বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের বাড়ীতে গেলেন গোপালগঞ্জে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা মৃহম্মাদ কারুজ্জামান কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে শহীদ রথিন বিশ্বাসের বাড়ীতে গিয়ে পৌঁছান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, শুয়াগ্রাম ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রথিন বিশ্বাসের বড় ভাই বিপ্লব বিশ্বাসের স্ত্রী মাধবী বাড়ৈ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী ও একজন সরল প্রকিতির মানুষ। একজন ননদ সেও প্রতিবন্ধী। দেবর রথিন বিশ্বাসের সহযোগিতায় আমাদের সংসার চলতো। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রথিন শহীদ হয়। এরপর থেকে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আমাদের যে কোন বিপদে-আপদে রথিনই ছিল একমাত্র ভরসা। রথিনকে আমরা সন্তানের মতো জানতাম। রথিনই ছিল আমাদের একমাত্র ভরসা। আমরা এখন কি ভাবে বাঁচবো? জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ৪ জনের তালিকা আমরা পেয়েছি। পর্যায়ক্রমে সকলের পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করছি। পরিবারের সদস্যদের সাথে কথা বলছি। তাদের কোন সমস্যা থাকলে সেগুলো জেনে ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট পাঠাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ শহীদ রথিন বিশ্বাসের বাড়িতে এসেছি। তার পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে। তিনি আরো বলেন শহীদ রথিন বিশ্বাসের ভাই ও বোনের জন্য দ্রুত প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করাসহ চিকিৎসার উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সকল ধরনের সরকারি সহযোগিতা প্রদান করা হবে। জানাগগেছে, রথিন বিশ্বাস উপজেলার শুয়াগ্রামের মৃত দানিয়েল বিশ্বাসের ছেলে।প্রতিবন্ধী ভাই বিপ্লব বিশ্বাস, ভাবি ও ছোট বোন প্রতিবন্ধি রুমা বিশ্বাসকে নিয়েই ছিল রথিন বিশ্বাসের সংসার। ঢাকার রাজাবাজার উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন রথিন বিশ্বাস। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদভবন এলাকায় রথিন বিশ্বাস আহত হয়। এরপর ন্যাশনাল নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে এদিনই তার মৃত হয়। পরদিন কঠোর গোপনীয়তার মধ্যে লাশ গ্রামের বাড়িতে এনে বাবা-মায়ের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। বিষয়টি বাড়ির বাহিরের লোকজন খুব একটা জানতো না। জেলা প্রশাসন থেকে তথ্য চাওয়ার পর এ ব্যাপারে জানতে পারে এলাকাবাসী।