মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস থেকে ৪২ রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।
সোমবার সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক উদ্ধারের জন্য তাদের একটি দল রহমতপুর বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থামানো হয়। তখন তল্লাশী চালিয়ে বাসের একটি আসনের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের মালিকের কোন সন্ধান না পেয়ে ব্যাগটি খুলে একটি বাক্সের মধ্য থেকে ৪২ রাউন্ড গুলি, একটি খালি ম্যাগজিন, কিছু কাপড়, দুইটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তাৎক্ষনিক বিষয়টি এয়ারপোর্ট থানার ওসিকে জানিয়ে তাদের কাছে উদ্ধার করা গুলি ও ম্যাগজিনসহ অন্যান্য মালামাল হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, ব্যাগের মধ্যে যে কাগজপত্র পাওয়া গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।