বিএনপি চেয়্যারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, মানুষের মনের মধ্যে দেশের বিচার বিভাগ নিয়ে সংশয় তৈরি করেছে আওয়ামী লীগ। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সহযোগিতা করব।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সেনবাগ কাদরা ইউনিয়নে বিএনপি প্রবাসী পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহযোগিতা দেয়ার পর তিনি বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, ‘দেশ লুট করে নিয়ে গেছে; দেশের অর্থনীতি এখন ভঙ্গুর; দেশের সব সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। মানুষের মনের মধ্যে দেশের বিচার বিভাগ নিয়ে সংশয় তৈরি করেছে আওয়ামী লীগ। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সহযোগিতা করব। এই সহযোগিতার মধ্যদিয়ে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। তাতে যে সব দল গত ১৬ বছর আন্দোলন করেছে তারা নির্বাচনে যাবে। আর সে ভোটের মধ্যদিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে।’
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘চক্রান্ত করে কোনো লাভ হবে না, হট্টগোল করে লাভ হবে না, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর পর এখন ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য সবাই দোয়া করুন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।