স্কুল-কলেজ পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষা বাধ্যতামূলক করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই শিক্ষকের তীব্র সঙ্কট বিরাজ করছে। ফলে ব্যাহত হচ্ছে কাক্সিক্ষত লক্ষ্যপূরণ। বর্তমানে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের টও্য় ১১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানেই কম্পিউটার শিক্ষক নেই। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের প্রতিষ্ঠান আছে ৩৪ হাজার ৯৮১টি। তার মধ্যে ১০ হাজার ৯৯৩টিতে কম্পিউটার বিষয়ে কোনো শিক্ষক নেই। ওই হিসাবে এ দুটি স্তরের প্রায় ৩২ শতাংশ প্রতিষ্ঠানেই তথ্যপ্রযুক্তি বিষয়ে পাঠদানের কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নেই। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, কম্পিউটার শিক্ষক না থাকা তথ্যপ্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক হলেও স্কুল-কলেজগুলো শুধুমাত্র রুটিনমাফিক পাঠদান চলছে। আরবেশির ভাগ প্রতিষ্ঠানেই বিজ্ঞান কিংবা গণিতের শিক্ষক দিয়ে বিষয়টির পাঠদান কোনোমতে চলছে। ফলে মানসম্মত তথ্যপ্রযুক্তির শিক্ষা থেকে বঞ্চিত থাকছে শিক্ষার্থীরা। মূলত বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের গুণগত পাঠদান দেয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া অনেক প্রতিষ্ঠানকে দেয়া কম্পিউটার ইতোমধ্যে নষ্ট হয়ে রয়েছে। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্যপ্রযুক্তির পাঠদান নিশ্চিতে বেশ হিমশিম খেতে হচ্ছে।
সূত্র জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক (কম্পিউটার শিক্ষক) নিয়োগের জন্য এখনো কোনো পদ সৃষ্টি করা হয়নি। এমন পরিস্থিতিতে কিছু বিদ্যালয় নিজস্ব উদ্যোগে কম্পিউটার বিষয়ে খ-কালীন শিক্ষক রাখলেও বেশির ভাগ স্কুলেই তা নেই। বর্তমানে দেশে ৬৬২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে কোনোটিতেই কম্পিউটার শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। ফলে ব্যাহত হচ্ছে তথ্যপ্রযুক্তির শিক্ষাদান। পরিস্থিতি উত্তরণে সবার আগে শিক্ষক নিয়োগ জরুরি। তাহলেই শিক্ষার্থীদের আইসিটি শিক্ষাদানের পথ সহজ হবে। কারণ বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় শিক্ষার্থীদেরও তথ্যপ্রযুক্তির ক্লাস ঠিকমতো না বোঝার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা কেবল কিছু নির্বাচিত অধ্যায়ের পড়া মুখস্থ করে পরীক্ষায় অংশ নিচ্ছে। হাত-কলমে শেখার কোনো সুযোগই পাচ্ছে না।
সূত্র আরো জানায়, ব্যানবেইসের শিক্ষা পরিসংখ্যান প্রতিবেদন তথ্যানুযায়ী মাধ্যমিক পর্যায়ে ৯০ শতাংশ বিদ্যালয়ে কম্পিউটার সুবিধা রয়েছে। তার মধ্যে সরকারি বিদ্যালয়ে এ হার প্রায় শতভাগ। ৭৩ শতাংশ কম্পিউটার অ্যাকাডেমিক ও দাপ্তরিক কাজে ব্যবহার হয়। অন্যান্য সুবিধার মধ্যে মাল্টিমিডিয়া সুবিধা রয়েছে ৮০ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ে এবং ৮০ শতাংশ বিদ্যালয়ে ইন্টারনেটের সুবিধা রয়েছে।
এদিকে এ প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ জানান, শিক্ষক নিয়োগ না দিয়ে শিক্ষার্থীদের ওপর কোনো বিষয় বাধ্যতামূলক করার যৌক্তিকতা নেই। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক (কম্পিউটার শিক্ষক) নিয়োগের জন্য এখনো কোনো পদ সৃষ্টি করা হয়নি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও পর্যবেক্ষণ ও তদারকির ব্যবস্থা দুর্বল। শিক্ষার্থীরা নামেই একটি বই পড়ছে, কার্যকর অর্থে তথ্যপ্রযুক্তির কতটুকু শিখছে তা প্রশ্নবিদ্ধ। একটি বিষয় শুধু ঘোষণা করলেই হবে না। এর প্রয়োজনীয়তার নিরিখে পর্যাপ্তসংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দিতে হবে।
অন্যদিকে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আবদুল মান্নান জানান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কয়েক বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষায় তথ্যপ্রযুক্তি বিষয়ে গুরুত্বের কথা বলা হচ্ছে। ২০১৪ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। শিক্ষার্থীদের হাতে-কলমে পাঠদানে অধিকাংশ বিদ্যালয়ে কম্পিউটার সুবিধাও নিশ্চিত করা হয়েছে। তবে কম্পিউটার শিক্ষকের অভাবে অবকাঠামো উন্নয়নের সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা। কম্পিউটার শিক্ষক না থাকার বিষয়টি সত্য। তবে এ সমস্যা সমাধানে কাজ করছে সরকার। বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক পদ সৃজনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এতে আরো কিছু সময় লেগে যাবে।