বেশি আগের কথা নয়; ০৬ ডিসেম্বর, ২০২০। স্বাধীনতার ৪৯ বছর পরে এসেও ‘দরিদ্রতায় হয়নি শেষকৃত্য, সেই ৬ জনকে মাটিচাপা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক যায়যায়দিনে। সংবাদে জানা যায়, মানিকগঞ্জের দৌলতপুর সড়ক দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের নাগরপুরের হিন্দু পরিবারের ৬ সদস্যের টাকার অভাবে শেষকৃত্য হয়নি। ফলে নিজ বাড়ির আঙিনায় মাটি চাপা দেওয়া হয় লাশগুলো। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চাষাভাদ্রা গ্রামের ওই বাড়ির মর্মাহত এমন দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি স্থানীয়রা। তবে লাশগুলো মাটিচাপা দেওয়ার ঘণ্টাখানেক পর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নিহতদের বাড়ি পরিদর্শন করে আর্থিক সহযোগীতা করেন। ঘটনায় নিহতরা হলেন- ওই গ্রামের হরে কৃষ্ণ বাদ্যকার (৫৫), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৮), গোবিন্দর স্ত্রী ববিতা বাদ্যকার (২৫), মেয়ে রাধে বাদ্যকার (৪), চাচি খুশি বাদ্যকার (৫২) ও চাচাতো ভাই রাম প্রসাদ বাদ্যকার (৩০)। এ ঘটনায় ইউপি সদস্য মো. বেল্লাল সরদার জানান, নিহতের পরিবারে হরে কৃষ্ণ বাদ্যকারের স্ত্রী ঝর্ণা বাদ্যকার এবং নিহত দুই ভাইয়ের স্ত্রী ছাড়া আর কেউ নেই। তারা খুবই দরিদ্র ও অসহায়। একসঙ্গে ছয়টি লাশ দাহ করতে ৭০ থেকে ৮০ হাজার টাকার মতো খরচ হবে। এত টাকা ওই পরিবারের পক্ষ থেকে সংগ্রহ করা সম্ভব নয়। তাই সবার সিদ্ধান্তে লাশগুলো সকালে মাটিচাপা দেয়া হয়েছে।
এই যখন দেশের অবস্থা! তখন নির্মম করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে অর্থনীতির আকাশে কালো মেঘের আভাস লক্ষ করা যাচ্ছে। প্রণোদনা প্যাকেজের কারণে ব্যবসাবাণিজ্যে ইতিবাচক প্রভাব থাকলেও সংক্রমণের 'দ্বিতীয় ঢেউয়ে' স্থবির হয়ে যেতে পারে দেশের অর্থনীতি। ইতোমধ্যে পণ্য আমদানির জন্য আমদানি ঋণপত্র স্থাপনের (এলসি) হার ঋণাত্মক হয়ে পড়েছে। ঋণাত্মক হয়ে আছে রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানি। এরই মধ্যে শিল্পের উৎপাদনের জন্য যন্ত্রপাতি আমদানি চলতি অর্থবছরের প্রথম চার মাসে ভাটা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে, জুলাই-অক্টোবর মাসে বস্ত্রের মতো বড় শিল্পের জন্য মূলধনী যন্ত্রপাতি এবং শিল্প কাঁচামাল আমদানি কমেছে। সামগ্রিক আমদানি ব্যয় বছরের ব্যবধানে ১৩ শতাংশ কমে ১৭ দশমিক ০৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যতম তৈরি পোশাক শিল্পের প্রধান কাঁচামাল আমদানি ৮১৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা চার মাসের ব্যবধানে কমেছে ২৪ দশমিক ২৪ শতাংশ। শিল্পোদ্যোক্তারা বলছেন, নতুন শিল্প স্থাপনের জন্য মূলধনী যন্ত্রপাতির প্রয়োজন হয়। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার অর্থ হলো দেশে নতুন শিল্প হচ্ছে না।
বিনিয়োগ স্থবিরতা চলছে। আর বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থানও কমে যায়। শুধু এখানেই আমাদের হতাশার শেষ নয়; আমদানি কমা সত্যিই উদ্বেগের। বিশেষ করে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি কমে যাওয়া শিল্প খাতের জন্য তথা বিনিয়োগের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। এখন বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য শুধু বড় বড় উদ্যোক্তাদের প্রণোদনার ঋণ দিলে হবে না, ছোট-মাঝারি-ক্ষুদ্র সব শ্রেণির উদ্যোক্তারা যেন এর সুফল পান, তা নিশ্চিত করতে হবে। তবে বরাবরের মত অবিরত যে সত্য-সুন্দরের রাস্তায় অগ্রসর হচ্ছি আমি, সেই রাস্তায় অগ্রসর হতে হতে বলতে পারি- আমদানি কমে যাওয়া অর্থনীতির জন্য অশনিসংকেত। তিনি বলেন, রেমিটেন্স, রিজার্ভ বাড়ায় অর্থনীতিতে এক ধরনের ‘স্বস্তি’ বিরাজ করছে। কিন্তু এসব সূচকের সঙ্গে পালস্না দিয়ে আমদানি বাড়ছে না; উল্টো অনেক কমছে। এটা চিন্তার বিষয়। আমদানির এই দৈন্যদশার প্রভাব পড়বে দেশের বিনিয়োগে। আহসান মনসুর বলেন, আমদানি কমা মানে বিনিয়োগ কমে যাওয়া। আর বিনিয়োগ কমা মানে কর্মসংস্থান কমে যাওয়া।
কোভিড-১৯ এর প্রকোপ বাড়ায় ইউরোপের দেশগুলোতে নতুন করে লকডাউন শুরু হয়েছে। আর পরিস্থিতি ভালো হলেই যে মানুষের আগের মতো ক্রয়ক্ষমতা থাকবে, তারও কোনো নিশ্চয়তা নেই। দীর্ঘদিন সবকিছু বন্ধ থাকার কারণে কাজকর্ম নেই। অনেকে চাকরি হারিয়েছেন; কেউ আবার চাকরিতে থাকলেও ঠিকমতো বেতন পাচ্ছেন না। মানুষের হাতে টাকা না থাকলে চাহিদা বাড়বে না; আমদানিও বাড়বে না। অর্থনীতিতে সেই নেতিবাচক প্রভাবই পড়ছে বলে মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে- বিজয়ের এই মাসে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকার জন্য নিবেদিত থাকতে হবে। তা না হলে লোভি-লম্পট-দুর্নীতিবাজদের কারণে নির্মমতা বাড়তেই থাকবে। করোনার প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই এসেছে 'দ্বিতীয় ঢেউ'। চেষ্টা হচ্ছিল ঘুরে দাঁড়ানোর। প্রত্যাশা ছিল অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এরই মধ্যে করোনার দ্বিতীয় দফার ঢেউ সব কাজে যেন একটা বড় বাধা হয়ে উঠছে। ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। 'দ্বিতীয় ঢেউ' এসে সবকিছু আবার এলোমেলো করে দিতে চাইছে। আমরা দেখেছি- দেশের রাজনৈতিক কলুষিত থাকায়-অর্থনীতিতে নেমে এসেছে অন্ধকার। হয়তো একারণেই জুলাই-নভেম্বর সময়ে মোট পণ্য রপ্তানি ৮১ শতাংশ পোশাক খাত থেকে এসেছে। পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ২৮৯ কোটি ডলারের। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৪৮ শতাংশ কম। একই সাথে চামড়া ও চামড়াপণ্য রপ্তানিতে নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ৩৫ কোটি ডলারের চামড়া ও চামড়াপণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৩২ শতাংশ কম। তবে কেন যেন মনে হচ্ছে- এ বছর বিশ্ব অর্থনীতি ৪ দশমিক ৪ শতাংশ সংকুচিত হতে পারে। মহামারিতে লাখ লাখ জীবন ও চাকরি গেছে। তার থাবা থেকে অর্থনীতির বেরোনোর রাস্তাটা কঠিনই হবে। দীর্ঘ মেয়াদে অর্থনীতির ক্ষত হবে দগদগে।
করোনা পরিস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এক জরিপে উঠে এসেছে, করোনাভাইরাসের প্রভাবে দেশের ৮৮ শতাংশ ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই সময়ে শিল্প-কারখানায় ব্যাপক হারে বিনিয়োগের পাশাপাশি উৎপাদনও কমেছে। তবে বিদেশি কোম্পানিগুলোর তুলনায় দেশীয় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে বেশি। আমি মনে করি- করোনায় কর্মসংস্থান টিকিয়ে রাখাই হবে প্রধান চ্যালেঞ্জ। কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকারকে বিশেষ নজর দিতে হবে। এ জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ সঠিকভাবে বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে প্যাকেজের সুবিধা নিতে পারেন, সেজন্য সরকারকে মনিটরিং বাড়াতে হবে।
চরম বাস্তবতা হলো- এসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও সেই প্রণোদনা অর্ধেকের কাছেও পৌঁছেনি। ব্যাংকগুলো বড় গ্রাহকের স্বার্থ দেখছে। ছোটদের দিকে খেয়াল দিচ্ছে না। কারণ এখানে ব্যাংকের মুনাফা কম। আরও একটি করোনার ধাক্কা আসছে। এ নিয়ে শঙ্কিত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইতোমধ্যে ইউএসএতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ৮ শতাংশ, জার্মানিতে ১০ শতাংশ, জাপানে ২৮ শতাংশ, ইতালিতে ৩০ শতাংশ, কানাডায় ৩০ শতাংশ ও স্পেনে ৬ শতাংশ কমেছে। পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ বছরের জন্য স্বল্প সুদে প্যাকেজের আওতায় ঋণ দরকার। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে চাহিদা কমে যাওয়ায় অনেকে চাকরি হারিয়েছেন। এখন তাদের সহায়তা দিতে হবে। বিশেষ কর্মসূচির মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের সহায়তা দিতে হবে।
এত এত হতাশার রাজনীতি-অর্থনীতিতে ডুবে থাকা বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান মতে, গত ১ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশ্বের ২৮টি দেশ থেকে শ্রমিক ফিরে এসেছেন প্রায় পৌনে তিন লাখ। এসব শ্রমিকের মধ্যে অনেকেই আছেন, যারা দীর্ঘ দিন যাবৎ বিদেশে কর্মরত ছিলেন। কর্মহীন হওয়ায় তারা টিকতে না পেরে দীর্ঘ দিনের জমানো সঞ্চয় নিয়ে দেশে ফিরে আসছেন। এতে বেড়ে যাচ্ছে রেমিট্যান্স-প্রবাহ; কিন্তু আমদানি ব্যয় কমে যাওয়ায় এসব বৈদেশিক মুদ্রা ব্যাংকগুলো কাজে লাগানো যাচ্ছে না। এত এত হতাশার ভীড়ে আলোর কথা-আশার কথা হলো- তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বরাবরের মতো প্রথম স্থানে চীন। আর বাংলাদেশ থেকে একধাপ নিচে অর্থাৎ তৃতীয় অবস্থানে রয়েছে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্প্রতি প্রকাশিত 'ওয়ার্ল্ড স্ট্যাটিসটিক্যাল রিভিউ ২০২০' প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে মূলত ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কিন্তু একক দেশ হিসাব করলে দ্বিতীয় বাংলাদেশ। একক দেশ হিসেবে ২০১৯ সালে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে চীন।
এটাও সত্য যে, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে দেশটির পোশাক রপ্তানি ৬০০ কোটি ডলার কমে ১৫ হাজার ২০০ কোটি ডলার হয়েছে। বাজারে তাদের অংশীদারিত্ব ৩০ দশমিক ৮ শতাংশ। একক দেশ হিসেবে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ তিন হাজার ৪০০ কোটি ডলারের (প্রকৃতপক্ষে তিন হাজার ৩০৭ কোটি ডলার) পোশাক রপ্তানি করেছে। বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব ৬ দশমিক ৮ শতাংশ। ২০১০ সালে ছিল ৪ দশমিক ২ শতাংশ। চীন, ইইউ, বাংলাদেশ ও ভিয়েতনামের পর শীর্ষ দশে আছে ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। এর মধ্যে ভারত গত বছর এক হাজার ৭০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। বিশ্ব বাজারে তাদের অংশীদারিত্ব সাড়ে ৩ শতাংশ। সব মিলিয়ে শীর্ষ দশ দেশ ৪১ হাজার ১০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা বৈশ্বিক পোশাক রপ্তানির ৮৩ দশমিক ৫ শতাংশ। আমি স্বাধীনতার ৪৯ বছর পরও যখন দেখি যে, জাতির ক্রান্তিকালে লোভি-লম্পটদের রাজনৈতিক অথর্বতায় অন্ধকার ধেয়ে আসছে। তা প্রতিহত করতে-ঘুড়ে দাঁড়াতে এখনই অগ্রসর হতে হবে বাংলাদেশের জন্য নিবেদিত নতুন প্রজন্মকে। সম্মান জানাতে হবে বুদ্ধিজীবীদেও সকল কাজকেও...
মোমিন মেহেদী : চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ এনডিবি