বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমরা থাকতে চাই। কিন্তু তারা আমাদের লোকদের সঙ্গে অন্যায় অত্যাচার ও গুলি করে হত্যা করলে প্রতিবাদ করব।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় ঈদগাঁহ ময়দানে জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় দেশকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা খারাপ করেছে। ১৭ বছর কেউ ঠিকমতো ভোট দিতে পারেনি। সবাই যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার। আমরা এ সময়টুকু বর্তমান সরকারকে দিতে চাই। আমাদের দায়িত্ব তাদের সহযোগিতা করা।
তিনি বলেন, ‘পুলিশ যে খুব ভালো ছিল তা কিন্তু নয়। তারা খুবই ঝামেলা করেছে। এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান। মানুষের পাশে এসে দাঁড়ান।’
তিনি আরও বলেন, ‘জনগণের পাশে দাঁড়ান, আমাদের সংখ্যালঘু ভাইদের পাশে থেকে সাহস জোগান। সামনে তাদের দুর্গাপূজা। পূজা যাতে সুশৃঙ্খল ভালো করতে পারে। তাদের জমি জায়গা আত্মীয়-স্বজনের ওপর যাতে কোনো আঘাত না আসে। সেদিকে লক্ষ্য রাখুন। আমরা এখন মুক্ত। কিন্তু আমরা যাতে মুক্তভাবে চলাচল করতে পারি। আওয়ামী লীগের মতো অত্যাচার অনাচার শুরু করলে আমাদের দশা এমন হবে। আমরা যারা লড়াই সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি, তাদের প্রতি অনুরোধ আপনারা মানুষের কাছে যান। কথা শুনুন। কারো ওপর অত্যাচার জুলুম করবেন না।’