দেশে একসময় নদীপথ ছিল ২৪ হাজার কিলোমিটার। কিন্তু দখল, দূষণ ও ভরাটে হারিয়ে গেছে ১৯ হাজার কিলোমিটার নৌপথ। বর্তমানে ৫ হাজার কিলোমিটারেরও কম নদীপথে নৌযান চলছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সারাদেশে ৫৩টি নৌ-রুটের ১২ হাজার কিলোমিটার নৌপথ খননের জন্য ২০১২ সালে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে ২৪টি রুটে ১ হাজার ২৪ কিলোমিটার নৌপথ খননের কাজ ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু গত ৮ বছরে ৭৫ শতাংশ নদী খনন কাজ শেষ হয়েছে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সারাদেশের অভ্যন্তরীণ ৫৩টি নৌরুটের ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য বিগত ২০১২ সালে একনেক প্রকল্প অনুমোদন করে। প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ। সেক্ষেত্রে প্রথম দফায় ২৪টি এবং দ্বিতীয় দফায় ২৯টি গুরুত্বপূর্ণ নদীপথ খনন করার কথা রয়েছে। নদী খননের ওই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় ১২ হাজার কিলোমিটার নৌপথ সচল হবে। প্রকল্পের সংশোধিত ব্যয় ১ হাজার ৯২৩ কোটি টাকা এবং মেয়াদ জুলাই ২০১২ থেকে জুন ২০২১ পর্যন্ত। প্রকল্পের আওতায় ২৪টি নৌপথে ৯৯৭ লাখ ঘনমিটার খননের মাধ্যমে ২ হাজার ৩৮৬ কিলোমিটার নৌপথের নাব্য উন্নয়ন করা হবে। সেজন্য চলতি ২০২০-২০২১ অর্থবছরে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে কমিয়ে ১০৮ কোটি করা হয়েছে। সেজন্য প্রথম কিস্তির ছাড় করা ৩৭ দশমিক ৫০ কোটি টাকার মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ৩৬ দশমিক ৫৪ কোটি টাকা। তবে প্রকল্পের জন্য চলতি ২০২০-২০২১ অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানান।
সূত্র জানায়, সারাদেশের নদীপথ উদ্ধারে একাধিক প্রকল্প নেয়া হয়েছে। তার মধ্যে ৫৩টি নৌরুটে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় সারাদেশে নদী খনন কাজ চলছে। ২০২১ সালের জুনের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ হবে। তাছাড়া গোমতী ও ব্রহ্মপুত্রসহ আগামী ৪-৫ বছরে প্রায় ১০ হাজার নৌপথ উদ্ধার করা হবে।
এদিকে নদী কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার জানান, গত একবছরে প্রায় ১৮ হাজার ৫৭৯ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। আর এক বছরে দখল ও দূষণকারীর তালিকা ৫৭ হাজার ৩৯০ থেকে ৬৩ হাজার ২৪৯ তে পৌঁছেছে।
অন্যদিকে এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান জানান, নদী কমিশনের মাধ্যমে নদীকে বাঁচানোর উদ্যোগ নেয়া হয়েছে। ওই লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। নদী দখল ও দূষণ রোধে অর্থ মন্ত্রণালয়ের কাছে ২০০ কোটি টাকা চাওয়া হয়েছে। পাশাপাশি পরিকল্পনা কমিশনে দুটি প্রকল্পের প্রস্তাব জমা দেয়া হয়েছে। কিন্তু করোনার কারণে কিছু কাজ পিছিয়ে গেছে। অর্থ ও প্রকল্পগুলো অনুমোদন পেলে যেসব কাজে পিছিয়ে পড়েছে তা কাটিয়ে উঠা সম্ভব হবে।