ভারতের অযোধ্যা নামক স্থানে প্রাচীন স্থাপনা ‘বাবরি মসজিদ’। মসজিদের শিলালিপি অনুসারে মুঘল সম্রাট বাবরের নির্দেশে তাঁর অন্যতম সেনানায়ক মীর বাকী (৯৩৩ হিজরি) ১৫২২-২৯ সালে নির্মাণ করেছিলেন। বাবরি মসজিদ তার সংরক্ষিত স্থাপত্য ও স্বতন্ত্র গঠনশৈলীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। মসজিদটি সম্রাট আকবর দ্বারা গৃহীত ইন্দো-ইসলামী গঠনশৈলীর প্রতীক হিসেবে পরিচিত। তবে মসজিদটি নিয়ে বিতর্ক শুরু হয় ব্রিটিশ শাসনের শেষের দিকে আঠারো শতকের মাঝামাঝি সময়ে। কিছু হিন্দু দাবী করে হিন্দু দেবতা রামের জন্মস্থান অযোধ্যা জেলায় অবস্থিত। এরপর তারা আরো একধাপ এগিয়ে বলে, ‘দেবতা রাম’ যেখানে জন্ম গ্রহণ করেছিলেন সেখানেই নির্মাণ করা হয় ‘বাবরি মসজিদ’। এ নিয়ে ‘বাবরি মসজিদ বনাম রাম মন্দির’ বির্তক সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়।
আজ থেকে ১৩৪ বছর আগে আইনি লড়াইটা শুরু হয়েছিল। মসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে টানাপড়েনটা চলছিল তারও অনেক আগে থেকে। পাঁচ শতাব্দী ধরে চলতে থাকা এই টানাপড়েনে ইতি পড়–ক, সব পক্ষই এমনটা এবারই চাইছিল। সম্প্রতি ভারতের প্রধান বিচারপতিও স্পষ্ট বার্তা দিয়েছিলেন আর চলতে দেওয়া যায় না ‘বাবরি মসজিদ বনাম রাম মন্দির’ বির্তকের এই রশি টানাটানি। অবশেষে ইতি পড়ল ওই রশি টানাটানিতে। অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ হওয়ার ৪৯১ বছর পরে ভারতের সর্বোচ্চ বিচারকরা জানান দিলেন, হিন্দুদের বিশ্বাসের ‘রামজন্মভূমি’তে মন্দিরই হবে।
দেশটির প্রধান বিচারক রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতির ভিত্তিতে গত ৯ নভেম্বর শনিবার ওই রায় দিয়েছেন। এক দশক আগে এলাহাবাদ হাইকোর্টে হিন্দু ও মুসলমান মকদ্দমাকারীদের মাঝে মসজিদের জায়গাটি আনুপাতিক হারে ভাগ করে দেয়ার রায় দিয়েছিলেন। উত্তর প্রদেশের অযোধ্যায় ১৬ শতকের বাবরি মসজিদটি নিয়ে হিন্দু ও মুসলমানরা কয়েক দশক ধরে তিক্ত বিরোধে জড়িয়ে পড়েন। হিন্দুদের বিশ্বাস, তাদের দেবতা ‘রাম’ ওখানে জন্ম নিয়েছে।
বাবরি মসজিদের প্রায় ৫০০ বছরের ইতিহাস পিরে দেখার মানসেই আজকের নিবন্ধের মূলত উদ্দেশ্য। ১৫২৮ সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ তৈরি করেন। ১৮৫৩ সালে মসজিদটিকে কেন্দ্র করে প্রথমবারের মতো সহিংসতার ঘটনা ঘটে বলে জানা যায়। ধারণা করা হয়, সহিংসতার পশ্চাতে ব্রিটিশদের হাত ছিল। ১৮৮৫ সালে মহান্ত রঘুবর দাস নামে এক হিন্দু ব্যক্তি ফৈজাবাদ জেলা আদালতে বাবরি মসজিদের বাইরে চাঁদোয় টাঙানোর আবেদন জানালে আদালত ওই আবেদন নাকচ করে দেন।
১৯৪৯ সালে বিতর্কিত ধাঁচার মূল গম্বুজের মধ্যে নিয়ে আসা হয় রামলালার মূর্তি। একদল সাম্প্রদায়িক হিন্দু গোপনে মসজিদের ভেতর রামের মূর্তি রেখে যায়। মুসলিমরা ওই ঘটনার প্রতিবাদ জানায় এবং দুই পক্ষই দেওয়ানি মামলা করে। এই সুযোগে তৎকালীন ভারত সরকার ওই চত্বরকে বিতর্কিত জায়গা বলে ঘোষণা দেয় এবং বন্ধ করে দেয় মসজিদের দরজা।
১৯৪৯-১৯৮৪ সালে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতৃত্বে ইশ্বর রামের জন্মস্থান উদ্ধার এবং তার সম্মানের একটি মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিটি গঠন করে হিন্দুরা। তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি (পরবর্তীতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী) ওই প্রচারণরার নেতৃত্ব নেন। ১৯৫০ সালে রামলালার মূর্তিগুলোর পুজার অধিকারের আবেদন জানিয়ে ফৈজাবাদ জেলা আদালতে আবেদন করেন গোপাল শিমলা বিশারদ নামে এক ব্যক্তি।
১৯৫০ সালে মূর্তি রেখে দেয়ার এবং পূজা চালিয়ে যাওয়ার জন্য মামলা করেন পরমহংস রামচন্দ্র দাস। ১৯৫৯ সালে ওই স্থানের অধিকার চেয়ে মামলা করল নির্মোহী আখড়া। ১৯৬১ সালে একই দাবি জানিয়ে মামলা করে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। ১৯৮৬ সালে ফেব্রুয়ারি জেলার বিচারক সরকারকে নির্দেশ দেয়, বিতর্কিত মসজিদের দরজা উন্মুক্ত করে দিয়ে সেখানে হিন্দু তীর্থযাত্রীদের উপাসনার সুযোগ দিতে। মুসলিমরা এর প্রতিবাদে বাবরি মসজিদ ‘অ্যাকশন কমিটি’ গঠন করে। ওই সময়ে রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী।
অযোধ্যা রামজন্মভূমির রামলালা বিরাজমনের নিকট বন্ধু তথা এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবকী নন্দন আগরওয়ালের মাধ্যমে মামলা দায়ের করেন। ১৯৮৯ সালের ১৪ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয়, বিতর্কিত স্থানে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। ওই বছর মসজিদ সংলগ্ন জায়গায় রাম মন্দিরের ভিত্তি স্থাপান করে নতুন প্রচারণা শুরু করে ভিএইচপি। ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর ভিএইচপি'র কর্মীরা মসজিদের আংশিক ক্ষতিসাধন করে। বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি গুজরাটের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রী চন্দ্রশেখর আলোচনার মাধমে বিতর্ক সমাধানের চেষ্টা করলেও তা পরের বছর বিফল হয়। ১৯৯১ সালে অযোধ্যা যে রাজ্যে অবস্থিত, সেই উত্তর প্রদেশে ক্ষমতায় আসে বিজেপি।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর কট্টর হিন্দুত্ববাদী ভিএইচপি, বিজেপি এবং শিব সেনা পার্টির সমর্থকরা মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দিলে উত্তেজনা দেখা দেয়। মসজিদটি ধ্বংস করায় পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে হওয়া দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়। ১৯৯৩ সালের ৩ এপ্রিল অযোধ্যার জমি অধিগ্রহণ করার জন্য বিতর্কিত এলাকার অধিগ্রহণ আইন পাস হয়। এলাহাবাদ হাইকোর্টে ওই আইনের বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে রিট পিটিশন জমা পড়ে। সংবিধানের ১৩৯ এ অনুচ্ছেদের মাধ্যমে ওই রিট পিটিশন বদলি করে দেয় সুপ্রিম কোর্ট। ১৯৯৪ সালের ২৪ এপ্রিল সুপ্রিম কোর্ট ঐতিহাসিক ইসমাইল ফারুকি মামলায় রায়ে জানায়, মসজিদ ইসলামের অন্তর্গত ছিল না। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির অধীনে জোট সরকার গঠন করে বিজেপি। ২০০১ সালে মসজিদ ধ্বংসের বার্ষিকীতে উত্তেজনা সৃষ্টি হয়। ওই স্থানে আবারো মন্দির তৈরির দাবি তোলে ভিএইচপি।
২০০২ সালের জানুয়ারি নিজের কার্যালয়ে অযোধ্যা সেল তৈরি করেন প্রধানমন্ত্রী বাজপেয়ি। সিনিয়র কর্মকর্তা শত্রুগ্ন সিংকে নিয়োগ দেয়া হয় হিন্দু ও মুসলিম নেতাদের সাথে আলোচনার জন্য। ওই বছরের ফেব্রুয়ারি উত্তর প্রদেশের নির্বাচনের তফসিলে মন্দির তৈরির বিষয়টি বাদ দেয় বিজেপি। ভিএইচপি ১৫ই মার্চের মধ্যে মন্দির নির্মানকাজ শুরু করার ঘোষণা দেয়। শত শত স্বেস্বচ্ছাসেবক বিতর্কিত স্থানে জড়ো হয়। অযোধ্যা থেকে ফিরতে থাকে হিন্দু অ্যাক্টিভিস্টদের বহনকারী একটি ট্রেনে হামলার ঘটনায় অন্তত ৫৮ জন মারা যায়। মার্চ মাসে ট্রেন হামলার জের ধরে গুজরাটে হওয়া দাঙ্গায় ১ হাজার থেকে ২ হাজার মানুষ নিহত হয়। এপ্রিল মাসে ধর্মীয়ভাবে পবিত্র হিসেবে বিবেচিত জায়গাটির মালিকানার দাবিদার কারা, তা নির্ধারণ করতে তিনজন হাইকোর্ট বিচারক শুনানি শুরু করেন।
২০০৩ সালের জানুয়ারি মাসে ওই স্থানে ইশ্বর রামের মন্দিরের নিদর্শন আছে কি-না, তা যাচাই করতে আদালতের নির্দেশে নৃতত্ববিদরা জরিপ শুরু করে। ১৩ মার্চ সুপ্রিম কোর্ট বলে, অধিগৃহীত জমিতে কোনও রকমের ধর্মীয় কার্যকলাপ চলবে না। ১৪ মার্চ সুপ্রিম কোর্ট জানায়, এলাহাবাদ হাইকোর্টে দেওয়ানি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অন্তর্বর্তী আদেশ কার্যকর থাকবে।
ওই বছরের অগাস্ট মাসে জরিপে প্রকাশিত হয় যে, মসজিদের নিচে মন্দিরের চিহ্ন রয়েছে, কিন্তু মুসলিমরা ওই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। হিন্দু অ্যাক্টিভিস্ট রামচন্দ্র পরমহংসের শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাজপেয়ি বলেন, তিনি মৃত ব্যক্তির আশা পূরণ করবেন এবং অযোধ্যায় মন্দির তৈরি করবেন। তবে তিনি আশা প্রকাশ করেন যে, আদালতের সিদ্ধান্তে এবং আলোচনার মাধ্যমে ওই দ্বন্দ্বের সমাধান হবে।
সেপ্টেম্বর মাসে বাবরি মসজিদ ধ্বংসের পেছনে উস্কানি দেয়ায় সাত জন হিন্দু নেতাকে বিচারের আওতায় আনা উচিত বলে রুল জারি করে একটি আদালত। তবে সেসময়কার উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানির- যিনি ১৯৯২ সালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
২০০৪ সালের অক্টোবর বিজেপি নেতা আদভানি জানান, তার দল এখনও অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তা ‘অবশ্যম্ভাবী’। একই বছরের নভেম্বর মাসে ‘মসজিদ ধ্বংস করার সাথে সম্পৃক্ত না থাকায় মি. আদভানিকে রেহাই দিয়ে আদালতের জারি করা পূর্ববর্তী আদেশ পুনর্যাচাই করা উচিত’ মর্মে রায় দেয় উত্তর প্রদেশের একটি আদালত।
২০০৫ সালের জুলাই সন্দেহভাজন ইসলামি জঙ্গীরা বিস্ফোরক ভর্তি একটি জিপ দিয়ে বিতর্কিত স্থানটিতে হামলা চালিয়ে সেখানকার চত্বরের দেয়ালে গর্ত তৈরি করে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী'র হাতে নিহত হয় ছয়জন, যাদের মধ্যে পাঁচজনই জঙ্গি বলে দাবি করে নিরাপত্তা রক্ষীরা। ২০০৯ সালের জুন মসজিদ ধ্বংস হওয়া সম্পর্কে অনুসন্ধান করতে থাকা লিবারহান কমিশন তদন্ত শুরু করার ১৭ বছর পর তাদের প্রতিবেদন জমা দেয়। ওই বছরের নভেম্বর মাসে প্রকাশিত লিবারহান কমিশনের প্রতিবেদনে মসজিদ ধ্বংসের পেছনে বিজেপি’র শীর্ষ রাজনীতিবিদদের ভূমিকার বিষয়টি উল্লেখ করলে সংসদে হট্টগোল হয়।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়, বিতর্কিত জমির নিয়ন্ত্রণ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালার মধ্যে সমবণ্টন করে দেয়া উচিত। রায় অনুযায়ী এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ মুসলিমদের, এক-তৃতীয়াংশ হিন্দুদের এবং বাকি অংশ ‘নির্মোহী আখাড়া’ গোষ্ঠীর কাছে দেয়া উচিত। যেই অংশটি বিতর্কের কেন্দ্র, যেখানে মসজিদ ধ্বংস করা হয়েছিল, তার নিয়ন্ত্রণ দেয়া হয় হিন্দুদের কাছে। এই রায়ে তিন বিচারপতি সহমত পোষণ করেননি। ২-১ ভিত্তিতে রায়দান হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন মর্মে একজন মুসলিম আইনজীবী ঘোষণা দেন। ২০১১ সালের ৯ মে ২০১০ সালের জমি বিতর্কে রায়ের বিরুদ্ধে হিন্দু ও মুসলিম দুই পক্ষই আপিল করায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ স্থানে রাম মন্দির তৈরির অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সুব্রহ্মণ্যম স্বামী।
২০১৭ সালের ২১ মার্চ, প্রধান বিচারপতি জেএস খেহর যুযুধান পক্ষগুলোকে আদালতের বাইরে সমঝোতার প্রস্তাব দেন। ৭ আগস্ট এলাহাবাদ হাইকোর্টের ১৯৯৪ সালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের শুনানির জন্য তিন বিচারপতির বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট। ৮ আগস্ট উত্তর প্রদেশের শিয়া সেন্ট্রাল বোর্ড সুপ্রিম কোর্টে জানায়, বিতর্কিত স্থান থেকে কিছুটা দূরে মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদ বানানো যেতে পারে। ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেয়, বিতর্কিত জমির ব্যাপারে সদর্থক মধ্যস্থতার জন্য দু’জন অতিরিক্ত জেলা বিচারককে ১০ দিনের মধ্যে মনোনয়ন করতে হবে। ২০ নভেম্বর উত্তর প্রদেশের সিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টকে জানায়, অযোধ্যায় মন্দির ও লখনউয়ে মসজিদ বানানো যেতে পারে। ১ ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্টে ২০১০ সালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন ৩২ জন নাগরিক অধিকার রক্ষা কর্মী।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টে সমস্ত দেওয়ানি মামলার আবেদনের শুনানি শুরু হয়। ১৪ মার্চ সুব্রহ্মণ্যম স্বামী-সহ সকল অন্তরবর্তী আবেদন (যারা এই মামলার পক্ষ হতে চেয়েছিল) নাকচ করে সুপ্রিম কোর্ট। ৬ এপ্রিল ১৯৯৪ সালের রায়ে যে পর্যবেক্ষণ ছিল; তা বৃহত্তর বেঞ্চে পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রাজীব ধাওয়ান। ২০ জুলাই সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রাখে। ২৭ সেপ্টেম্বর পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মামলা নিয়ে যেতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট জানায়, ২৯ অক্টোবর থেকে মামলার শুনানি হবে নবগঠিত তিন বিচারপতির বেঞ্চে। ২৯ অক্টোবর সুপ্রিম কোর্ট জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যথাযথ বেঞ্চে মামলার শুনানি স্থির করে দিয়ে জানায়, ওই বেঞ্চই শুনানির দিন ধার্য করবে। ২৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয়, এ সম্পর্কিত সমস্ত আবেদনের শুনানি ৪ জানুয়ারি থেকে শুরু হবে।
২০১৯ সালের ৪ জানুয়ারি সুপ্রিম কোর্ট জানায়, তাদের তৈরি করা যথোপযুক্ত বেঞ্চ মামলার শুনানির তারিখ ১০ জানুয়ারি স্থির করবে। ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ঘোষণা করে। শীর্ষে রাখা হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে। এ ছাড়া বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- এস এ বোবদে, এনভি রামানা, ইউইউ ললিত এবং ডিওয়াই চন্দ্রচূড়। ১০ জানুয়ারি বিচারপতি ইউইউ ললিত নিজেকে মামলা থেকে সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্টকে জানান, ২৯ জানুয়ারি নতুন বেঞ্চের সামনে মামলার শুনানি শুরু করতে। ২৫ জানুয়ারি বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস এ নাজিরকে নিয়ে পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট। ২৯ জানুয়ারি কেন্দ্র সুপ্রিম কোর্টে বিতর্কিত অংশ বাদ দিয়ে বাকি ৬৭ একর জমি তাদের আদত মালিকদের কাছে ফিরিয়ে দেবার আবেদন জানায়। ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানায়, মামলার শুনানি শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মধ্যস্থতার কথা বলে, আদালত নিযুক্ত মধ্যস্থতাকারীদের কাজে লাগানো হবে কি-না, সে সিদ্ধান্ত নেবার জন্য ৫ মার্চ দিন স্থির হয়। ৬ মার্চ জমি বিতর্ক মধ্যস্থতার মাধ্যমে মীমাংসা করা হবে কি-না, সে সম্পর্কিত রায় দান মুলতুবি রাখে সুপ্রিম কোর্ট। ৯ এপ্রিল নির্মোহী আখড়া কেন্দ্রের জমি ফেরানোর আবেদনের বিরোধিতা করে। ৯ মে তিন সদস্যের মধ্যস্থতাকারী কমিটি সুপ্রিম কোর্টে তাদের অন্তরবর্তী রিপোর্ট জমা দেয়। ১৮ জুলাই সুপ্রিম কোর্ট মধ্যস্থতা চালিয়ে যেতে বলে, ১ অগাস্ট রিপোর্ট জমা দেওয়ার দিন ধার্য করে দেয়। ১ আগস্ট মধ্যস্থতা সংক্রান্ত রিপোর্ট বন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা পড়ে। ৬ আগস্ট সুপ্রিম কোর্ট জমি মামলায় দৈনিক ভিত্তিতে শুনানির কথা জানায়। ১৬ অক্টোবর শুনানি শেষ করে ‘রায়দান’ মুলতুবি রাখে সুপ্রিম কোর্ট। ৯ নভেম্বর সকাল সাড়ে দশটায় ওই জায়গাটিতে মন্দির তৈরির পক্ষেই ভারতের সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেয়। (তথ্যসূত্র : আনন্দবাজার (ভারত)/সংগ্রাম- ১০.১১.১৯)
পরিশেষে ভাববার বিষয় হচ্ছে, কেমন চড়াই-উতরাই পেরিয়ে ওই রায়? গত পাঁচ শতাব্দীতে কতো বার কতো রকম বাঁকে কতো আচমকা ‘মোড়’ নিল রামজন্মভূমি বনাম বাবরি মসজিদ বিতর্ক? গত ৯ নভেম্বর শনিবারের দেয়া আদালতের ওই রায়ে অনেকটাই অশনি সংকেত উঁকি দিচ্ছে এমনটি না ভাববার কোনো কারণ নেই। বলা যেতে পারে, এমন কী বা গুরুত্বের বিষয় ছিলো যে, বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির নির্মাণ করতে হবে? রাম মন্দির যদি নির্মাণ করতেই হয়, তবে তো অযোধ্যায় জমিজমার কমতি নেই। বরং অন্য স্থানে বিশাল অঞ্চলজুড়ে মন্দির করা হলে ঐতিহ্যবাহী প্রাচীন বাবরি মসজিদটিও ধ্বংস যজ্ঞের গ্রাস হতে রক্ষা পেতো। অন্যদিকে মন্দির সমর্থকরা নতুন জায়গায় মন্দির নির্মাণের সুযোগ পেতো। এতে ‘বাবরি মসজিদ বনাম রাম মন্দির’ বিতর্কের মঙ্গলজনক অবসান হয়ে যেতো সব পক্ষের। শনিবারের রায়ে ওমনটি না হওয়ায় আজ অশনি সংকেত শুধু বাবরি মসজিদ সমর্থকদের নয়, বরং মুসলিম সম্প্রদায়ের কাঁধে কী নয়?
[এম. কে. দোলন বিশ্বাস, দৈনিক সংবাদের সাবেক সহ-সম্পাদক]