জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় দায়িত্বরত অতিরিক্ত মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে বার বার বলেছেন শেখ হাসিনা এবারো নির্বাচন নিরাপদ হতে দেবেনা।
এছাড়া জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনকে জিএম কাদের সবার আগে সমর্থন জানিয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা যেভাবে ছাত্র-জনতার বুকে গুলি করে মানুষ হত্যা করেছে তাই এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে জিএম কাদের ও শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাপার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর জাতীয় পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরচারকে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা এখনও দেখছি একটি মহল দেশে ষড়যন্ত্র করে চলছে। এ সময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হান্নান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম রহমান পারভেজ, জাপার জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, মহানগর যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলী খান, আকতার রহমান, মঞ্জুরুল ইসলাম খোকন, কামাল চৌধুরী, ফোরকান তালুকদার, নজরুল ইসলাম, যুব সংহতির মহানগর আহ্বায়ক নজরুল ইসলাম হেমায়েত, সদস্য সচিব আলামিন চিশতি, শ্রমিক পার্টির জেলা সভাপতি আবদুল মান্নান, মহানগর সভাপতি আবদুস সোবাহান, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মোসলেম ফরাজী, সদস্য সচিব গাজী আবদুর রহমান প্রমুখ।
সবশেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপণ্ডপরিচালক গৌতম বাড়ৈর মাধ্যমে জিএম কাদের ও শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।