আশাশুনি উপজেলার খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসা সরকারি বিধিবিধান মেনে নতুন উদ্যমে পরিচালিত হতে শুরু করেছে। নানা প্রতিকূলতাকে ক্রমে ক্রমে অপসারিত করে সকলে মিলে উন্নত পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানকে সমুন্নত করতে কাজ করা হচ্ছে।
নিভৃত পল্লী গাঁয়ে ১৯৮৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এলাকার মানুষের সহমর্মিতা পেয়ে মাদ্রাসাটি সুন্দর পরিবেশে চলতে থাকে। প্রতিষ্ঠাকালীন ও তৎকালীন সুপার অবসর গ্রহণ করায় ২০১৯ সালে তৎকালীন মাদ্রাসার সভাপতি ও জেলা শিক্ষা অফিসার
সাইদুর রহমান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত ও সকল শিক্ষকদের সম্মতিক্রমে চৌকস শিক্ষক আবু রায়হান এর উপর ভারপ্রাপ্ত সুপারেরর দায়িত্ব অর্পন করেন। এরপর থেকে কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় নতুন উদ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। মাঝে শিক্ষক সংকট, সরকারি সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতার হাতছানিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
তারপরও ভারপ্রাপ্ত সুপারের নেতৃত্বে কমিটি, শিক্ষকমন্ডলী ও অভিভাবকসহ শিক্ষানুরাগী মানুষের সমর্থন পেয়ে সীমানা প্রাচীর নির্মান, ভৌত অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণি কক্ষ সংস্কার, ছাত্রছাত্রী বৃদ্ধিতে প্রচেষ্টা, লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। ফলে প্রতিষ্ঠানে সাড়ে ৩ শত শিক্ষার্থীর পদচারনা, দাখিল পরীক্ষায় পরীক্ষার্থী আশাপ্রদ হয়। এবছর ৫০ জন পরীক্ষার্থী রয়েছে। গত ৩ বছরে পাশের হার ৯০% হয়েছে। নতুন সহ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এখন প্রতিষ্ঠানটি আরও সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। শিক্ষা অফিসের দিকনির্দশনা ও সহযোগিতা নিয়ে নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলে ভারপ্রাপ্ত সুপার জানান। তিনি আরও জানান, সহ সুপার পদে সদ্য নিয়োগপ্রাপ্ত মাওঃ মনিরুল ইসলাম ইতঃপূর্বে অন্য মাদ্রাসায় এবতেদায়ী প্রধান হিসাবে কর্মরত ছিলেন। তিনি প্রশাসনিক কাজের পূর্ণ অভিজ্ঞতা ও ধারনা না থাকায় এই মুহুর্তে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিতে রাজি হননি। বর্তমান কমিটি, শিক্ষকমন্ডলীসহ সচেতন অভিভাবকরা সুপার নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে
ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালনের জন্য সম্মতি জানিয়েছেন। কিন্তু সরকার পরিবর্তনের পর একটি মহল নিয়োগকে কেন্দ্র করে ব্যক্তি স্বার্থ হাছিলের লক্ষ্যে অপচেষ্টা চারাচ্ছে। এরই অংশ হিসাবে মানববন্ধ করে মিথ্যা তথ্যদিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করানো হয়েছে দাবী করে তিনি বলেন, মানববন্ধনে বক্তব্যদাতা মুস্তাফিজুর অভিভাবক সদস্যের মিথ্যা পরিচয় দিয়েছে এবং অন্য যেসব অভিভাবকের নাম পত্রিকায় এসেছে তারা কেউই বক্তব্য রাখেননি।