আসন্ন রমজানে জনপ্রত্যাশিত সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। ওই লক্ষ্যে ১৪ মন্ত্রণালয়কে জনকল্যাণমূলক কর্মকা- দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে। সরকার রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজারে ভোগ্য ও নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া ভোক্তা স্বার্থ নিশ্চিত, ঈদে নাড়ির টানে নির্বিঘেœ ঘরে ফেরা, মৌসুমী রোগ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ, কর্মচারীদের যথাসময়ে মজুরি ও ছুটি প্রদান সংক্রান্ত বিষয়গুলো দেখভালে প্রধানমন্ত্রীর কার্যালয় ১৪ মন্ত্রণালয়কে বিশেষ দায়িত্ব দিতে যাচ্ছে। ওই লক্ষ্যে আগামী ৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর পক্ষ থেকে এ সংক্রান্ত কার্যপত্র উপস্থাপন করা হবে। সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, রমজানে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়টি। আর খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসন, খাদ্য মন্ত্রণালয় ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখবে।
সূত্র জানায়, জননিরাপত্তা বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপনিবিতান, স্টেশনসহ জনপরিসরের নিরাপত্তায় পদক্ষেপ দেখবে। গণ উপদ্রব বিশেষ করে প্রতারণা, ছিনতাই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন প্রতিরোধে নিয়োজিত থাকবে জননিরাপত্তা বিভাগ ও বাংলাদেশ পুলিশ। রমজান সামনে রেখে গ্রীষ্মকালীন ও বর্ষা মৌসুমের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাঘাট সংস্কার করা হবে। প্রতি বছর ঈদ সামনে রেখে নাড়ির টানে ঘরে ফেরা মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। এবার যাতে ওই ধরনের পরিস্থিতির মুখোমুখি নাগরিকরা না পড়ে সে বিষয়ে সতর্কদৃষ্টি রাখা হচ্ছে। বর্তমানে মেট্রোরেলের খোঁড়াখুঁড়িতে ঢাকাবাসীর নিত্যদিনের যাতায়াত বিঘিœত হচ্ছে। তাছাড়া গাজীপুর সাভার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উন্নয়নমূলক কর্মকা- হচ্ছে। ওসব কর্মকা-ের ফলে সাধারণ যাত্রীরা রাস্তাঘাটে চরম দুর্ভোগে পড়ছে। ঈদের সময় এ ধরনের দুর্ভোগ যতোটা এড়ানো যায় সে বিষয়ে সরকারিভাবে এবার কর্মসূচি গ্রহণ করা হবে। ইতোমধ্যে ওসব বিষয়ে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। তাছাড়া মহাসড়কে চাঁদাবাজি বন্ধে বিশেষ পদক্ষেপ নেয়া হবে।
সূত্র আরো জানায়, রমজান মাসে বিশেষ করে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ও সার্বক্ষণিক পানি সরবরাহের বিষয়টি বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের নজরদারিতে থাকবে। বিদ্যুৎ বিভাগ ওই সময় বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেবে। ইতোমধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী রমজান ও ঈদ সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের মৌখিক নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশে এখন চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ওই কারণে বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা নেই। তাছাড়া এবারের রমজান ও ঈদ গ্রীষ্মকাল ও বর্ষা মৌসুমে শুরু হচ্ছে। ওই সময়টাতে মৌসুমী রোগবালাই বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছর ডেঙ্গু প্রতিরোধে সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। এবারও তেমন ধরনের পরিস্থিতি তৈরি হলে জনদুর্ভোগ আরো বাড়বে। ওই কারণে এবার রোজা শুরুর আগে যাতে এ বিষয়ে করুনীয় নির্ধারণ করা যায় সে বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। শুধু তাই নয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মৌসুমী রোগ প্রতিরোধে স্বাস্থ্য সেবা বিভাগ কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাতে হবে। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি মশা নির্মূলের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সংগ্রহ, বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও জনসচেতনতামূলক প্রচারের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হবে।
এদিকে ঈদে রেলের টিকেট প্রাপ্তি সহজলভ্য করার পদক্ষেপ, টিকেট কালোবাজারি প্রতিরোধ ও সিডিউল বিপর্যয় নিরসনে রেলপথ মন্ত্রণালয়কে বিশেষ তদারকির মধ্যে নিতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পাশাপাশি বাস টার্মিনাল সমূহের নিরাপত্তা ও ব্যবস্থাপনা, মহাসড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে জেলা প্রশাসন ও জননিরাপত্তা বিভাগকে দায়িত্ব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর বিভিন্ন রুট বিটিআরটিসির বাস সংখ্যা বৃদ্ধি ও টিকেট প্রাপ্তির সহজলভ্যতা ও রাস্তা ও সেতু সংস্কার বিষয়টি দেখভাল করবে সড়ক ও মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ। তাছাড়া নৌ যাত্রা বিশেষ করে ফেরি চলাচল, ফেরির সংখ্যা বৃদ্ধি, নৌঘাট, ফেরিঘাট ব্যবস্থাপনা, নৌযানের মান নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ, ঝুঁকিমুক্ত নৌ-চলাচল নিশ্চিত করা ও টিকেট প্রাপ্তির সহজলভ্যতা নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন দেখভাল করবে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি ও টিকেটের মূল্য নির্ধারণ করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তাছাড়া গার্মেন্টস কর্মীদের বেতন যথাসময়ে পরিশোধ, তাদের ছুটি পর্যায়ক্রমিকভাবে প্রদান, পাটকল শ্রমিকদের যথাসময়ে মজুরি প্রদানের বিষয়টি দেখবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বস্ত্র পাট মন্ত্রণালয়।
অন্যদিকে রমজানে ভোগ্য ও নিত্যপণ্য বিষয়ে বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন জানান, রমজান ও ঈদ সামনে রেখে সরকারের বেশকিছু প্রস্তুতি রয়েছে। বিশেষ করে ভোগ্য ও নিত্যপণ্যের দাম যাতে ওই সময় না বাড়ে সেদিকে সবচেয়ে বেশি নজরদারি রাখা হবে। রমজানের সময় ইফতারিতে ব্যবহার হয় এমন সবপণ্য বিশেষ করে পেঁয়াজ, চিনি, ডাল, ছোলা, ভোজ্যতেল এবং খেজুরের আমদানি বাড়ানো হচ্ছে। বেসরকারি খাতের ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে তারা যেন ওসব পণ্যের আমদানি ও মজুদ বাড়ান। যাতে ওই সময় দেশের মানুষ ওসব পণ্য ন্যায্য দামে কিনতে পারেন। এর পাশাপাশি সরকারের বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে পেঁয়াজ, ভোজ্যতেল, ডাল ও ছোলার মতো পণ্য বিক্রি করা হবে। এবারের রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না। চাহিদার তুলনায় আমদানি ও মজুদ পরিস্থিতি ভাল অবস্থায় রয়েছে।