বিজয়ের মাসে স্বপ্নের পদ্মাসেতুর শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে আমরা বিশ^ দরবারে নিজেদের সামর্থ্য, প্রত্যয় জানান দিয়েছি। ১৯৭১ সালের এই মাসেই আমরা পাকিস্থান সেনাবাহিনীর মাথা নত করে প্রমাণ করেছিলাম আমাদের বীরত্ব গাঁথা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ভাষার স্বাধীনতা অর্জনও ছিল বাঙালির ঐক্যবদ্ধতার প্রমাণ। মীর জাফরের মতো বেঈমানরা বারবার চেয়েছে দেশকে ছোট করতে, দেশের স্বাধীনতা হরণ করতে,দেশের ইতিহাস বদলে দিতে। কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে। পদ্মাসেতু এখন দৃশ্যমান। দেশের দক্ষিণ জনপদের দীর্ঘদিনের লালিত স্বপ্œ পূরণে পদ্মা সেতু আজ দৃশ্যমান। সেতুটি যান চলাচলের উপোযোগী হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আর যার বিচক্ষণ নেতৃত্বে এই বিশাল কর্মযজ্ঞ আমরা শেষ করতে পেরেছি তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার হাত ধরেই বাংলাদেশ বিশে^র দরবারে মাথা উঁচু করে এগিয়ে যেতে পেরেছে। রোল মডেল হয়েছে আমাদের দেশ। এমন একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা গর্বিত। একটি স্বপ্ন কেবল দেখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না সেটা বাস্তবায়ন করার প্রচেষ্টা করতে হয়। পদ্মাসেতু নির্মাণের শুরুতে বাধা এসেছে। কিন্তু সেই বাধা আমাদের দমাতে পারেনি। বিশাল এই কর্মযজ্ঞ নিজেদের সামর্থ্যেই শেষ করার দৃঢ় মনোবল ছিল বলেই তা আজ শেষ হয়েছে। বাঙালির মনোবল বরাবরই শক্ত। অবশ্য নেতৃত্বও সেজন্য সুদৃঢ় হতে হয়। একাত্তরে যেমন বঙ্গবন্ধুর নেতৃত্ব আজ বাঙালি এগিয়ে চলেছে শেখ হাসিনার নেতৃত্বে। কে পারে আজ আমাদের থামাতে?
আজ পদ্মার ঢেউয়ের সাথে দেশের বিজয়ের স্বাক্ষী এই সেতু। পদ্মাসেতু চালুর মধ্যে দিয়ে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক আসবে। যা দেশের অর্থনীতির গতিতে পরিবর্তন আনবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেতুটি চালু হলেই মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) ১ থেকে দেড় শতাংশ বাড়বে। দারিদ্রের হার কমবে দশমিক ৮৪ শতাংশ। বছরে জিডিপি বাড়বে দেড় শতাংশ করে আর এক শতাংশ কমবে দরিদ্র মানুষের সংখ্যা। কোনো অসাধ্য বা কঠিন কাজ শেষ করতে বা বড় কিছু অর্জন করতে প্রথমে স্বপ্ন দেখতে হয়। তারপর স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হয়। হার না মানা লড়াই। মাথা নত না করার লড়াই। আমাদের মহান মুক্তিযুদ্ধেও আমাদের চোখে একটি স্বাধীন দেশের স্বপ্ন ছিল। আর সেই স্বাধীনতার স্বপ্ন বাঙালির চোখে এঁকে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি যুদ্ধ, একটি স্বাধীন দেশ পাওয়ার জন্য বহু মানুষের রক্ত, সম্মান, সাহস আর শক্তির সমন্বয় প্রয়োজন হয়। সেই সব কিছুর বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। নৃশংস ও নির্মমতার দিক থেকে পৃথিবীর যে কোন গণহত্যার চেয়ে ভয়ংকর ছিল পাকিস্থানীদের গণহত্যা। নির্মম বা নৃশংস কোন শব্দই এই নির্মমতা প্রকাশের জন্য যথেষ্ট নয়। যেখানে এক রাতেই রক্তের নদী বানিয়ে ফেলেছিল ঢাকা শহরে। একদিন পৃথিবীতে আমাদের সেই বীর মানুষ থাকবেন না। সময়ের সাথে সাথে আমরা তাদের হারিয়ে ফেলবো। কিন্তু তাদের স্বপ্ন, তাদের দেখানো পথ আমাদের সামনে থাকবে। অনেক ত্যাগ, অনেক শ্রম আর বুকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। একসময় এই দেশটা দুর্নীতিতে প্রথম হয়েছে। অত্যন্ত লজ্জাজনক সে সময়টা আমরা পেছনে ফেলে এসেছি। তবে দুর্নীতির ঘুণপোকা আজও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। আমরা বহু চেষ্টা করেও দুর্নীতি থেকে বের হতে পারছি না। স্বাধীনতার পঞ্চাশ বছরের দ্বারপ্রান্তে দাড়িয়ে আমাদের অগ্রগতির প্রধান বাধা এই দুর্নীতি। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ছিল দুর্নীতিমুক্ত হওয়ার। দুর্নীতি এখনও সমাজটাকে আষ্ট্রেপৃষ্ঠে বেধে রেখেছে। সমাজে ছেয়ে আছে বহুবিধ সামাজিক অপরাধ। পারিবারিক ভাঙণ,বৈষম্য,পরকীয়া,মাদক,বাল্যবিয়ে,আস্থাহীনতা,কিশোর অপরাধ,সাইবার বুলিংসহ নানা সমস্যা সমাজকে আষ্ট্রেপৃষ্টে বেঁধে রেখেছে। না হলে সেই স্বাধীনতার স্বপ্ন অধরাই থেকে যাবে।
যে লাল সবুজ পতাকা আমরা পেয়েছি তা যেন সবার ওপরে নিয়ে উড়াতে পারি সে দায়িত্ব কিন্তু আমাদেরই। কারণ যখনই কোন কারণে এই সোনার দেশটার দিকে বিশ্ব আঙুল তুলে অভিযোগ করে আমাদের বুঝতে হবে তার দায় আমাদেরই। কারণ এই মানুষগুলোর জন্যই দেশটার দিকে অভিযোগ ওঠে। ধর্মীয় সম্প্রিতির এক অনন্য উদাহরেণর নাম বাংলাদেশ। সেই আদিকাল থেকেই এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান পাশাপাশি হাত ধরে বসবাস করে আসছে। স্বাধীনতার পর থেকেও একই পতাকার নিচে আমরা সবাই আজ বসবাস করছি। আমরা চাই না এদেশে সাম্প্রদায়িকতার বিষবাস্প ঘিরে ফেলুক। সব ধর্ম, বর্ণ, গোষ্ঠী যেন শান্তিতে বসবাস করতে পারে। স্বাধীনতার এটাও উদ্দেশ্য। দেশ নিয়ে একটি কথা আমাকে খুব টানে। সেটা হলো দেশ তোমাকে কি দিয়েছে তা বড় কথা নয়, তুমি দেশকে কি দিতে পেরেছ সেটাই বড় কথা। সত্যি তো, স্বাধীনতার তো বহু বছর পার হয়ে গেল। কি দিতে পেরেছি দেশটাকে। কতটুকুই বা দিতে পেরেছি। দেশের কাছে এট চাই ওটা চাই কিন্তু আমি কি দিচ্ছি। দেশটাতো আমাদের। আমরা ছাড়া কেই বা দেশের জন্য ভাববে? আজ আমরা গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের একটি লাল সবুজ পতাকা আছে। সেই পতাকা আমাদের অহংকার। আমরা চাই দেশটাকে স্বাধীন করার জন্য যারা সর্বস্ব বাজী রেখেছিলেন তারা যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পান। তারা বেঁচে থাক আমাদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে। স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে নাগরিকদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশপ্রেমবোধ কাজ না করবে ততক্ষণ এইসব সমস্যা থেকে বের হতে পারবো না। অধরাই থেকে যাবে স্বাধীনতার স্বপ্ন। বাঙালি জাতির ইতিহাস বীরের ইতিহাস। ধৈর্য আর ত্যাগের ইতিহাস। আজ পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়নের মধ্যে দিয়ে বাঙালি জাতি সেই ইতিহাসেরই প্রমাণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক স্বপ্নকে পূরণ করতে পারবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশকে উন্নত দেশে পরিণত করার স্বপ্ন। এদেশে কেউ ক্ষুধার্ত থাকবে না, দুর্নীতি থাকবে না, ধর্ষণ থাকবে না, ভয় থাকবে না। তাহলে দেশ একদিন সত্যিকারের সোনার বাংলা গড়ে উঠবে।
অলোক আচার্য
সাংবাদিক ও কলাম লেখক