চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৮ শতাংশ রপ্তানি কমেছে। এই সময়ে ১ হাজার ৮০৫ কোটি ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে ১ হাজার ৫৭৮ কোটি ডলারের পণ্য। আর গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয় ১ হাজার ৭০৭ কোটি ডলারের পণ্য। পাশাপাশি অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগও আশানুরূপ নয়। শিল্প খাতে বিকাশের প্রধান উপকরণ ক্যাপিটাল মেশিনারিজের আমদানি হ্রাস পেয়েছে। ব্যাংকগুলোর তারল্য সঙ্কটের ফলে আমদানি ও রপ্তানির ঋণাত্মক অবস্থার কারণে অর্জিত হচ্ছে না শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা। এমনকি গত কয়েক মাসের পরিসংখ্যানে দেশের প্রধান বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্যবাহী কন্টেইনারের প্রবাহ কমে গেছে। উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্যের আমদানিও কমে গেছে। ফলে কাস্টমসের শুল্ক আদায় ক্ষেত্র বিশেষে গত বছরের চেয়েও কমে গেছে। শুধু চট্টগ্রাম কাস্টমস নয়, দেশের অন্যান্য শুল্ক আদায় স্টেশনের অবস্থাও প্রায় অনুরূপ বলে জানা যায়। এনবিআর, বিজিএমইএ, ইপিবি এবং বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের রপ্তানি বাণিজ্যে এখনো গার্মেন্টস খাতের অবদান এককভাবে ৮৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গার্মেন্টস পণ্যের রপ্তানি কমেছে পৌনে ৮ শতাংশ। আর সার্বিক রপ্তানি আয়ে এর প্রভাব পড়েছে। ওই সময়ে সার্বিকভাবে রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ৫৯ শতাংশ। আমদানিও কমতির দিকে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি কমেছে ৩ দশমিক ১৭ শতাংশ। গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের মতে, বর্তমানে দেশের গার্মেন্টস খাত ক্রান্তিকাল অতিক্রম করছে। কমপ্লায়েন্ট (কর্মপরিবেশসম্পন্ন) কারখানা গড়ে তুলতে গিয়ে বিশাল বিনিয়োগ হয়েছে। উদ্যোক্তারা তা থেকে যে রিটার্ন পাওয়ার আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তা অর্জিত হচ্ছে না। বাড়তি বিনিয়োগের বিপরীতে উদ্যোক্তারা রপ্তানি পণ্যের বাড়তি দর আশা করেছিলেন। কিন্তু বায়াররা তা দিচ্ছে না বরং ক্ষেত্রেবিশেষে মূল্য কমেছে। এ পরিস্থিতিতে অনেক উদ্যোক্তাই লোকসান এড়াতে এবং টিকে থাকতে কম দরে ক্রয়াদেশ (অর্ডার) নেয়ার প্রতিযোগিতায় নেমেছেন।
সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে যাওয়ার পরিসংখ্যান এবং দেশের প্রধান অর্থনৈতিক খাত পোশাক শিল্প কারখানার নেতিবাচক অবস্থা ২০২১ সালের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হয়ে পড়বে। চট্টগ্রাম বন্দরের ইতিমধ্যে চলমান এবং স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন হলে যে পরিমাণ আমদানি-রপ্তানির প্রবৃদ্ধি প্রয়োজন পড়বে, তা আদৌ অর্জিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আগামী এক বছরের মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ সম্পন্ন হবে। চট্টগ্রাম বন্দরের চেয়ে বেশি সক্ষমতার বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ আগামী দুই-তিন বছরের মধ্যে আংশিক সম্পন্ন হবে। একইভাবে মাতারবাড়ী এলাকার গভীর সমুদ্রবন্দরও দুই-তিন বছরের মধ্যে দৃশ্যমান হবে। চট্টগ্রাম বন্দরের চলমান প্রকল্পসমূহ বাস্তবায়ন হলে দেশের আমদানি-রপ্তানির আয়তনও অনেক বেশি হতে হবে। চট্টগ্রাম বন্দর দিয়ে বর্তমানে বছরে ৭ লাখ কন্টেইনার রপ্তানি কাজে ব্যবহৃত হয়। আরো প্রায় ৮ লাখ কন্টেইনার এক প্রকার খালি অবস্থায় ফেরত্ যায়। ফলে বর্তমান অবস্থায়ও আরো সমপরিমাণ পণ্য রপ্তানি করা সম্ভব।
সূত্র আরো জানায়, চট্টগ্রাম বন্দও দিয়ে বিগত ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত কন্টেইনার হ্যান্ডলিং করা হয় ২৯ লাখ ১৪ হাজার। আর চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কন্টেইনার হ্যান্ডলিং প্রায় ৩০ লাখ ৭০ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ৩০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। যা গত বছরের হ্যান্ডলিংকে ছাড়িয়ে গেছে। নতুন কন্টেইনার টার্মিনাল বা ইয়ার্ডের সম্প্রসারণ ছাড়াই চট্টগ্রাম বন্দরের এই সক্ষমতা বেড়েছে। মূলত বন্দরের ইকুইপমেন্ট সংখ্যা বৃদ্ধিসহ পরিচালনা দক্ষতা বৃদ্ধির কারণে সক্ষম হয়েছে। বছর শেষে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে প্রায় ৬ শতাংশ। চট্টগ্রাম বন্দরের চলমান নতুন বন্দর ও টার্মিনাল নির্মাণকাজ সম্পন্নের আগেই এগুলোর সক্ষমতাকে পূর্ণমাত্রায় কাজে লাগানোর জন্য অভ্যন্তরীণ এবং প্রয়োজনে আঞ্চলিক বাণিজ্যিক পণ্য হ্যান্ডলিংয়ের পরিকল্পনার পথে এগিয়ে যেতে হবে বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ জানান, চট্টগ্রাম বন্দর আরো প্রায় দ্বিগুণ রপ্তানি বর্তমান সক্ষমতায় করতে পারে। তাছাড়া চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পণ্য হ্যান্ডলিং ক্ষমতা আরো বহু গুণে বেড়ে যাবে।