বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়েছিল দুই মদ্যপ ভারতীয় নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মদ্যপ ওই দুই যুবককে আটক করেছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সাতক্ষীরার ভোমরা আইসিপি থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের ঘোজাডাঙ্গা আইসিপি ও বাংলাদেশের ভোমরা আইসিপির গেইট ভেঙে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে দুই ভারতীয় নাগরিক। শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রথম প্রহর রাত ১২ টা ৩০ মিনিটের দিকে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ (ওঘউ-ডই২৫গ৪০৩৭) চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মোঃ জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল তাদেরকে নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃত চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়।
পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।
এ ব্যাপারে ২৮ সেপ্টেম্বর রাত ১টা ৩০মিনিটে বিজিবি’র ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফ গোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, বিএসএফের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভারতীয় নাগরিক পিকআপ যোগে ভোমরা স্থলবন্দরের জিরো পয়ন্টে ক্রসিং গেট ভেঙ্গে বাংলাদেশ প্রবেশ করে। এ সময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, ৩টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, ১টি মোটরসাইকেল ও ১টি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়। প্রতিউত্তরে ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার বলেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত স্পীডে গাড়ী চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩/৪টি ইজিবাইক ভেঙ্গে এবং গোজাডাঙ্গা আইসিপির ২টি গেট ভেঙ্গে ভোমরা স্থলবন্দরের দিকে আগমন করে। এ সময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহলদল তাদেরকে নিবৃত করতে ব্যর্থ হয়। এ ব্যাপারে তিনি বিজিবির নিকট দুঃখ প্রকাশ করেন। অবৈধ অনুপ্রবেশকারী উল্লিখিত ভারতীয় নাগরিকগণকে সাতক্ষীরা সদস্য থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা রয়েছে।