সাতক্ষীরার শ্যামনগরে মিজানুর রহমান সরদার (২২) নামে এক ডুবুরির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জনগণ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রাম সংলগ্ন বেলতলা নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি খুলনা সদরের ৫নং ঘাট এলাকায় দুলাল সরদারের ছেলে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাছুদুল আলম জানান, গাবুরায় চলমান মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহণের বলগেটের (পল্টন) কপোতাক্ষ নদীতে ডুবে যায়। সেটি উদ্ধারের জন্য খুলনা থেকে ওই ডুবুরীকে আনা হয়। এক পর্যায়ে মঙ্গলবার বেলা ২টার দিকে নদীতে কাজ করার সময় সে তলিয়ে যায়। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার সকালের দিকে নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু মেগা প্রকল্প কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে ওই ডুবুরির মরদেহ নিয়ে বাড়িতে চলে যায়।