ভারতের পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা টিপু সুলতান ওরফে টাইগার টিপু।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয়।
জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপু (৫২)। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে। অপর ব্যক্তি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মানরা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. মারজানুর রহমান (৪৮)। ছাড়া কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, তার নামে বিভিন্ন অপরাধে দুটি মামলা রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুজন ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবির একটি দল সীমান্ত পিলার ২০৭৮-এম থেকে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাকা সড়ক এলাকায় তাদের মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করা হয়েছে।