নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের কমিউিনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলা শ্রমিকদলের সদস্য জুয়েল জমাদ্দার বলেন, একটি তুচ্ছ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামিরা করা হয়েছে। মামলায় জেলা ছাত্রদলের সভাপতির ইন্ধন রয়েছে। এ ছাড়া বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বলেন, তিনি আর বিএনপির রাজনীতি করবেন না। এ ছাড়া শাহরিয়ার রিজভী জর্জের বিরুদ্ধেও নানা অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস বলেন, আমার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছেন। এ ছাড়া জুলফিকার আলী মন্ডল এবং শাহরিয়ার রিজভী জর্জ বলেন, আগামীতে জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হবে। এ নিয়ে দলের মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। দলে আমাদের অবস্থান ভালো হওয়ায় মান-সম্মান ও ভাবমূর্তি ক্ষুণœ করতে একটি পক্ষের ইন্ধনে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-নড়াইল পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম সরদার, তরিকুল জমাদ্দার, রেজওয়ানুল ইসলাম, আবির হোসেনসহ অনেকে।