দেশের উচ্চ শিক্ষা স্তরের লাখ লাখ শিক্ষার্থীর সামনে নতুন করে সেশনজটের আশঙ্কা। মূলত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ এক দশকের চেষ্টায় দেশের উচ্চ শিক্ষায় সেশনজটের মাত্রা অনেকটাই সহনীয় অবস্থায় চলে এসেছিল। কিন্তু করোনা মহামারীতে নতুন করে সেশনজটের আশঙ্কা আবারো বাড়ছে। হাতে গোনা কিছু পাবলিক ও বেসরকারি বিশ^বিদ্যালয় ক্ষতি কিছুটা পুুষিয়ে নিতে অনলাইনে কমবেশি ক্লাস নিলেও তাতে সঙ্কটের সমাধান হচ্ছে না। কারণ অধিকাংশ বিশ^বিদ্যালয়ই অনলাইনে ক্লাসের বাইরে থেকে যাচ্ছে। এমনকি ওসব প্রতিষ্ঠান সঙ্কট সমাধানের কার্যকরী পথও খুঁজে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা দীর্ঘমেয়াদি সঙ্কট বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছেন। তারা করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য একটি জাতীয় শিক্ষা কমিটি গঠনেরও সুপারিশ করেছেন। উচ্চশিক্ষায় জড়িত শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর করোনার প্রভাবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষায় ক্ষতি এড়াতে প্রথমে মাধ্যমিক স্কুলের জন্য সংসদ টিভিতে ক্লাশ পরিচালনা শুরু করে। তারপর প্রাথমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে প্রাথমিকের ক্লাস শুরু হয়। আর দীর্ঘমেয়াদি সঙ্কটের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস পরিচালনার তাগাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু ইউজিসির আহ্বানের পরও অধিকাংশ বিশ^বিদ্যালয়ই সফলভাবে তাদের অনলাইন শিক্ষা কার্যক্রম চালাতে পারছে না। তবে কয়েকটি প্রতিষ্ঠান কোনমতে জোড়াতালি দিয়ে কাজ চালাচ্ছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে একটি বা দুটি বিভাগে সপ্তাহে একটি, দুটি ক্লাস নিচ্ছে। এক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অন্য বিশ^বিদ্যালয়ের তুলনায় অনেক এগিয়ে আছে। যদিও প্রায় অর্ধশত সরকারি ও বেসরকারি বিশ^বিদ্যালয় দাবি করে তারা কোন না কোন কার্যক্রম অনলাইনে চালাচ্ছে।
সূত্র জানায়, দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পাবলিক বিশ^বিদ্যালয়ের মধ্যে অনলাইনে অন্তত ক্লাস কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে। তার বাইরে কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিলেও নানা সীমাবদ্ধতার কারণে সফলভাবে নেয়া সম্ভব হচ্ছে না। তুলনামূলকভাবে বড় প্রতিষ্ঠান, জিজিটালাইজ না হওয়া এবং শিক্ষার্থীরা গ্রামের বাড়ি চলে যাওয়ায় পাবলিক বিশ^বিদ্যালয়গুলো এ কাজে সফল হতে পারছে না। তবে কিছু বেসরকারি বিশ^বিদ্যালয় এ কাজে কমবেশি সফলতা দেখাচ্ছে। সেক্ষেত্রে ঢাকার মধ্যে থাকা অধিকাংশ প্রতিষ্ঠানের তুলনায় সিলেটের একটি প্রতিষ্ঠান সবচেয়ে ভাল অবস্থান তৈরি করেছে। করোনা সঙ্কটের মধ্যেই সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক্লাসের কার্যক্রম ভালভাবেই পরিচালনা করেছে। ইউজিসির কাছে প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যানুসারে দেশের ৬৩টি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে। এর মধ্যে ৫৬টি বেসরকারি ও বাকি ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়।
সূত্র আরো জানায়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস পরিচালনা করছে কিনা তা জানতে চেয়ে সম্প্রতি চিঠি ইউজিসি দেয়। ওই চিঠির পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউজিসিকে তাদের তথ্য জানায়। তবে সেক্ষেত্রে ন্যূনতম কিছু কাজ ছাড়াই সফলতার সঙ্গে কাজের দাবি করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, হাতে গোনা দু’একটি প্রতিষ্ঠানই মূলত এ কাজটি ভালভাবে করতে পারছে। বাকি অধিকাংশ প্রতিষ্ঠান একটি-দুটি ক্লাস নিয়ে কোর্স শেষ দাবি নিয়ে মূলত নতুন শিক্ষাবর্ষে ভর্তির আশায় হাজির হচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি বিশ^বিদ্যালয় ক্লাস না নিয়ে অনলাইনে পরীক্ষার নামে গ্রেডিং দেয়ার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছে। তাছাড়া কিছু বেসরকারি বিশ^বিদ্যালয় অনলাইনে ক্লাস নেয়ার সরকারি আহ্বানে সাড়া না দিলেও বন্ধের মধ্যে নতুন শিক্ষা বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় রীতিমতো বিব্রত ইউজিসি দফায় দফায় সতর্কতা জারি করেছে।
এদিকে করোনা সঙ্কটে বন্ধ দীর্ঘায়িত হলে বিশ^বিদ্যালয়ের তুলনায় বেশি সঙ্কটে পড়বে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীন কলেজগুলোর দুই লক্ষাধিক শিক্ষার্থী। এখনই বড় ধরনের সেশনজটে থাকা ওসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বেগ সবচেয়ে বেশি। শিক্ষকরাও বলছেন, যদি এই অচলাবস্থা চলতে থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে ৭ কলেজের শিক্ষার্থীরা। কারণ তারা এমনিতেই দীর্ঘ সেশনজটে রয়েছে। এভাবে চলতে থাকলে সেশনজট দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান জানান, ঢাকা বিশ^বিদ্যালয় অনেক বড় প্রতিষ্ঠান। অধিকাংশ শিক্ষার্থী গ্রামের বাড়িতে চলে গেছে। এখানে অনলাইনে শিক্ষাদান আসলে সম্ভবই নয়। আবার বিজ্ঞানের বিষয়গুলোতে ল্যাবের কাজ আছে। তারপরও করণীয় বের করতে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে বৈঠক করা হয়েছে। কি করা যায় আলোচনা চলছে। ক্লাস পরীক্ষা না নিতে পারলেও কিভাবে শিক্ষার্থীদের সঙ্গে কানেকশনটা রাখা যায় তা দেখা হচ্ছে। যাতে প্রতিষ্ঠান খুললে যে কোন উপায়ে একটা সমাধান বের করা যায়।
অন্যদিকে এ প্রসঙ্গে ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উচ্চ শিক্ষার সঙ্কট ও তার উত্তরণ নিয়ে এখনই বেশি উদ্বিগ্ন না হওয়ার পরামর্শই দিয়েছেন। তাঁর মতে, বন্ধ যদি সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ হয় তাহলে সেশনজট কিছুটা তো হবে। তবে যদি দেড় দুই মাসের বন্ধ হয় তাহলে প্রতিষ্ঠান খোলার পর শিক্ষা ক্যালেন্ডার সমন্বয় করে বেশি বেশি ক্লাস ও বেশি সময়ে ক্লাস নিয়ে সমস্যা কাটানো সম্ভব হবে। আবার শুক্র ও শনিবারও তখন ক্লাস নেয়া যাবে। প্রয়োজনে পরীক্ষা একটি এগিয়ে এনে হলেও সঙ্কটের অনেকটাই সমাধান করা যাবে। তবে করোনার সঙ্কট না কাটলে প্রতিষ্ঠান কোনভাবেই খোলা যাবে না। সেক্ষেত্রে সেশনজটের সমস্যা কিছুতো আসবেই। কিন্তু এটাও মনে রাখতে হবে এ দুর্যোগ বিশ^ব্যাপী। যুক্তরাজ্যের মতো জায়গাতেও ডিসেম্বরের আগে বিশ^বিদ্যালয় খুলছে না। তাই আগে দেখা যায় কি অবস্থা দাঁড়ায়।