শশুর বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে সর্বস্ত্র খুঁইয়েছেন সাংবাদিক মেহেদী হাসান। ছিনতাইকারীরা সাংবাদিককে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার কটকস্থল সাউদের খালপাড় সংলগ্ন মোল্লাবাড়ির সামনে। রোববার সকালে থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার বানিয়াশুরী গ্রামের বাড়ি থেকে কটকস্থল গ্রামের শশুড় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউদের খালপাড় সংলগ্ন মোল্লাবাড়ির সামনে পৌঁছলে কতিপয় যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তাকে (মেহেদী) ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সাথে থাকা ৫৭ হাজার পাঁচশ’ টাকা, ব্যবহৃত ঘড়ি, একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এসময় তার (মেহেদী) চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরও জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনারসাথে জড়িত নন্দনপট্টি গ্রামের আলামিন ফকির, কটকস্থল গ্রামের হৃদয় মোল্লা, তাফসির মোল্লা, বেজগাতি গ্রামের মাহাবুব ঘরামী ও শাওনের পরিচয় পাওয়া গেলেও তাদের সাথে অজ্ঞাতানামা আরো ৩/৪ জনের পরিচয় পাওয়া যায়নি।
লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।