শিক্ষা হচ্ছে মানুষের জ্ঞান অর্জনের একটি পদ্ধতি ও পরিপূর্ণ বিকাশের ধারাবাহিক প্রক্রিয়া, যার ফলে একজন শিশুর জীবন সুন্দর হয় ও সাফল্য আসে। শিশুর শারিরীক ও মানসিক বিকাশে প্রথম ভূমিকা রাখে পরিবার এবং শিক্ষার সূচনা হয় পিতা-মাতার হাত ধরে। শিক্ষার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেটা জন্মের পর অনানুষ্ঠানিকভাবে পরিবার থেকে শুরু হয় এবং তার প্রথম শিক্ষক পিতা-মাতা।
শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র হচ্ছে বিদ্যালয় এবং শিক্ষার ভিত্তি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এদেশে আধুনিক শিক্ষাব্যবস্থার সূচনা থেকে তিন স্তরের শিক্ষা ব্যবস্থা চালু হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং উচ্চ শিক্ষা। প্রাথমিক শিক্ষার সময়কাল নির্ধারণ করা হয় (১ম-৫ম শ্রেণি পর্যন্ত) ৫ বছর। সেখানে ৬+ বয়সী একজন শিশু সরাসরি প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে শিক্ষা জীবনে প্রবেশ করত। কিন্তু অনেক সময় শিশু নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারত না। সে জন্য অনেক শিক্ষাবীদ শিশুর বিদ্যালয়ে প্রবেশে আগ্রহ বা পূর্ব প্রস্তুতির জন্য একটা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরলেন। সেই প্রয়োজনীয়তা থেকে শিশুর আনুষ্ঠানিক শিক্ষার পূর্বে বিদ্যালয়ের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সূচনা হয় প্রাক-প্রাথমিক শিক্ষা।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা শুরুর পূর্বে শিশুর যে শিক্ষা দেয়া হয় সেটাকে প্রাক-প্রাথমিক শিক্ষা বলে। প্রাক-প্রাথমিক শিক্ষা হচ্ছে শিশুর বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতিমূলক শিক্ষা। প্রাক-প্রাথমিক শিক্ষার মাধ্যমে একজন শিশুর জীবনব্যাপী শিখনের সূচনা হয়ে থাকে। শিশুর শারীরিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাবৃত্তিক, সামাজিক ও আবেগিক বিকাশে প্রাক-প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখে। জাতীসংঘ ঘোষিত টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০এর ৪নং লক্ষ্য: মানসম্মত শিক্ষা ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ এ ৪+ ও ৫+ বয়সি শিশুদের জন্য পর্যায়ক্রমে ২ বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা বিধান সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশে ২০১০ সালে অন্তর্বতীকালীন প্যাকেজের মাধ্যমে সারা দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হয় এবং ২০১১ সালে প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম প্রণয়ন করা হয় এবং ২০১১ শিক্ষাক্রমের আলোকে ২০১৪ সালে সারা দেশে ৫+ বয়সী শিশুদের জন্য (১ বছর মেয়াদী) প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয় এবং পরবর্তীতে ২০২২ সালে পরিমার্জিত প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম প্রণয়ন করে ২ বছর মেয়াদী ৪+ ও ৫+ বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হয়। প্রাক-প্রাথমিক শিক্ষাক্রমে শিশুর জন্য ৯টি শিখনক্ষেত্র ও ২৩ টি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
প্রাক-প্রাথমিক শিক্ষা শিখন-শেখানো সামগ্রীর মাধ্যমে একজন শিক্ষক সুসজ্জিত শ্রেণিকক্ষে ৪+ বয়সিদের জন্য ২ ঘন্টা ও ৫+ বয়সিদের জন্য ২ ঘন্টা ৩০ মিনিট ব্যাপি দৈনিক পাঠপরিকল্পনা অনুসারে পাঠদান করে থাকেন। প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদানে ব্যবহৃত শিখন-শেখানো সামগ্রী হচ্ছে শিক্ষক সহায়িকা, আকিবুকি খাতা, আমার বই, এসো লিখতে শিখি-অনুশীলনী খাতা, স্বরবর্ণ চার্ট ও ব্যঞ্জনবর্ণ চার্ট এবং সংখ্যা চার্ট (১-২০), ফ্লাশকার্ড, খেলার সামগ্রী ও উপকরণ, অন্যান্য উপকরণ। প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ১ জন সহকারি শিক্ষক (প্রাক-প্রাথমিক) নিয়োগ এবং শিক্ষাক্রম অনুসারে পাঠদানের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষকদের ১৫ দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষক মাঠ পর্যায়ের অফিসার (ইন্সট্রাক্টর, সহকারী ইনস্ট্রাক্টর ইউআরসি ও উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারি উপজেলা/থানা শিক্ষা অফিসার)। তাছাড়া ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন বা ডিপিএড প্রশিক্ষণে প্রাক-প্রাথমিক শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। একজন উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেটার ফলে শিশুর শারিরীক ও মানসিক বিকাশ, বিদ্যালয় প্রেমী ও আজীবন শিক্ষার ভিত তৈরি হয় এবং পরবর্তীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের পথ সুগম বা সহজ হচ্ছে।
প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন শিক্ষকের একার পক্ষে সম্ভব হয় না। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের পাশাপাশি প্রধান শিক্ষক, এসএমসির সদস্য, পিটিএ কমিটির সদস্য, উপজেলা/থানা শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী ইন্সট্রাক্টর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর, স্বাস্হ্য সহকারী সহ অনেকের সহযোগিতায় প্রাক-প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন হয়ে থাকে।
পৃথিবীর সকল শিক্ষা কার্যক্রম শিক্ষক একা সম্পন্ন করতে পারে না। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে শিক্ষক সরাসরি শিশুদের সাথে কাজ করেন বা পাঠদানের মাধ্যমে বাস্তবায়ন করেন। কিন্তু শিক্ষকের শ্রেণিকক্ষে পাঠদানের উপযোগী করে গড়ে তোলা ও দৈনিক পাঠপরিকল্পনা অনুযায়ী পাঠদান সুন্দরভাবে হচ্ছে কিনা সেটার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ মনিটরিং করে থাকেন। প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ ও উপকরণ প্রস্তুতে প্রাক-প্রাথমিক শিক্ষককে সবচেয়ে বেশী অবদান রাখেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্লাস্টার অফিসার (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার) এবং মাঠ পর্যায়ের অন্যান্য অফিসার।
প্রাক-প্রাথমিক শিক্ষক বার্ষিক পাঠ পরিকল্পনার মাসভিত্তিক বিষয় থেকে দৈনিক পাঠপরিকল্পনা প্রণয়ন করে প্রধান শিক্ষক থেকে অনুমোদন করে পাঠ দিয়ে থাকেন। প্রাক-প্রাথমিক শিক্ষায় শিশুর পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার, সামাজিকতা ও যোগাযোগ, মিলেমিশে থাকতে পারা, আবেগ-অনুভূতি প্রকাশ করতে পারা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন ও উত্তম আচরণ শেখানো। চিহ্ন, সংকেত, অঙ্গভঙ্গি, ছবি ও চিত্রের মাধ্যমে ভাব প্রকাশ করতে পারা। রং, আকৃতি, গন্ধ ও স্বাদ সম্পর্কে জানা ও ব্যবহার করতে পারা। স্বরবর্ণ ও ব্যজ্ঞনবর্ণ চেনা ও লিখতে পারা। ১-২০ পর্যন্ত সংখ্যা চেনা ও লিখতে পারা। ইচ্ছেমতো খেলা, নির্দেশনার খেলা। আবহাওয়া ও ঋতু পরিবর্তন, নিকট পরিবেশ (প্রাকৃতিক ও সামাজিক) সম্পর্কে ধারণা, নিজ পরিবারে ব্যবহৃত বিজ্ঞান ও প্রযুক্তি সামগ্রীর ব্যবহার সম্পর্কে ধারণা, খাওয়া, বিশ্রাম, ঘুম, ক্ষতিকর বা বিপদ জনক বস্তু, স্বাস্থ্য সচেতনতা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে শেখানো হয়ে থাকে।
শিশুর শিখন অগ্রগতি মাসিক সভার মাধ্যমে মা/অভিভাবকদের অবহিত করা হয়। মাসিক সভায় সভাপতিত্ব করে থাকেন বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক/প্রধান শিক্ষক ও কিছুকিছু মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার। সভায় শ্রেণি শিক্ষক পাঠদান, শিশুদের অগ্রগতি, প্রতিবন্ধকতা (যদি থাকে), আগামী পরিকল্পনা ও প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় আলোচনা করে থাকেন।
প্রাক-প্রাথমিক শিক্ষক শিক্ষার্থীদের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য প্রস্তুত করতে নিয়মিত পাঠদানের পাশাপাশি শিশুর বছরব্যাপি শিখন অগ্রগতি ছক পূরণ করে বছর শেষে প্রাক-প্রাথমিক সমাপ্তি প্রত্যয়নপত্র প্রদান করে থাকেন। যোগ্যতা ভিত্তিক প্রাথমিক শিক্ষা অর্জন করাতে গেলে শিশুকে বিদ্যালয় মুখী ও আনন্দঘন পরিবেশে শিশুদের পড়ানোর জন্য প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করা হয়। শিক্ষক, অভিভাবক, মাঠপর্যায়ের সকল অফিসারের মনিটরিং এর মাধ্যমে এই শ্রেণি কার্যক্রম বাস্তবায়ন হয়ে থাকে। উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের ফলে সেটা অনেক ফলপ্রসূ হয়ে থাকে। অর্থাৎ স্বচ্ছতা ও জবাবদিহীতার ফলে প্রাক-প্রাথমিক শিক্ষা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন সম্ভব হচ্ছে।