বর্তমানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব অর্থায়নে বেশকিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ওই প্রকল্পগুলো হচ্ছে বেবিচকের প্রধান কার্যালয় ভবন নির্মাণ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনাল ভবনের সম্মুখে কার্গো অ্যাপ্রোন নির্মাণ প্রকল্প, সৈয়দপুর, বরিশাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্প কাজের পরামর্শক সেবা (ডিজাইন ফেইজ) প্রকল্প, ১৭৫ কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান এক্সপোর্ট কার্গো অ্যাপ্রোনের উত্তর দিকে অ্যাপ্রোন সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প, ৪৩০ কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল এভিয়েশন হ্যাঙ্গার, হ্যাঙ্গার অ্যাপ্রোন ও ফায়ার স্টেশনের উল্টো দিকে অ্যাপ্রোন নির্মাণ প্রকল্প এবং ২৭৭ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প। কিন্তু কভিডের কারণে আর্থিক ক্ষতি সামাল দিতে বেবিচক স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০২০-২১ অর্থবছরে চলমান ওসব প্রকল্পে বরাদ্দ ২৫ শতাংশ কমিয়েছে। বেবিচক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, নভেল করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে গত এপ্রিল ও মে মাসে দেশের সব বিমানবন্দরেই দেশী-বিদেশী এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইটের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। পরে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলেও অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল দুই খাতেই বেবিচকের আয় কমেছে। এমন অবস্থায় স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকারি অর্থায়নে (জিওবি) চলমান সব প্রকল্পে ব্যয় বরাদ্দ ২৫ শতাংশ কমিয়ে এনেছে বেবিচক।
সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে বেবিচকের ক্ষতিসংক্রান্ত সর্বশেষ নথির তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সংস্থাটির রাজস্ব আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬০৫ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ৭২৭ টাকা কম হয়েছে। ফলে বেবিচক স্বল্প ও দীর্ঘমেয়াদি দুই পন্থায় করোনার কারণে সৃষ্ট ক্ষতি সামাল দেয়ার চেষ্টা করছে। এ কারণে স্বল্পমেয়াদে আয় বৃদ্ধির সঙ্গে সংশ্লেষ নেই এবং অত্যাবশ্যকীয় নয় এমন দীর্ঘমেয়াদি নতুন উন্নয়ন প্রকল্প আপাতত হাতে নিচ্ছে না বেবিচক।
সূত্র আরো জানায়, নভেল করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে এয়ারলাইনসগুলোকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে দীর্ঘমেয়াদি সমাধান চেয়ে বেসরকারি এয়ারলাইনসগুলো গত এপ্রিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। ওই চিঠিতে সব উড়োজাহাজ ও হেলিকপ্টারের যাবতীয় নেভিগেশন, ল্যান্ডিং ও পার্কিং চার্জ ৫ বছরের জন্য মওকুফ করা, প্রণোদনাস্বরূপ এভিয়েশন শিল্পকে আগামী ১০ বছরের জন্য বিবিধ আয়কর ও ভ্যাট অব্যাহতি প্রদান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে আন্তর্জাতিক হারে জ্বালানি মূল্য ধার্যকরণ, যন্ত্রাংশ আমদানি পর্যায়ে ‘আগাম কর’ অব্যাহতি, বকেয়া পরিশোধের ক্ষেত্রে লেট ফি অন্যান্য দেশের মতো বার্ষিক ৬-৮ শতাংশ হারে ধার্য করা, বাংলাদেশী এয়ারলাইনস আন্তর্জাতিক রুটে চলাচল করলেও তাদের উড়োজাহাজগুলোর ল্যান্ডিং, পার্কিং ও নেভিগেশন চার্জ অভ্যন্তরীণ রুটের হারে ধার্য করার দাবি জানানো হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে দেশীয় এয়ারলাইনসের অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে সব ধরনের অ্যারোনটিক্যাল চার্জ ২০২০ সালের ২৬ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শতভাগ মওকুফ করেছে অর্থ বিভাগ। সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪-এর বিধান অনুযায়ী ধার্য করা ল্যান্ডিং চার্জ, পার্কিং চার্জ, ব্রিজ চার্জ, সিকিউরিটি চার্জ এবং বিএনএইচও (বিয়ন্ড নোটামাইজড অপারেশনস আওয়ার) চার্জও শতভাগ মওকুফে অর্থ বিভাগের সম্মতিপত্র সম্প্রতি হাতে পেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এ প্রসেেঙ্গ বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বেবিচক দেশের বিমানবন্দরগুলো ব্যবহারসহ বিভিন্ন ইস্যুতে এয়ারলাইনসগুলো থেকে চার্জ আদায় করে। ওসব চার্জ বাবদ বেবিচকের প্রতি মাসে ৯০ থেকে ১০০ কোটি টাকা আয় হতো। কিন্তু মার্চ থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার পর বেবিচকের আয় কমতে শুরু করে। এমন অবস্থায় সরকারি অর্থায়নে চলমান প্রকল্পগুলোর বরাদ্দ ২৫ শতাংশ কমানো হয়েছে। একই সঙ্গে শোভাবর্ধকসহ কম গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ এবং অতিজরুরি না হলে বিদেশে প্রশিক্ষণ পরিহার করা হয়েছে। তাছাড়া অত্যাবশ্যকীয় প্রশিক্ষণের ক্ষেত্রে বিদেশ না গিয়ে অনলাইন বেজড কোর্সে অংশগ্রহণের ব্যবস্থা করেছে বেবিচক।