আশাশুনি উপজেলা ভূমি অফিস অনলাইনের আওতায় আসায় ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনবান্ধবমুখী হওয়ায় সেবার মান বেড়ে গেছে, বদলে গেছে কাজেরর হালচিত্র। তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) কর্মস্থল থেকে চলে যাওয়ায় দীর্ঘ ১১ মাস গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। উপজেলা নির্বাহী অফিসারগণ অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাজ করে এসেছেন। ইউএনও এর মত অতি গুরুত্বপূর্ণ ও কর্মবহুল পদে থেকে এসি ল্যান্ড অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করা কঠিন। সুতরাং প্রয়োজনীয় সেবা থেকে উপজেলার মানুষ বঞ্চিত হয়েছে। ৩৮ তম বিসিএস ক্যাডার নবাগত সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন গত ৩০ জুন খুলনা বিভাগীয় কমিশনার অফিসে পদোন্নতি প্রাপ্ত হয়ে আশাশুনিতে নিয়োগপ্রাপ্ত হন। তিনি আশাশুনিতে যোগদানের পর থেকে অফিসের সার্বিক কার্যক্রমে নতুন মমাত্রা যোগকরার চেষ্টা করেন। বর্তমান সময়ে সেবা প্রত্যাশীদের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, আবার কর্মকর্তাদের দেখা মিললেও বেশী কিছু জানাবোঝার সুযোগ হয়না। ভূমি সেবার মত জটিল বিষয় নিয়ে কথা বলা আরও কঠিন। এজন্য বাস্তবতা হলো এখানে সেবা নিয়ে মানুষের দুর্ভোগ থাকে। সেখানে নবাগত কর্মকর্তার নানামুখী পদক্ষেপের ফলে এ অফিসে নতুন উপলব্ধির সৃষ্টি হয়েছে। তিনি অফিসে ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তার যোগদানে পর থেকে ভূমি কর্মকর্তাদের সঙ্গে জনগণের দূরত্ব কমেছে। ভোগান্তি লাঘবে অনলাইন সেবা বাস্তবায়ন করেছেন। এতে আর্থিক লেনদেনের সুযোগ নেই। ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থা শতভাগ অনলাইন আপডেট বাস্তবায়নের লক্ষ্যে, ভূমি সংক্রান্ত কাগজপত্র অনলাইনে আপলোড, বাদী-বিবাদীর সরাসরি শুনানি এবং দ্রুত সময়ের মধ্যে জমির নামজারিসহ নানামুখী সেবায় পাল্টে গেছে উপজেলা ভূমি অফিস। সেবা নিতে আগের মতো তৃতীয় পক্ষ কিংবা দালালের দৌরাত্ম নেই। কোনো হয়রানি ছাড়াই মিলছে জমির প্রয়োজনীয় কাগজপত্র। ভূমি অফিসের সেবা পেয়ে খুশি সেবা নিতে আসা সাধারণ মানুষ। যারা একসময় তৃতীয়পক্ষের সহায়তা ছাড়া জমির কোনো কাজই করতে পারতেন না, তারাই এখন নিজের সমস্যার কথা নিজেরাই ভূমি অফিসে এসে বলতে পারছেন এনিল্যান্ডকে। ভূমি অফিসে গিয়ে দেখা যায়, এসি ল্যান্ড অফিসে বসে আছে বিভিন্ন শ্রেণি-পেশার বিশ থেকে বাইশ জন সেবা প্রার্থী। সহকারী কমিশনার (ভূমি) নিজেই প্রত্যেকের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলছেন। দিচ্ছেন সমাধানও। তিনি নিজ অফিস রুমে প্রতি সপ্তাহে গণশুনানি করেন। উপজেলার সাধারণ মানুষেরা জানান, বর্তমান এসি ল্যান্ডের সৃজনশীল কাজ করার মানসিকতা আছে বলেই জনগণ সেবা পাঁচ্ছে। মূলত এ কারণেই ভূমি অফিসের সেবার মান পরিবর্তন হয়েছে। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) আসার পর থেকে যেকোনো মানুষ যেকোনো সময় সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে কথা বলতে পারছেন। সেবা গ্রহীতা কুল্যা ইউনিয়নের আরার গ্রামের জুবায়দুল হক বলেন, আমি সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সেবা ও আচরণে অত্যন্ত সন্তুষ্ট। একজন কর্মকর্তা আমার সাথে এত সময় দিয়ে সুন্দর ভাবে কথা বলবেন তা আগে ভাবিনি। তিনি সব কথা শুনলেন এবং পরামর্শ দিলেন। এসিল্যান্ড সাহেব অনেক ভালো মানুষ। খুব ভালো লাগছে। ওঁর জন্য আল্লাহর নিকট দোয়া করছি। সেবা নিতে আসা কাদাকাটির সেলিম হোসেন বলেন, অতিরিক্ত টাকা-পয়সা দেওয়া লাগে না। সরকারি খরচ যা তাই দিতে হচ্ছে। হয়রানি ছাড়াই সব কাজ করে দিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, জনবান্ধব জনসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির স্বীকার না হয় সেজন্য ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা তৎপর রয়েছে। আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, বাজার মনিটরিং, খাদ্যে ভেজাল বন্ধে ব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালত পরিচলনা, অপরিছন্ন হোটেল, প্রতারনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।