বড় ভাই সরফরাজ খানের মতোই অদম্য গতিতে ছুটছিলেন মুশির খান। তবে ভারতের এই তরুণ সেন্সেশন গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ছিটকে পড়েছেন মাঠের বাইরে। বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজের দলে ডাক পাওয়া সরফরাজের ছোট ভাই মুশির সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে এসেছিলেন আলোচনায়। তবে এবার কানপুর থেকে লক্ষ্ণৌ যাওয়ার সময় দুর্ঘটনার কারণে খবরের শিরোনাম হয়ে জন্ম দিলেন উদ্বেগ-উৎকণ্ঠার। ১৯ বছর বয়সী মুশির দুলিপ ট্রফিতে ছিলেন দারুণ ফর্মে। রঞ্জি ট্রফিতে ফিফটি-সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন ডাবল সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হাঁকিয়েছিলেন জোড়া সেঞ্চুরি। বড় ভাই সরফরাজ অনেকটা অবহেলার শিকার হলেও মুশির দ্রুতই চলে আসেন প্রাদপ্রদীপের আলোয়। এমনকি ভারত ‘এ’ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তবে কানপুর থেকে লক্ষ্ণৌ যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়ে শান দেওয়া মুশিরকে তাই আপাতত ছিটকে যেতে হচ্ছে মাঠের বাইরে। তার আঘাত কতটা গুরুতর তা এখনও স্পষ্টভাবে জানা না গেলেও ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানি কাপ ও রঞ্জি ট্রফির প্রথম কয়েক রাউন্ডের খেলায় তাকে পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে মুশিরের আঘাত ঘাড়ে বলে জানানো হয়েছে। তাতে ৬ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। একে তো নিজের দুর্দান্ত ফর্ম, তার ওপর সরফরাজ খানের ছোট ভাই হওয়ার কারণে মুশিরকে নিয়ে আলোচনার কমতি নেই। ভারতের ক্রিকেটে মুশিরের ভাই সরফরাজ এক অনুপ্রেরণামূলক চরিত্র। অনেকেই ভেবে থাকেন, সরফরাজের সাথে অনেক অবিচার হয়েছে। তবে নিজেকে বারবার প্রমাণ করে শেষপর্যন্ত ভারতীয় দলে জায়গা করে নেন সরফরাজ। ২৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন, ৫ ইনিংসের মধ্যে ৩ ইনিংসেই হাঁকিয়েছেন অর্ধশতক। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই ও কানপুর টেস্টের দলেও ছিলেন তিনি। তবে একাদশের বিবেচনায় তাকে রাখেনি টিম ম্যানেজমেন্ট।