জমি লিখে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ ১৬ অক্টোবর বুধবার বেলা ১২টা ৪০মিনিটে মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামের প্রধানীয়া বাড়ীতে।
এলাকাবাসী ও পরিবারের স্বজনরা জানায়, লুধুয়া গ্রামের আঃ সোবহান প্রধানের ছেলে সৌদি প্রবাসী নোমান (২৮) বাপের জায়গা জমি নিজের নামে লিখে নিতে চায়। এতে আঃ সোবহান প্রধান রাজি না হওয়ায় দু’জনের মধ্যে তর্কবিতর্ক থেকে হাতাহাতি হয়। এতে একপর্যায়ে নোমান ক্ষিপ্ত হয়ে পিতা আঃ সোবহান প্রধানের বুকে ছুরি দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ মোশারফ হোসেন জানান, হাসাপতালে আনার পূব্যেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সাথে সাথেই নোমান পালিয়ে গেছে। অন্য ছেলেরা লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানাগেছে, ৪বছর পূর্বে আঃ সোবহান প্রধানের স্ত্রী শিরিন বেগম মারা যায়। মায়ের মৃত্যুর পর থেকেই তিন ছেলে জামান (৩৫), নোমান (২৮), জাহিদ (২২) বাপের সম্পত্তি লিখে নেওয়ার জন্য নানানভাবে চেষ্টা চালায়। খোকন প্রধান এতে সায় দেয়নি। ছেলেরা কেউই বাবার কোন খোঁজ খবর নেয়নি ও ভরন পোষন দিতো না। সম্প্রতি মেঝ ছেলে নোমান সৌদি আরব থেকে দেশে ফিরে বিয়ে করেন। এরপর থেকেই বাবার সম্পত্তি লিখে নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে ওঠে। বুধবার সম্পত্তি লিখে নেওয়ার জন্য পিতা আঃ সোবহান প্রধানকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক জানান, সম্পত্তি লিখে নেয়ার জন্য ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। ঘাতক ছেলে পলাতক। থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।