বাংলা সাহিত্যকে কারা সমৃদ্ধ করেছেন? প্রশ্নের উত্তরে যতজন নিবেদিত থাকা কবি-সাহিত্যিক-কথাশিল্পী-প্রবন্ধকারের নাম আসে, সেখানে নিশ্চিত ড. আশরাফ সিদ্দিকীর নাম থাকবে। চল্লিশ এর দশকে কবি হিসেবে তাঁর আত্মপ্রকাশ। কবিতায় অবিরাম এগিয়ে গেলেও সাহিত্যেও সকল শাখায় তিনি নিরব বিপ্লব ঘটিয়েছেন। নিজস্ব স্বকিয়তায় আবহমান বাংলার শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিতে তিনি নির্মাণ করেছেন নির্মোহ সংসার। হয়তো জীবনের বাঁকে বাঁকে কখনো কখনো নির্মোহ ড. আশরাফ সিদ্দিকী উপলদ্ধি করেছেন নিজের যতটুকু চেষ্টা সব যারা শিক্ষার জন্য নিবেদন করেন, সেই শিক্ষকদের যথাযথ সম্মান তো দেয়া হয়ই না বরং সইতে হয় অনেক কষ্ট-যন্ত্রণা। আর সেই সূত্র ধরে তিনি লিখেছেন-
রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
আর কত সাহেব, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, রায়...
কত কাহিনীই আপনারা লিখে গেলেন।
কিন্তু মানিকবাবু! আপনি কি এমন একটি কাহিনী শুনেছেনঃ
কোথাও রোমাঞ্চ নেই! খাঁটি করুণ বাস্তবতা
এবং এই বাংলাদেশেরই কথা!
নমস্কার।
আমিই সেই তালসোনাপুরের তালেব মাষ্টার!
আরম্ভটা শুধু সাধারণ। কারণ
রক্তস্নানে শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন
প্রথম আলো দেখলাম, হাসলাম এবং বাড়লাম
তখন থেকেই ট্রাজিডি চলছে অবিরাম!
লেখাপড়ায় যদিও খুব ভাল ছাত্র ছিলাম
অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হল কারণ
পিতামাতার সংসারে নিদারুণ-অনটন!
জীবনধর্মি লেখায় আমাদের সমাজ-সভ্যতা সহ বিভিন্ন বিষয়ে তিনি প্রচুর লিখেছেন। রচনা করেছেন পাঁচশ’র ও অধিক কবিতা। বাংলার লোক ঐতিহ্য নিয়ে করেছেন গভীর গবেষণা। তিনি একাধারে প্রবন্ধকার, লোকসাহিত্যিক, ছোটগল্প লেখক এবং শিশু সাহিত্যিক। এ অঞ্চলের লোকসাহিত্য ও সংস্কৃতি লিপিবদ্ধ করতে ব্যাপক তৎপরতা শুরু করেছিলেন ড. দীনেশ চন্দ্র সেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ ও কবি মনসুরুদ্দিনের মতো সর্বসৃজনশীল ব্যক্তিরা। পরবর্তী সময়ে সেই ধারা নিরন্তর গতিশীল রাখতে কাজ করেছেন যারা; ড. আশরাফ সিদ্দিকী তাদেরই একজন।
সমাজজীবন নিয়ে তিনি এত গবেষণা করেছেন যে, জীবনের পরতে পরতে তৈরি হয়েছে পরির্বতনের স্বপ্ন। আর স্বপ্নকথা তিনি তালেব মাস্টার-এর দেহজুড়ে সাজিয়েছেন ঠিক এভাবে-
জমিদার সাহেবের কৃপায় চাকুরি জুটে গেল একখানা
ডজন খানেক ছেলেমেয়ে পড়ানো; মাসিক বেতন
তিন টাকা আট আনা!
(তাদের মধ্যে একজন এখন ব্যারিস্টার!
জানি না তালেব মাষ্টারকে মনে আছে কিনা তার!)
পাঠশালা খুলেছে তারপর সুদীর্ঘ দিন ধরে বহু ঝঞ্ঝা ঝড়
বয়ে গেছে। ভলেছি
অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ জ্বেলেছি।
পানির মত বছর কেটে গেল
কত ছাত্র গেল, এল-
প্রমোশন পেল
কিন্তু দশ টাকার বেমী প্রমোশন হয়নি আমার!
কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার
যখন টাকার অভাবে একটি মাত্র ছেলের পড়া বন্ধ হল!
আক্রার বাজার। চাল-নুনেই কাবার!
কীই বা করার ছিল আমার!
ঘরে বৃদ্ধ মা-বাপ
পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়ল শেষ হাঁফ
দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবারঃ
এতো দরিদ্র এই তালেব মাষ্টার!
তবু ছাত্রদের বুঝাই প্রাণপণঃ
‘সকল ধনের সার বিদ্যা মহাধন’।
দেশে আসল কংগ্রেস, স্বদেশী আন্দোলন
মহাত্মার অনশন! দেশব্যাপী সে কী আলোড়ন
খিলাফতের ঝড় বইছে এলোমেলো
খড়ো ঘরে ছাত্র পড়াই আর ভাবিঃ এই সুদিন এল!
মন দিয়ে বুঝাই পলাশীর যুদ্ধ, জালিয়ানওয়ালার হত্যা
হজরত মোহাম্মদ, রাম-লক্ষণ আর বাদ্.সা সোলেমানের কথা
গুণ্ গুণ্ করে গান গাই ‘একবার বিদায় দাও
মাগো ঘুরে আসি
অভিরামের হয় দীপান্তর, ক্ষুদিরামের মাগো হয় ফাঁসি’!
আসল মোসলেম লীগ, কম্যুনিষ্ট বন্ধু
সকলের কথাই ভাল লগেঃ ভাবি এরাও বুঝে দেশের বন্ধু!
কোথায় শুনি ঝগড়া লেগেছে!
আগুন জ্বলেছে-জ্বলুক! ওরা
তবুত জেগেছে! ভায়ে ভায়ে ঝগড়া কদিন যাক!
নিভবেই! বলিঃ
লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রুর
স্বর্ণ-লঙ্কাই পোড়া।
সাহসের সাথে তালেব মাস্টার-এর আড়ালে তিনি নির্মাণ করেছিলেন অন্যায় অপরাধের বিরুদ্ধে একটি প্রতিবাদের সাইনবোর্ড। এই সাইনবোর্ডটি ছিলো বলেই আজো জাতি স্বপ্ন বোনে-বিদ্রোহী হওয়ার পথে হাঁটে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মুসলমানদেরকে যেমন সচেতন করেছেন-জাগিয়েছেন, হিন্দুদেরকেও। মানবতার কবি কাজী নজরুল ইসলাম থেকে কিছুটা আলাদা ধাঁচের জীবনে নেমেছিলেন ড. আশরাফ সিদ্দিকী। কিন্তু তত্ব ছিলো একটাই। আর তা হলো মানবকল্যাণ। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়; আবার ছাড়াছাড়িও নয়। মেনেছেন ধর্ম, জেনেছেন ধর্ম কিন্তু করেন নি গোড়ামি। আশ্রয় দেননি কখনো কোন অন্যায়-অপরাধ-দুর্নীতিকেও। হয়তো তাই তালেব মাস্টার-ই মডেল হয়ে এসেছে বাঙালি জাতির জীবনে-
ছেলেটি কাজ করে মহাজনী দোকানে
মাসিক পাঁচ টাকা বেতনে! প্রাণে
তবুও বেঁচে আছি। আসল পঞ্চাশ সাল
ঘরে বাইরে হাটে-বাটে আকাল। ঘোর আকাল!
একশো টাকা চালের মণ পঞ্চাশ হায় পঞ্চাশ!
ঘরে বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস!
গ্রামের পর গ্রাম কাল-কলেরায় উজাড়!
নিরীহ তালেব মাষ্টারের বুকেও বজ্র পড়ল! কলেরায়
ছেলেটি মারা গেল বিনা পথ্যে বিনা শুশ্রুষায়!
কাফনের কাপড় জোটেনি তাই বিনা কাফনে
বাইশ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে!
এই-ই শেষ নয়-- শুনুনঃ বলি
মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পাশতলী
সেখানেও আকাল! মানুষে মানুষ খায়।
তিন দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুন ব্যখায়
দড়ি কলসী বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায়
মানিকবাবু আমি জানিঃ প্রাণবান লেখনী আপনার
তালেব মাষ্টারের সাথে হয়ত আপনিও অশ্রু ফেলেছেন বেদনার
কতটা অশ্রু ঝরালে আমাদের দেশে সমস্যা থাকবে না, তা কেউ জানে না। তবে তালেব মাস্টাররা রাতদিন চেষ্টা করে যান, গড়ে যান নীতির বাড়ি। ড. আশরাফ সিদ্দিকীর সাথে আমার প্রথম কথা হয় ১৯৯৯ সালে। তিনি নির্মল মনের অধিকারী ছিলেন। এখনকার তথাকথিত সাহিত্যিকদের মত মোটেও ছিলেন না। ছিলেন বাংলা সাহিত্যের প্রধানতম কবি শামসুর রাহমান-এর চেয়েও একধাপ বেশি উদার, ছিলেন নিরহঙ্কার আর শ্রদ্ধা করবার মত গুণি। রাহমান ভাইকে কাছ থেকে যেমন দেখেছি, তেমন দেখেছি ড. আশরাফ সিদ্দিকীকে। কেন যেন মনে হয়েছে কবিতায় রাহমান ভাইর মত অত সেরা না হলেও অন্য সকল দিকে তিনি নিশ্চয়ই ১০০% সেরা। এই সেরা মানুষটির জন্ম-কর্ম এবং সাহিত্য আমাকে কখনো কখনো অবাক করে দিতো। কিভাবে সম্ভব? একজন মানুষ- সেরা শিক্ষক, গবেষক, কথাশিল্পী, প্রবন্ধকার আরো কত শত দায়িত্বতেও সেরা হয় কিভাবে? পরে অবশ্য মনে হয়েছে- জন্মগতভাবেই তিনি অপার জ্ঞান আর কর্মযজ্ঞ নিয়ে এসেছেন। লোকসাহিত্যে সমৃদ্ধ টাঙ্গাইলের নাগবাড়ী গ্রামে ড. আশরাফ সিদ্দিকীর জন্ম ও শৈশব। তাঁর বাবা আব্দুস সাত্তার সিদ্দিকী এবং মা সমীরণ নেসা ছিলেন জমিদার কন্যা এবং একজন স্বভাব কবি। তাঁর লালন-পালনের দায়িত্বে ছিলেন সুরতির মা নামের এক গ্রামীণ গৃহকর্মী। সবকথাতেই মা ছড়া কাটতেন আর সুরতির মা শোনাতেন লোকগাঁথা। তাঁর মনোজগত গড়ে উঠে এইসব ছড়া, গান, প্রবাদ, ডাক, খনার বচন আর লোকগাঁথার মধ্য দিয়ে। বৃহত্তর পারিবারিক পরিসরে যাত্রা, সংয়ের নাটক, পালাগানের অনুষ্ঠান হতো। এসব অনুষ্ঠান উপভোগ করার জন্য আত্মীয়-স্বজনরা গ্রামে আসতেন, বাড়ির মেয়েরা নাইওরে আসতেন। ভাই-ভাগ্নে-বন্ধুসহ সবান্ধবে কিশোর আশরাফ সিদ্দীকি এগুলো রাতভর উপভোগ করতেন আর দিনভর সেগুলো অনুকরণের চেষ্ঠা করতেন। এই সাহিত্যিকের ছাত্রজীবন শুরু হয় নানাবাড়ির পাঠশালায়। ক্লাস টু থেকে সেভেন পর্যন্ত পিতার প্রতিষ্ঠিত রতনগঞ্জ মাইনর স্কুলে পড়েন। নদী গর্ভে বিলীন হয়ে গেছে রতনগঞ্জের সেই স্কুলটি। রতনগঞ্জ মাইনর স্কুলের পাঠ চুকিয়ে আশরাফ সিদ্দীকি ভর্তি হন ময়মনসিংহ জেলা স্কুলে। ময়মনসিংহে কলকাতা কেন্দ্রিক বৃহত্তর বাংলা সাংস্কৃতিক জগতের সাথে তাঁর পরিচয় ঘটে মাতুতালয়ে। এই সময়ে তিনি লিখতে শুরু করলেন কবিতা। সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময়েই নওরোজসহ একাধিক পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হতে থাকে। সেই কৈশোরেই সিদ্দিকী রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছু ছড়া সংগ্রহ করে পাঠান। রবীন্দ্রনাথ তার উত্তরে কিশোর; কবিকে আশীর্বাদ জানিয়ে চিঠি লিখেন। কবিগুরুর সেই আশীর্বাদ আজকের ড. সিদ্দিকীর নির্মাণে নিঃসন্দেহে বড় ভুমিকা রেখেছে। স্বাভাবিক কারণেই মেধাবী আশরাফ সিদ্দিকী’র পরিবার চেয়েছিল, তিনি ডাক্তার বা ব্যারিষ্টার হবেন। কিন্তু তার সৃজনশীল সাহিত্য মন তাকে পরিচালিত করে; পরিবারের সাজানো ছক থেকে বের হয়ে তার ভবিষ্যত তিনি নিজেই; রচনা করেন, চলে যান শান্তিনিকেতন। সেখান থেকে বাংলায় অনার্স নিয়ে পড়াশুনা করেন। একই সাথে চলতে থাকে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি। ড. আশরাফ সিদ্দিকী’র “রবীন্দ্রনাথের শান্তি নিকেতন” এবং “শান্তি নিকেতনের পত্র” পড়লে বোঝা যায় শান্তি নিকেতনের দিনগুলো তাঁর জীবন ও সংস্কৃতি চর্চাকে এক সুত্রে বেঁধে দিয়েছে। এই বিদ্যাপীঠের ঋতুভিত্তিক উৎসব, পার্বণ উদযাপনের সংস্কৃতি, বহু আলোকিত মানুষের সাহচর্য আর নানা ধর্মের মানব প্রেমের অনুষ্ঠান ও দর্শনগুলোর সাথে নিবিড় অনুষঙ্গ তাঁর মূল্যবোধ গড়ে তুলবার ক্ষেত্রে ব্যাপক প্রভাব রাখে। শৈশবের গ্রামীণ সংস্কৃতি ও শান্তিনিকেতনের প্রভাবে, জীবন দর্শনে এবং জীবনাচরণে তিনি হয়ে উঠেন একজন মানবপ্রেমিক।১৯৪৭ সালে দেশ ভাগের কারণে শান্তিনিকেতন হতে অনার্স পরীক্ষা দেয়া তাঁর আর হলো না। ১৯৪৮ সালে করটিয়া সাদত কলেজে তাঁর পরীক্ষা নেয়া হল। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আশরাফ সিদ্দিকী এম এ ডিগ্রী লাভ করেন। ১৯৫৮ সালে আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় হতে আশরাফ সিদ্দীকি দ্বিতীয়বার এম এ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে লাভ করেন ফোকলোরে পিএইচডি। আমাদের সাহিত্য-সংস্কৃতির কৃতিপুরুষ ড. আশরাফ সিদ্দিকী কর্মজীবন শুরু করেন ১৯৫০ সালে টাঙ্গাইলের কুমুদীনি কলেজে। এম এ পরীক্ষার ফল প্রকাশের পর ১৯৫১ সালের মাঝামাঝি রাজশাহী সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। প্রখ্যাত পন্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহর আগ্রহে সে বছর নভেম্বর মাসে গবেষণার জন্য ডেপুটেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।একবছর পরেই সিদ্দিকী ফিরে যান তাঁর পূর্বের কর্মস্থল রাজশাহী কলেজে। ১৯৫৭ সালে তিনি বদলি হয়ে আসেন ঢাকা কলেজে। সেখান থেকেই তিনি উচ্চ শিক্ষার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পিএইচডি শেষ করে ১৯৬৭ সালে কিছুদিন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ছাত্রদের মাঝে জ্ঞানের আলো ছড়ান। সে বছরই ডিস্ট্রিক্ট গেজেটিয়ার এ এসিস্ট্যান্ট চিফ এডিটর হিশেবে যোগ দেন। ১৯৬৮ সালে তদানীন্তন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ ডিসট্রিক্ট গেজেটিয়ার এর চিফ এডিটর নিযুক্ত হন। ১৯৭৬ সালে বাংলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘ ৬ বছর বাংলা একাডেমিতে কাজ করার পর, ১৯৮৩ সালে জগন্নাথ কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। প্রকাশিত হয়েছে ৭৫টি গ্রন্থ তাঁর জীবনজুড়ে রয়েছে।
১৯৫০ সালে প্রকাশিত হয় কবির কালজয়ী প্রথম কাব্যগ্রন্থ “তালেব মাস্টার ও অন্যান্য কবিতা”। ২৮টি কবিতা নিয়ে রচিত এই কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৬৩ সালে। ১৯৫৫ সালে প্রকাশ পায় তাঁর আরও দুটি কবিতার বই “বিষকন্যা” ও “সাত ভাই চম্পা “। ১৯৫৮ সালে কবি প্রকাশ করেন “উত্তর আকাশের তারা”। ১৯৭৬ এ প্রকাশ পায় “কুঁচ বরণ কন্যে”। স্ত্রীর মৃত্যুর পর পর লেখা কবিতাগুলো প্রকাশিত হয় ১৯৯৭ সালে নাম “সহগ্র মুখের ভীড়ে”। লোকসাহিত্য বিষয়ে গবেষণা ধর্মী গ্রন্থ “লোকসাহিত্য” প্রকাশিত হয় ১৯৬৩ সালে। পরবর্তীতে একের পর এক প্রকাশ করে যান, আবহমান বাংলার লোককথা। “কিংবদন্তীর বাংলা”, “লোকায়ত বাংলা”, “আবহমান বাংলা”, “শুভ নববর্ষ”, ঋড়ষশষড়ৎরপ ইধহমষধফবংয, ইবহমধষর জরফফষবং, ঙঁৎ ঋড়ষশষড়ৎব ঙঁৎ ঐবৎরঃধমব, ঞধষবং ভৎড়স ইধহমষধফবংয, ইবহমধষর ঋড়ষশষড়ৎব বইগুলো অন্যতম। বাংলার কিংবদন্তি এবং লোককাহিনী নিয়ে ড. সিদ্দিকী’র উপস্থাপনায় ৭০ এবং ৮০’র দশকে দীর্ঘ দিন ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় দর্শকনন্দিত লোকনাট্য “হীরামন”, “মেঠোসুর” এবং “একতারা”। শিশুসাহিত্যের ক্ষেত্রে বংলাদেশে আজো একধরণের শুন্যতা বিরাজ করছে। শিশুসাহিত্যের প্রয়োজনীয়তা ড. সিদ্দিকী গভীরভাবে উপলব্ধি করেছিলেন। নিরন্তর তাই শিশুতোষ সাহিত্যে অবদান রেখেছেন। কখনো ভাবেন নি আমি কি পাবো! চাওয়া-পাওয়ার রাজনৈতিক চাটুকারিতা তিনি করেন নি কখনো। যে কারনে বুক চিতিয়ে সাহস নিয়ে লিখেছেন-
কিন্তু আশ্চর্য! আজও বেঁচে আছি আমি
এবং অক্লান্তভাবে দিবসযামী
তালসোনাপুরের প্রাইমারী পাঠশালায় বিলাই জ্ঞানালোকঃ
ছাত্রদের পড়াই ‘ধৈর্য ধরো, ধৈর্য ধরে, বাঁধ বাঁধ বুক
যতদিকে দুঃখ আসুক আসুক.....’।
শুভাকাঙক্ষীরা সকলে আমায় বলে ‘বোকা মাষ্টার’
কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়ায় তা ছাড়া
সে কি আর!
যুদ্ধ থেমে গেছে। আমরা তো স্বাধীন
কিন্তু তালেব মাষ্টারের তবু ফিরল না তো দিন!
স্ত্রী ছয় মাস অসুস্থা
আমারও সময় হয়ে এসেছেঃ এই তো শরীরের অবস্থা!
পাঁচ মাস হয়ে গেছে, শিক্ষাবোর্ডের বিল নাই
হয়ত এবারের টাকা আসতে আসতে শেষ হবে আয়ু! তাই
শতছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালায় যাই
ক্ষীণ কন্ঠে পড়াইঃ
‘হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগোরে ধীরে
এই ভারতের মহামানবের সাগর তীরে..’
মনে মনে বলিঃ
যদিই ফোটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি।
ইতিহাস সবই লিখে রেখেছে। রাখবে---
কিন্তু এই তালেব মাষ্টারের কথা কি লেখা থাকবে?
আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা
আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু
নিজের জীবনই অন্ধকারমালা।
এক কবিতা- তালেব মাস্টার-ই বলে দেড আশরাফ সিদ্দিকী ছিলেন উদার আকাশের মত উদার-স্বচ্ছ-পরিচ্ছন্ন। হয়তো একারণেই জীবনের শেষভাগে এসে সবার প্রতি তিনি ছুড়ে দিয়েছিলেন চরম দূরত্বের মন্ত্র। পাশাপাশি শারিরীক কারণেও আগের মত পাইনি তাকে। তবে বইয়ের পাতায় পাতায় তিনি ছিলেন নিজের মত করে। যত বই তিনি লিখেছেন, তত বই যারা কল্পনাও করতে পারে না, তারা এখন জালজালিয়াতি করে এক একটা দপ্তরের চাকুরী বাগিয়ে চোখে সর্ষে ফুল দেখে। এরা ভুলে যায় আঁধারের পর আলোর কারুকাজ অপেক্ষা করে, যেমন আলোর পরে আঁধার। তবু বারবার আলোর এই পরিবর্তন নিয়েই এগিয়ে যেতে হবে বাংলাদেশকে ভালোবেসে, মানুষ-সভ্যতা ও ধর্ম ভালোবেসে। তাঁর মতে- উত্তরাধিকার সূত্রে পাওয়া গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের মূল ভিত্তি। এটার ওপর ভিত্তি করেই আমাদের নতুন নতুন সাংস্কৃতিক চর্চা করতে হবে। নতুন নতুন সিনেমার গান, নতুন নতুন যাত্রা-থিয়েটারের চর্চা করতে হবে। আমি মনে করি, এ ধারা অনুসরণ করে অগ্রসর হলে আধুনিক যুগের মানুষ এগুলো গ্রহণ করবে। তাদের ভালো লাগবে।
আমাদের হাজার বছরের যে লোকজ সংস্কৃতি, তার সবকিছু এ যুগে পালন করা সম্ভব নয়। বর্তমান যুগের আধুনিক যে ভাবধারা আছে, সেই ভাবধারা থাকবে। আবার প্রাচীন যে ঐতিহ্য- সেটাও থাকবে। আমার মনে হয়, আমাদের প্রাচীন উৎসব-অনুষ্ঠান যেগুলো ছিল, সরকার তা নতুনভাবে গ্রামীণ জনপদে চালু করার উদ্যোগ নিতে পারে। এগুলো শুধু শহরে সীমাবদ্ধ রাখলেই চলবে না। গ্রামেও পুনরায় তার চর্চা শুরু করতে হবে। এ ব্যাপারে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিশেষ করে ইউনিয়ন পরিষদকে কাজে লাগানো যেতে পারে। ইউনিয়ন পরিষদকে সরকার বলতে পারে- বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য চৈত্রসংক্রান্তি মেলা, বৈশাখী মেলা ইত্যাদি আগে তোমাদের অঞ্চলে যেভাবে হতো, এখন আবার সেভাবে করার চেষ্টা করো। যেসব এলাকায় মেলা হচ্ছে না, সেখানে মেলার আয়োজন করো। এটা সত্য- আকাশ সংস্কৃতির দাপট আমাদের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবুও চেষ্টা করতে হবে, যাতে আকাশ সংস্কৃতি সবকিছু গ্রাস করতে না পারে। আমাদের পত্র-পত্রিকা, রেডিও-টেলিভিশনে আকাশ-সংস্কৃতির ক্ষতিকর ও নেতিবাচক দিকগুলো সম্পর্কে সমালোচনা করতে হবে। এটা পুরোপুরি হয়তো বন্ধ করা যাবে না। তবে উদ্যোগ নিলে ৮০ ভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
একই সাথে তাঁর জীবনমুখি কাজের ধারাবাহিকতায় আলোর মন্তব্য হলো- আমি কাজ করেছি, তবে পুরোপুরি সফল হয়েছি- এ কথা বলা যাবে না। দেখা যাচ্ছে, শহুরে সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতির ধারক-বাহক ও পৃষ্ঠপোষক না হয়ে তার ঘাড়ে চেপে বসতে চাইছে। যারা নগরায়ণের সঙ্গে যুক্ত, যারা নগর নিয়ে চিন্তাভাবনা করেন, তাদের উচিত গ্রামীণ সংস্কৃতিকে শহুরে জীবনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া। এটাকে জনপ্রিয় করার চেষ্টা করা। এরপরও মানুষ যদি এটাকে গ্রহণ না করে তাহলে তো সেটা বিলুপ্ত হবেই। আর গ্রহণ করলে এটা টিকে থাকবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। আমি মনে করি, মানুষ এটাকে গ্রহণ করবে। আধুনিকতা মানুষের জীবনকে সহজ করে সত্য, তবে এর পাশাপাশি নানা জটিলতারও উদ্ভব ঘটায়। চলার পথে আধুনিক মানুষকে প্রতিনিয়ত এসব জটিলতার মুখোমুখি দাঁড়াতে হয়। বাস্তবতার কষাঘাতে জর্জরিত তার জীবন। অনেকটা যান্ত্রিকতানির্ভর। এ জীবনে মন-মননশীলতার চর্চা করার সুযোগ খুবই কম। এ অর্থে এ জীবনকে ছন্দ-মাধুর্যহীন জীবন বলা যেতে পারে। তবে সারা পৃথিবী উন্নয়নের পালে হাওয়া লাগিয়ে যে গতিতে অগ্রসর হচ্ছে, আমরা চাইলেও তা থেকে বিচ্ছিন্ন থাকতে পারব না। থাকা উচিতও হবে না। আবার আবহমান কালের যে বাংলাদেশ, তাকেও আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। বাংলার নদী, বাংলার পথ, বাংলার গান, বাংলার উৎসব-অনুষ্ঠান- আধুনিকতার নামে এগুলোকে অবহেলা না করে, অবজ্ঞা না করে যদি আমরা এর ভেতরকার সুর-ছন্দ-মাধুর্য আহরণে মনোযোগী হই- তাহলে আমাদের জীবনও ছন্দ-মাধুর্যে পরিপূর্ণ হয়ে উঠবে...
মোমিন মেহেদী : চেয়ারম্যান, অনলাইন প্রেস ইউনিটি