অনবধানতা ও অসতর্কতার কারণে প্রতি বছরই অগ্নিকান্ডের ঘটনায় অসংখ্য মানুষ হতাহত এবং সম্পদহানি হচ্ছে। বিদ্যুতের শর্টসার্কিট, গ্যাস বিস্ফোরণ, দাহ্য কেমিক্যাল গোডাউন, রান্নাঘরসহ ছোটখাটো অনবধানতায় ঘটে যাচ্ছে বড় দুর্ঘটনা। ঘটনার পর তদন্ত কমিটি হয় এবং তদন্ত প্রতিবেদনে অগ্নিকান্ডের কারণ উল্লেখ করাসহ সতর্কতার জন্য নানা সুপারিশ করা হয়। কিন্তু এসব সুপারিশমালা খুব কমই বাস্তবায়ন হয়। ফলে দেশজুড়েই বাড়ছে অগ্নিকান্ডের ঝুঁকি। গত বছরেই সারাদেশে ২৪ হাজার ৭৪টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাতে মারা গেছে ১৮৫ জন আর আহত হয়েছেন সহ¯্রাধিক। পাশাপাশি ৩৩০ কোটি ৪১ লাখ টাকার সম্পদহানি হয়েছে। গত ১৩ বছরে বাংলাদেশে আগুনে পুড়েছে অন্তত ১২ হাজার মানুষ। আর তার মধ্যে মারা গেছে এক হাজার ৯১৬ জন। পাশাপাশি অগ্নিকা-ে গত ১৩ বছরে সম্পদহানির পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, কয়েক বছর আগে পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর গঠিত তদন্ত কমিটি ১৭ দফা সুপারিশ করেছিল। ওই সুপারিশমালার মধ্যে ছিল জরুরি ভিত্তিতে আবাসিক এলাকা থেকে গুদাম বা কারখানা সরিয়ে নেয়া, অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া, রাসায়নিক দ্রব্যের মজুদ, বাজারজাতকরণ এবং বিক্রির জন্য লাইসেন্স দেয়ার ক্ষেত্রে প্রক্রিয়া জোরদার করা, ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩’ ও ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করা, আবাসিক এলাকায় রাসায়নিক বা বিস্ফোরক দ্রব্যের মজুদ বা বিপণনের বিরুদ্ধে জনমত গঠন, আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্য বা বিস্ফোরক জাতীয় পদার্থ মজুদকরণ বা বিপণন কঠোরভাবে নিষিদ্ধ করা, ঘরবাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের গুণগতমান নিশ্চিত করা, রাস্তায় স্থাপিত খোলা তারের ব্যাপারে সাবধানতা অবলম্বন, সম্ভাব্য দুর্ঘটনা পরিহার করতে প্রতি মাসে অন্তত একবার বৈদ্যুতিক ট্রান্সফরমার সরেজমিনে পরীক্ষা করা, দ্রুত অগ্নিনির্বাপণের জন্য স্থানীয়ভাবে পৃথক পানির লাইনসহ হাইড্রেন্ট পয়েন্ট স্থাপন করা, দুর্ঘটনা মোকাবেলায় জাতীয় পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠন, রাসায়নিক ও রাসায়নিক জাতীয় দাহ্য বস্তুর আলাদা দফতরের পরিবর্তে সব দফতরের মধ্যে সমন্বয় সাধন, সময়ের চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অবকাঠামো, জনবল, প্রশিক্ষণ ও সরঞ্জামের আধুনিকায়ন, জনসচেতনতা বাড়ানো, অগ্নিকান্ডের সময় যেন উৎসুক জনতা উদ্ধার কাজে বিঘœ ঘটাতে না পারে সেজন্য আইনৎশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো, পাঠ্যসূচিতে অগ্নিকান্ড, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার বিষয়গুলো বাধ্যতামূলক করা, ৬২ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা, কমিউনিটি সেন্টারগুলো নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার আওতায় আনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো ডেকোরেটরের উপকরণের সঙ্গে প্রয়োজনীয়সংখ্যক অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা ইত্যাদি। কিন্তু নিমতলীর ঘটনার ১০ বছর পরও সুপারিশমালাগুলোর অধিকাংশই বাস্তবায়ন করা হয়নি।
সূত্র জানায়, ২০১৯ সালে শিল্প-কারখানা ও আবাসিক ভবনে ছোট-বড় মিলিয়ে ২৪ হাজার ৭৪টি অগ্নিকান্ডে সম্পদহানি হয়েছে ৩৩০ কোটি ৪১ লাখ টাকার। আর ১৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে দেশের শিল্প-কারখানায় আগুনের ঘটনা কিছুটা কমে এলেও আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা বাড়ছে। অসতর্কতাই এর মূল কারণ। বনানীর এফআর টাওয়ার ও চকবাজারের ভয়াবহ আগুনে হতাহত ও সম্পদহানি মর্মান্তিক ঘটনা এখনো সবার কাছে হৃদয় বিদারক স্মৃতি হয়ে আছে। গত ১৩ বছরে সারাদেশে আগুনে পুড়েছে অন্তত ১২ হাজার মানুষ। আর তার মধ্যে মারা গেছে এক হাজার ৯১৬ জন। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীর অগ্নিকান্ডে ১২৪ জন নিহত হয়েছিল। গত বছরের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের আগুনে প্রাণ হারায় ৭০ জন। তার এক মাস পর গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডে ২৭ জনের মৃত্যু হয়। তাছাড়া বিগত ২০১২ সালে ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকান্ডের ঘটনায় ১১১ জন নিহত হয়। তাতে সরাসরি আগুনে দগ্ধ হয়ে মারা যায় ১০১ জন পোশাক শ্রমিক। পুরান ঢাকার নিমতলী, চুড়িহাট্টার ও বনানী অগ্নিকান্ডসহ কয়েকটি বড় অগ্নিদুর্ঘটনা মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে একটি পাঁচ তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মর্মান্তিকভাবে ৩ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আর হুড়াহুড়ি করে নামতে গিয়ে আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। দমকল বাহিনীর ধারণা ভবনের নিচ তলায় গ্যারেজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের সময়ে পাঁচ তলা ভবনের ফ্ল্যাটগুলোর পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। চলতি বছরে রাজধানীতে এটাই সবচেয়ে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সূত্র আরো জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অবকাঠামো বাড়ানো হলেও এখনো খাতটি অত্যাধুনিকভাবে গড়ে ওঠেনি। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও উপজেলার চেয়ারম্যান, মেম্বার এবং প্রতিটি মসজিদের ইমাম ও দলীয় প্রতিনিধির মাধ্যমে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা গড়ে তোলা জরুরি। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো টেলিফোন হটলাইন নাম্বার এবং ওয়েবসাইট স্থাপন (ইমেল ঠিকানাসহ) করা প্রয়োজন। তাছাড়া স্থানীয় পর্যায়ের হাসপাতালগুলো এমন একজন প্রতিনিধি চিকিৎসক থাকা উচিত, যিনি পোড়া রোগী সম্পর্কে প্রতিরোধ ও পোড়া রোগী ম্যানেজমেন্ট করার তথ্য প্রদান করবেন এবং ওই হটলাইন নাম্বার মিডিয়ার স্ক্রলিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে অবহিত করবেন। যাতে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা সম্পর্কিত বিষয়ে তথ্যাদি অনুযায়ী চিকিৎসা প্রদান করতে পারেন।
এদিকে দমকল বাহিনী সংশ্লিষ্টরা বলছেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকা-ের ঘটনার ১০ বছর পরও সুপারিশমালা অধিকাংশই বাস্তবায়ন করা হয়নি। আসলে শুধু চকবাজার থেকে নয়, দেশের যে কোন আবাসিক এলাকায় অতিদাহ্য পদার্থ বা বিপজ্জনক উপাদানের গুদাম থাকতে পারে না। সেজন্য পুরান ঢাকাসহ দেশের সব জায়গায়ই আবাসিক এলাকা থেকে বিপজ্জনক কারখানা, বিস্ফোরক ও দাহ্য পদার্থের গুদাম বন্ধে কঠোর ভূমিকা নেয়া জরুরি। নিমতলীর ঘটনার ১০ বছর পরও পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থে ভরপুর গুদামগুলো সরিয়ে নেয়া হয়নি। যার ফলশ্রুতিতে চকবাজারে আগুনের নৃশংসতা বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গাড়ির গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা এড়াতে হলে তার মান সম্পর্কে কঠোর হতে হবে। কারণ ঝুঁকিপূর্ণ কল-কারখানা, গ্যাস সিলিন্ডার ও গুদামের সঙ্গে মানুষের বেঁচে থাকা এবং সম্পদের ক্ষয়ক্ষতির হিসাব জড়িত। মূলত চকবাজার, নিমতলী, তাজরিন গার্মেন্ট কিংবা অন্য কোন ভয়াবহ অগ্নিকান্ড যেন না ঘটে, সেজন্য জোর প্রচার অভিযান চালাতে হবে। পাশাপাশি আবাসিক এলাকা থেকে দাহ্য রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানা অবিলম্বে অপসারণ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনাগুলোর প্রতিকার করতে হবে এবং দুর্ঘটনার জন্য দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হলেই আগুনে পুড়ে মৃত্যু ও সম্পদহানি কমানো সম্ভব।