দেশ থেকে চন্দনসহ বিভিন্ন মূল্যবান কাঠ পাচার হয়ে যাচ্ছে। গত এক বছরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারের সময় ২২ হাজার ৬১৯ ঘনফুট কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার মধ্যে গত বছরের ডিসেম্বরে সবচেয়ে বেশি ৫ হাজার ১৯৮ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। ওই কাঠের মধ্যে রয়েছে রক্তচন্দন, শ্বেতচন্দন, সেগুন, শালসহ আরো কয়েকটি মূল্যবান প্রজাতি। বেনাপোল ও উখিয়া সীমান্ত দিয়ে ওই ধরনের কাঠ সবচেয়ে বেশি পাচার হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বন অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, চন্দন কাঠ প্রসাধনী থেকে বাতব্যথার ওষুধ তৈরিসহ নানা কাজেই ব্যবহৃত হয়। প্রতি কেজি রক্তচন্দন কাঠ কালোবাজারে সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়। কাঠ বহন মাদক ও অস্ত্রের মতো অবৈধ নয়। ফলে অনেকটা নির্বিঘ্নেই চলছে চন্দনের মতো নানা মহামূল্যবান কাঠের চোরাকারবার। কাঠ পাচার এখন কোটি টাকার বাণিজ্য। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোরাচালান প্রতিরোধে তীক্ষè নজরদারি থাকায় বিশেষ করে চন্দনের মতো মহামূল্যবান কাঠ খুব কম পরিমাণে বহন করা হয় এবং কাঠ বহন অবৈধ না হওয়ায় অনেক ক্ষেত্রে তাদের নজর এড়িয়ে যায়। তবে বন অধিদপ্তর থেকে তথ্য দেয়া হলে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের অভিযানে গত বছরের ডিসেম্বরে আড়াই কোটি টাকার রক্তচন্দন কাঠের বড় একটি চালান ধরা পড়ে। ঢাকার টঙ্গীবাজার এলাকা দিয়ে পাচারের সময় ৩৮৪ কেজি রক্তচন্দন কাঠসহ দুই পাচারকারীকে আটক করা হয়। ওই চক্রটি দীর্ঘদিন ধরে নানা প্রজাতির মূল্যবান কাঠ চোরাচালান করে আসছিল। তাদের সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগাযোগ রয়েছে। ওই কাঠ তারা প্রতিবেশী দুটি দেশের সীমান্ত দিয়ে চোরাচালান করে থাকে। কাঠ বহন অবৈধ না হওয়ায় এর চোরাচালানে ঝুঁকি কম, বিপরীতে বেশি অর্থ আয়ের সুযোগ রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাচালান চক্রের সদস্যরা জানিয়েছে।
সূত্র জানায়, কাঠ চোরাকারবারিরা কয়েকটি অংশে বিভক্ত হয়ে কাজ করে। তার মধ্যে একটি অংশ দেশের বিভিন্ন দুর্গম বনভূমি ঘুরে গাছ শনাক্ত করে। আরেকটি অংশ রাতারাতি ওসব গাছ কেটে তক্তা বানিয়ে তেলবাহী লরি, কখনো ট্রাকের ইটের সারির নিচে চাপা দিয়ে দীর্ঘ পথ বহন করে। বর্তমানে দেশে বনভূমি রয়েছে ১৬ লাখ হেক্টর। বিশাল ওই বনভূমি রক্ষায় পর্যাপ্ত লোকবল নেই। আর এ সুযোগটি কাজে লাগিয়ে চোরাকারবারিরা মূল্যবান গাছ কেটে নিচ্ছে। বর্তমানে কক্সবাজার ও চট্টগ্রামের দুর্গম এলাকায় সবচেয়ে বেশি চোরাই কাঠের কারবার হয়ে থাকে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো থেকে প্রতিনিয়তই মহামূল্যবান বিভিন্ন ভেষজ উদ্ভিদ কেটে পাচার করে দিচ্ছে আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সদস্যরা।
সূত্র আরো জানায়, বনভূমিবেষ্টিত সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশকিছু চোরাই কাঠের বাজার গড়ে উঠেছে। চোরাই কাঠের বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাঠ যায় উখিয়ার রুমখাঁ বাজারে। এককালের ঐতিহ্যবাহী ওই হাট এখন চোরাই কাঠের বাজারে পরিণত হয়েছে। ওই বাজারে দুটি অবৈধ করাতকলে প্রতিদিন হাজার ঘনফুট চোরাই কাঠ চিরাই করা হচ্ছে। দৈনিক ওই হাট থেকে ৫ হাজার ঘনফুটেরও বেশি কাঠ কেনাবেচা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করে কেটে নেয়া গাছ উখিয়ার ওই বাজারটিসহ সীমানবতবর্তী অন্যান্য চোরাই কাঠের বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে চোরাকারবারিদের আরেকটি অংশ আগে থেকেই সেখানে অবস্থান নেয়। তারা মূলত প্রতিবেশী দেশের ক্রেতাদের সঙ্গে দরদাম ঠিক করে। পরে সুযোগ বুঝে কাঠগুলো প্রতিবেশী দেশগুলোতে পাচার করা হয়। প্রকাশ্যে এমন চোরাই কাঠের বাজার বসলেও বন অধিদপ্তর কার্যত কোনো পদক্ষেপ নিতে পারছে না। তাদের নিজস্ব লোকবল না থাকায় অভিযানের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা করে থাকে।
এদিকে নিজেদের সংকটের কথা জানিয়ে বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুই হাজার একর বনভূমির তত্ত্বাবধানে মাত্র ৪ থেকে ৫ জন কর্মী থাকে। সমতলভূমিতে স্টেশনভিত্তিক ডিউটি কার্যক্রম পরিচালনা করা গেলেও দুর্গম পাহাড়ি এলাকায় তাদের থাকার জন্য নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন বনরক্ষীদের ডিউটি শেষে ফিরে আসতে হয়। আর এ সুযোগটির জন্যই ওঁৎ পেতে থাকে কাঠ পাচারকারীরা।
এ প্রসঙ্গে বন অধিদপ্তরের সহকারী প্রধান বন সংরক্ষক মো. আরিফুল হক বেলাল জানান, বনভূমি রক্ষায় নিয়মিত মনিটরিং ব্যবস্থা রয়েছে। গাছ কাটা হচ্ছে বা বনভূমি ধ্বংসের খবর পাওয়া মাত্রই তা উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়া হয়। তবে বেশির ভাগ বনভূমিই দুর্গম এলাকাতে হওয়ায় সেখানে কেউ গাছ কেটে নিলে ওই খবর পেতে একটু সময় লেগে যায়। তবে পরবর্তী সময়ে ওই অপরাধীদের অনুসরণ করে গাছগুলো উদ্ধারের পাশাপাশি নতুন করে বনায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হয়। তাছাড়া অনেকে বনের নিচু ভূমিতে চাষের জন্য অনুমতি নিয়ে ধীরে ধীরে উপরের দিকে গাছ কাটতে শুরু করে। এভাবে একটা সময় দেখা যায় বনের অনেকটাই উজাড় করে চাষাবাদ করা হচ্ছে। তাছাড়া প্রাকৃতিক নানা বিপর্যয়ের কারণে গৃহহীন হয়ে পড়া প্রত্যন্ত এলাকার মানুষের প্রাথমিক আশ্রয়স্থল হিসেবে বনভূমিকে বেছে নেয়া হয়। দেখা যায় তারাই নিজেদের প্রয়োজনে ধীরে ধীরে বনের গাছ কেটে বনভূমি ধ্বংস করতে থাকে। বনভূমি রক্ষায় কাঠের চাহিদা কমিয়ে আনার পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি হওয়াও জরুরি।