জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নগরীর সদর রোডস্থ জামে বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর করে অপহরনের চেষ্ঠা চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অ্যাডভোকেট বাবলু জানান, বুধবার যোহরের নামাজ আদায় শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়ার পর সদর রোডের বাসিন্দা মৃত নাসির উদ্দিন ভুইয়ার ছেলে সাগর উদ্দিন মন্টি, আগরপুর রোডের বাসিন্দা শাকিব হোসেনসহ তাদের ৪/৫ জন সহযোগিরা অর্তকিতভাবে তার ওপর হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা নিজেদের বিএনপির লোক দাবি করে গত ৪ আগস্ট বরিশাল বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ এনে তাকে (বাবলু) টেনে হিচড়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মুসল্লীরা সম্মিলিতভাবে এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
হামলার শিকার অ্যাডভোকেট বাবলু আরও জানিয়েছেন, হামলার ঘটনা তিনি স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের অবহিত করার পর তারা সকলেই জানিয়েছে সাগর উদ্দিন মন্টি ও শাকিব হোসেন বিএনপির কেউ না। পরবর্তীতে বিএনপি নেতাদের পরামর্শে তিনি (বাবলু) কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।