ভবত এসব নীরব প্রতিবাদকারী কোনো একজনের কাজ। কিন্তু কে শুনে কার কথা? দুর্নীতি যাদের নেশা, এই অফিসের পিয়ন-ড্রাইভাররা যেখানে কোটিপতি তারা কি শুনবে রোজিনাদের নির্যাতনের আর্তনাদ? শুনেনি বরং হেনস্তার মাত্রা আরও বাড়িয়ে দেয়। ঘটনা ঘটার ৪০ ঘণ্টা পর একটি তদন্ত কমিটি হয়েছে। তাও আবার নিজেরা নিজেরা।
এর আগে দুনিয়া জেনে গেছে এই বর্বর আচরণের কথা। নিন্দা আর প্রতিবাদে ভারী হয়ে গেছে নেট দুনিয়া। প্রতিবাদ হচ্ছে দেশের গ-ি পেরিয়ে বিশ্ব ম-লে। একযোগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবরটি ফলাও করে প্রচার করে। জাতিসংঘেও পৌঁছে গেছে ঘটনার আদিঅন্ত। সোচ্চার হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। নিন্দা জানতে ঐক্যবদ্ধ হতে দেশের সাংবাদিকদের বিভাজনের লেশ মাত্রও নেই।
দলমত, নির্বিশেষে সবাই একবাক্যে বলছেন, রোজিনার মুক্তি চাই। এমনকি শাসক দলের ভেতরেও ব্যাপক প্রতিক্রিয়া। বোজে আসে না যে, রোজিনাকে পাঁচঘণ্টা আটকে রেখে হেনস্তার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখনও সংশ্লিষ্টরা ঘুমিয়ে ছিলেন কেনো। রোজিনা আপাকে চিকিৎসা না দিয়ে রিমান্ডে নেয়ার আর্জি দেখে অবাক না হয়ে পারিনি। যাই হোক, বিচারক এতে সায় দেননি। জামিন দিলে হয়তো সর্বমহলে এমন প্রতিক্রিয়া হতো না। প্রশ্ন উঠেছে- এতে কার, কী প্রাপ্তি? সরকারের লাভ-ক্ষতিই বা কী? বলা যায়, নিন্দা ছাড়া সরকার কিছুই পায়নি। মনে হচ্ছে, হিসেবে বড় গোলমাল হয়ে গেছে। কেউ কেউ বলছেন, একজন রোজিনাকে হেনস্তা করে অন্যদেরকে বার্তা দেয়া। দুর্নীতির খবর লিখতে আসলে এমন পরিণতিই হবে। সাংবাদিকরা এটা মানবেন না বোধ করি সংশ্লিষ্টরা এটা বুঝতে পারেননি। এটা বারবার প্রমাণিত হয়েছে, অনুসন্ধানী সাংবাদিকতাকে গলাটিপে হত্যা করা যায় না। এমনিতেই বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র ছোট হয়ে আসছে।
দাবি উঠছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের। আমরা বলতে চাই, কেনো তিনি পদত্যাগ করবেন? তিনিতো আর একাই এ কাজটি করেননি। তাছাড়া এদেশে পদত্যাগের ঘটনা হাতেগোনা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির খোঁজে চুরির মিথ্যা অপবাদে সাংবাদিক রোজিনা ইসলাম যখন জেলে। ঠিক এমন সময় দুর্নীতির বিরুদ্ধে আঁটঘাট বেঁধে এবার যুদ্ধে নেমে পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি নির্মূলে আমাদের দুদক আজ হেফাজতের অর্ধশত নেতার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দিয়েছে। দুর্নীতিখেকো দুদকের ওই দুর্নীতি নির্মূল অভিযানে সহসায় কতিপয় প্রশ্নের উদ্বেগ হয়েছে।
প্রশ্নগুলো হলো- ১. হেফাজত কি রাষ্ট্র ক্ষমতায়? ২. হেফাজত কি সরকারে? ৩. হেফাজত কি পাবলিক মানি ও জনগণের ট্যাক্সের টাকা লুটেপুটে খেয়ে দুর্নীতি করছে?
হেফাজত নেতাদের অর্থের উৎসের অনুসন্ধানের জন্য দুদক নিশ্চয় অভিনন্দন পেতে পারে। য়েমন ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে সফল তল্লাশী চালিয়ে চরম প্রশংসা কুড়িয়েছিল পুলিশ! পুলিশের ওই অভিযানে জনগণ যারপরনাই প্রীত, আনন্দিত, উৎফুল্ল, আশাবাদী, ভাববাদী, উদ্বেলিত, উৎসাহিত এবং কৃতজ্ঞ প্রকাশ করেছিল। ধন্যবাদ জানিয়েছিল বাংলাদেশ পুলিশ বাহিনীর সব সদস্যকে, বিশেষ ধন্যবাদ গুলশান থানাকে। এই মহান অভিযানে দেশ-জাতি, নানা-নাতি এবং কাঁথা-বালিশসহ দেশের সব মানুষ, পশুপাখি, চেয়ার-টেবিল, ডাস্টার-চকলেট, হাতুরা-বাটাল, পান-সুপারি সমাজ ব্যাপক উপকৃত হয়েছে!
ওই একই রকম উপকৃত হতে পারে এবার হেফাজত নেতাদের অর্থের অনুসন্ধান অভিযানে দুদক। জনগণের টাকায় যারা ভাত খায়, তাদের এই দুঃসাহসী অভিযান দেশবাসিকে কাঁচা ঘুম থেকে তুলে আনলেও আমরা এক সুতাও অখুশী নই। গণতন্ত্র ও নিরাপত্তার স্বার্থে এই জাতীয় 'গোপন সংবাদের ভিত্তিতে' বিভিন্ন বাসাবাড়িতে অভিযান আজীবন জরুরি বলেই মনে করি। এই জাতীয় কাজকাম আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। তবে স্বাক্ষর অস্পষ্টই বটে।
আমি মনে করি, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, সেই একই অভিযোগ যেকোনো অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে আনা যায়। সেকারণে রোজিনা ইসলামকে কথিত যে দোষে দোষী বলে অভিযুক্ত করা হচ্ছে, এমন অসংখ্য অভিযোগ আমার বিরুদ্ধেও আনা যাবে অতিসহসায়।
কারণ, অনুসন্ধানী সাংবাদিকরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উন্মোচন করে থাকেন। সেকারণেই রোজিনা ইসলামের মুক্তিতে আমার স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত।
কাগজ চুরি, ফাইল চুরি, সাংবাদিকদের জন্য একটা নিত্যমিত ঘটনা। ভুলে গেলে চলবে না যে, এই চুরি সেই চুরি নয়। অর্থাৎ দেশ ও জাতির স্বার্থে কোনো তথ্যের ফাইলে চোখ বুলানো অপরাধের বিষয় না। বরঞ্চ এই তথ্য হস্তগতের কাজটি ব্যক্তিগত নয়। নিজের প্রয়োজনে এ কাজটিতে সহসায় হাত বাড়ানো হয়না। সাংবাদিকতার স্বার্থেই তথ্য হস্তগত। এই কাজটি করতে গিয়ে কোনো সাংবাদিকের ব্যক্তিগত লাভবান হওয়ার সুযোগও পরিলক্ষিত হয়না। জনগণের তথ্য জানার স্বার্থে গণমাধ্যম এ কাজটি করে থাকে। কালক্রমে সাংবাদিকতা এভাবেই ধাপে ধাপে এগিয়ে চলছে।
সাংবাদিক রোজিনা ইসলাম কা-ে আমলাদের হিং¯্রতা আর দলকানা আইনজীবীদের অতিমাত্রায় চাটুকারিতায় সর্বোপরি আইন বহির্ভূত ঘটনা ঘটানোয় সহসায় বাকরূদ্ধ হয়ে আসছে। ঘৃণা হচ্ছে নিজের প্রতি। লজ্জা হচ্ছে, সুরক্ষিত এলাকা খোদ রাষ্ট্রের সচিবালয়ে একজন নারী সাংবাদিককে হেনেস্তা! আইন রক্ষকদের মুক্তসাংবাদিকতায় চপেটাঘাতের চরম বেমানান ঘটনায় সাংবাদিকতার দায়বোধ থেকেই রোজিনা ইসলামের মুক্তিতে স্বেচ্ছায় কারাবরণের নিবেদন করছি। অর্থাৎ আমাকে জেলে রাখার বিনিময়ে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়া হোক। সেই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়েরকৃত মামলারগুলো প্রত্যাহার করতে হবে। মুক্তসাংবাদিকতার পথও প্রসস্ত করা সময়ের গণদাবিই বটে।
(লেখক : এম. কে. দোলন বিশ্বাস, দৈনিক সংবাদের সহ-সম্পাদক)