সাতক্ষীরায় জলাবদ্ধতা থেকে রেহাই পেতে সড়কের উপর বাঁশের সাঁকো তৈরি করে যাগায়াত করছে মানুষ। এ শহরের মানুষের কাছে জলাবদ্ধতা গা-সওয়া বিষয়। বছরের প্রায় ৯মাস জলাবদ্ধতার সাথে লড়াই করে বাঁচতে হয় পৌরবাসিকে। যে সড়কে চলার কথা ছিল ইজিবাইক, প্রাইভেট কার, মাইক্রো বাস, ব্যাটারি চালিত ভ্যান, সাইকেল, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন, সেই সড়কে চলছে ভেলা। পঁচা পানির কামড় থেকে রক্ষা পেতে গ্রামবাসি নির্মাণ করেছে দীর্ঘ বাঁশের সাঁকো। এ বাঁশের সাঁকো এক গ্রাম থেকে আরেক গ্রামকে যুক্ত করেছে সেতুবন্ধনে। সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দীপুর কলোনি এলাকায় গেলে দেখা মেলে দেশের দীর্ঘতম এ বাঁশের সাঁকোর। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ বাঁশের সাঁকোটি স্থানীয় মানুষের অর্থায়নে নির্মাণ করা হয়েছে। সাঁকোটি পৌরসভার বসতিপাড়া ও বদ্দীপুরের মানুষকে বেঁধেছে এক ও অভিন্ন বাঁধনে। এ সাঁকো দিয়ে চলাচল করেন দুই গ্রামের কয়েক হাজার মানুষ। মসজিদে নামাজ আদায় করতে মুসুল্লিরা ব্যবহার করেন এ সাঁকো। স্কুল-কলেজের শতশত শিক্ষার্থী ব্যবহার করেন সাঁকোটি। মহল্লার এ বাড়ি ও বাড়ি যাতায়াত করতে সাঁকোটি ব্যবহার করেন স্থানীয়রা। স্থানীয় বদ্দীপুর প্রাইমারি স্কুলের শিক্ষার্থী শিক্ষার্থী জারা সুলতানা জানায়, সাঁকোর উপর দিয়ে ভয়ে ভয়ে চলতে হয়। একবার অন্যমনস্ক হলেই পা পিছলে পড়তে হয় গলা সমান পঁচা পানির মধ্যে। তাই জুতা পায়ে না দিয়ে হাতে নিয়ে চলতে হয় সাঁকোর উপর দিয়ে। মায়ের সাথে যাওয়া-আসা করি। সাঁকোর উপর দিয়ে একা চলতে পারি না। শুধু জারা সুলতানা নয়, এ অবস্থা আরও শতশত শিশুর। সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের মোসাব্বির হোসেনের চার বছর বয়সী শিশু সন্তান আবদুর রহমান ভেলায় চড়ে বের হয়েছিল খাবার পানি সংগ্রহের জন্য। সে জানায়, পঁচা পানিতে আম্মুর পায়ে ঘাঁ হয়ে গেছে। এজন্য আগের মতো বাইরে বের হতে পারেনা। আব্বুও তো কাজ করতে যায়। এজন্য আমার সাথে কাউকে পাঠান খাবার পানি আনতে। ভেলা চালানোর দায়িত্বে থাকা সায়েম হোসেন নামের আরেক শিশু জানায়, এলাকায় খাওয়ার পানির অনেক কষ্ট। পানিতে সবকিছু ডুবে আছে। এজন্য ভয় আর আতঙ্কের মধ্যে প্রতিদিন ভেলাতে চড়ে পানি আনতে যেতে হয়। বস্তুত এ দৃশ্যটি শুধু কুলিনপাড়া এলাকার নয়, সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ এলাকার চিত্র এখন একই রক।
স্থানীয় সাকিব জামান জানান, বছরের ৯মাস পানির নিচে তলিয়ে থাকে তাদের এলাকা। বাকি তিনমাস কাটে ক্ষতি কাটিয়ে উঠার সংগ্রামে। এসবের ভিতরে বারবার জলাবদ্ধতার কবলে পড়তে হয় তাদের।স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত চিংড়ি ঘের ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিগত এক দশক ধরে মানবিক বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে সাতক্ষীরা পৌরবাসিকে। সরকারিভাবে করা হয়না কোন সহযোগিতা। এ নিয়ে মাথা ব্যথা নেই কারও। পৌরসভা সূত্রে জানা যায়, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত খুলনা বিভাগের প্রথম পৌরসভা সাতক্ষীরা। প্রায় ৩২ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভাটিতে বর্তমানে ৪ লাখেরও বেশি মানুষের বসবাস। ১৯৯৮ সালে সাতক্ষীরা পৌরসভাকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়া হয়। কিন্তু নামে প্রথম শ্রেণির হলেও সেবাদানে তৃতীয় শ্রেণির পৌরসভারও ধারে কাছে যেতে পারছে না পৌরসভাটি। পৌর এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা ও বিগত এক দশক ধরে চলতে থাকা জলাবদ্ধতা তার বড় প্রমাণ বলে দাবি এখানকার নাগরিকদের। সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার দেড় লাখ মানুষের বসবাস জলাবদ্ধ এলাকায়। শহরের ইটাগাছা, কামালনগর, মধুমল্লারডাঙ্গী, বকচরা, রইচপুর, কুকরালী, রাজারবাগান, বদ্দীপুর কলোনি, মধ্যকাটিয়া ও বাঁকাল এলাকাসহ অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে জলাবদ্ধতা। এর ফলে জলাবদ্ধতার শিকার হাজারো পরিবারের নারী, শিশু ও বয়স্করা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। পৌরসভার বিস্তীর্ণ এলাকাগুলো এডিস মশার প্রজনন ক্ষেত্র হিসেবে প্রতীয়মান হচ্ছে। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। পচাঁ দুর্গন্ধময় দূষিত পানিতে ছড়াচ্ছে চর্মরোগ। তারপরেও জীবনের প্রয়োজনে কেউ সাঁতরাচ্ছেন কেউবা ভেলায় চড়ে যাতায়াত করছেন। এরমধ্যে সাতক্ষীরা পৌরসভার বসতিপাড়া ও বদ্দীপুর কলোনির সংযোগ স্থলে বাঁশ দিয়ে তৈরী করে হয়েছে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যরে একটি সাঁকো। প্রতিদিন এই দুই গ্রামের হাজারও মানুষ ওই সাঁকো দিয়ে পারাপার হন। স্থানীয়দের দাবি এটা বাংলাদেশের সর্ববৃহৎ বাঁশের সাঁকো। যেটা স্থানীয়দের উদ্যোগে ১হাজারেরও অধিক বাঁশ ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। আর এ ক্ষেত্রে সরকারিভাবে কোন সহায়তা পাননি বলেও জানান তারা। বদ্দীপুর কলোনি এলাকার বাসিন্দা আমিনুর রহমান জানান, পৌরসভার বাসিন্দা হয়েও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা। স্কুল-কলেজপড়ুয়া ছেলেমেয়েদের দুর্ভোগের অন্ত নেই। গৃহস্থালি কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে মহিলাদের। এমনকি এক বাসা থেকে অন্য বাসায় যেতে ভেলার সাহায্য নিতে হয় অনেককে। এতে আমাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। এই যন্ত্রণা থেকে আমরা রক্ষা পেতে চাই। একই এলাকার গৃহবধূ রেহেনা খাতুন বলেন, বৃষ্টির পানিতে গোটা এলাকা ডুবে গেছে। ঘরবাড়ি থেকে বের হওয়ার মতো পরিস্থিতি নেই। অপরিকল্পিত মাছের ঘের ও ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিবছর আমরা পানিতে ডুবে গেলেও তার স্থায়ী কোনো সমাধান হয় না। তিনি আরও বলেন, বৃষ্টির পানি ঘরের ভেতরে আসে। আমরা যে ঘরে ঘুমাই, সেখানে হাঁটুপানি। রান্নাঘর এমনকি গোয়ালঘরও ডুবে গেছে। ঘরের ভেতরে সাপ ঢোকে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, ঘের ব্যবসায়িরা এত প্রভাবশালী, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই। যার কারণে এই সমস্যা পোহাতে হচ্ছে তাদের। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, জলাবদ্ধতা নিরসনকল্পে কাজ করে একটি সমন্বিত পরিকল্পনা। শুধু উপজেলা প্রশাসন দিয়ে এটা সম্ভব নয়। সম্প্রতি মধ্য কাটিয়া এলাকায় কিছু বাঁধ উচ্ছেদ করে দিয়েছে স্থানীয় জনগণ। ইতিবাচক যেকোনো পদক্ষেপের পক্ষে থাকবে উপজেলা প্রশাসন।