টানা দর পতনে নাস্তানাবুদ দেশের শেয়ারবাজার। গত রোববারও ব্যাপক দর পতন হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে দর হারিয়েছে ৮৫ শতাংশ শেয়ার। এর মধ্যে ১৫৯ শেয়ার গতকালই ৫ থেকে সাড়ে ১৬ শতাংশ দর হারিয়েছে। শুধু গত রোববারই নয়, গত আড়াই মাসে ২৯৬ শেয়ার কমপক্ষে ২০ থেকে ৭২ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে। পুঁজি হারিয়ে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের একটা অংশ রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো অফিস ভবনের সামনে বিক্ষোভ করেছেন। দর পতনে শেয়ার কেনাবেচার পরিমাণ অব্যাহতভাবে কমছে। গতকাল ঢাকার বাজারের প্রায় ৩০৪ কোটি টাকার শেয়ার কেনাবেচাসহ সাকল্যে ৩১০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরদিন যা ছিল ২ হাজার কোটি টাকারও বেশি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মনে করছে, চলতি দর পতন স্বাভাবিক নয়। কী কারণে দর পতন হচ্ছে, তা অনুসন্ধানে সংস্থার অতিরিক্ত পরিচালক সামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিনিয়োগে আস্থা ফেরাতে করণীয় নির্ধারণে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে ১০ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির বিনিয়োগ বাড়াতে আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য দ্রুত ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে আইসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে সরকারি গ্যারান্টিপত্র দিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশে ফেরার পরই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ডিএসইর পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে বিনিয়োগকারীদের জন্য কর ছাড় চেয়েছেন। বিশেষত চলতি অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগে মূলধনি মুনাফায় ২৫ শতাংশ হারে যে কর ধার্য করা হয়েছে, তা অন্তত এ বছরের জন্য প্রত্যাহারের অনুরোধ করেছে। এনবিআর চেয়ারম্যান এ করহার যৌক্তিক পর্যায়ে আনতে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন।