এজাহারে নাম নেই তবুও হত্যা মামলায় জেলার আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার রাতে এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশান্ত মল্লিক জানান, গত ৮ অক্টোবর বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ি এলাকার বাসিন্দা আশিকুর রহমান আসিফ। তিনি এজাহারে উল্লেখ করেন, স্থানীয় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহসহ আওয়ামী লীগের অন্যান্য আসামিদের নির্দেশে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি তার (বাদি) বাবা বিএনপি নেতা কবির হোসেন রনিকে পুলিশ ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বাইপাস সড়কের ব্রিজের পাশে এনে তার বাবাকে কথিত ক্রসফায়ারের নামে আসামি আওয়ামী লীগ নেতাদের নির্দেশে পুলিশ গুলি করে হত্যা করে। আদালতে হত্যা মামলার আবেদনের পর বিচারকের নির্দেশে আগৈলঝাড়া থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়। ওই মামলার ফিরোজ সিকদার এজাহারভুক্ত আসামি না হলেও তাকে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে শুক্রবার শেষ কার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ওই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির, সাবেক অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, সাবেক জেলা পুলিশ সুপার এহসান উল্লাহ, সাবেক এএসপি জাহাঙ্গীর মল্লিক, আগৈলঝাড়া থানার সাবেক ওসি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রইচ সেরনিয়াবাত, গোলাম মর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মন্ডল ও স্বপন মন্ডল। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৩০/৪০জনকে আসামি করা হয়েছে।